হোম > সারা দেশ > মাদারীপুর

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না’

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘যিনি (বিএনপি প্রার্থী) আমার ক্যান্ডিডেট ছিলেন, তিনি বক্তব্য দিয়ে বলেছেন, বিএনপিকে নিয়ে খোঁচাখুঁচি করবেন না! আরে আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না!’ গতকাল শুক্রবার বাহাদুরপুরে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন হানজালা। গতকাল রাতে তাঁর বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জানা গেছে, গতকাল শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানের কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ  উন্নয়ন  সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের মনোনীত স্থানীয় সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

৪ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে হানজালাকে বলতে শোনা গেছে, ‘এ দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন। এ দেশের সর্বস্তরের মানুষ আমাদের বিজয়ী করেছে। এ জন্য আমাদের জমা-খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এ রকম নয়। আমি গত কয়েক দিন যাবৎ ভালোমতো খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন, তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা কি এটা মনে করছেন না, আমি হানজালা নির্বাচিত হবার পর আমার একটা নেত্রীবৃন্দও কারও সাথে খারাপ ব্যবহার করেনি, আমার একটা নেতৃবৃন্দ হুমকি-ধামকি দেয় নাই! আমি হানজালা এমপি হবার আগে আমার কতটুকু পাওয়ার (শক্তি) ছিল এই শিবচরের মাটিতে তা আপনারা দেখেন নাই? তাহলে আপনারা কি মনে করছেন? আমি চুপ করে আছি। কারণ, আমি শান্তি চাই। আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালার চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনার চিন্তায় ভুল করেছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়।’ ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘যিনি (বিএনপি প্রার্থী) আমার ক্যান্ডিডেট ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। তাহলে আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে বারবার বলছি এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা-আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এ জন্য বলছি আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।’

এই সংসদ সদস্য তাঁর ভিডিও বক্তব্যে আরও বলেন, ‘আমার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো, কাউকে ঠিকমতো চলতে দিত না, বাড়ি ঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাক্‌স্বাধীনতা দিয়েছি। আমার নামে লেখালেখি (সামাজিক মাধ্যমে) করবেন, আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কেউ কলম ধরতে পারে নাই। আমি শিবচরের মানুষকে সেই বাক্‌স্বাধীনতা দিয়েছি...!’

জানতে চাইলে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আসলে শিবচরে আমি নির্বাচিত সংসদ সদস্য। আমার কোনো লোক এ পর্যন্ত কারও সাথে কোনোরূপ খারাপ আচরণ করেনি। এই সুযোগও আমি দেব না। সেখানে বিএনপির লোকজন আমার লোকজনকে হুমকি দেয়। আমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। এরই প্রেক্ষিতে আমি একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কথাটা বলেছি। মূলত, বিএনপি বলতে শিবচর বিএনপিকে বুঝিয়েছি। অনেকে আমার বক্তব্য কেটে কেটে সামাজিক মাধ্যমে ছেড়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি শিবচরে কোনো অন্যায় রাজনীতি হতে দেব না। সাধারণ মানুষ যেন ভালো থাকে, সেই চেষ্টাই করে যাব।’ তিনি আরও বলেন, ‘বিএনপি নেত্রী একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্যে আমাকে উদ্দেশ্য করে বলেছেন, আমি নাকি বিএনপি নিয়ে খোঁচাখুঁচি করি। তিনি বলেন বিএনপি নিয়ে খোঁচাখুঁচি করবেন না—আসলে ওই বক্তব্যের প্রতিবাদেই আমার বক্তব্য দেয়া। তবে এ দেশে বিএনপি থাকতে পারবে না বলতে দেশকে বুঝানো হয়নি, কথার প্রেক্ষিতে বলা হয়েছে।’

এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, ‘শিবচরের বর্তমান এমপি এবং তার পরিবার ৫ আগস্টের আগে আওয়ামী ফ্যাসিস্টদের সাথে ছিলেন। আসলে উনি যেটা চাচ্ছেন তা হলো শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটানো। শিবচরে যে শান্তিপূর্ণ ও শান্ত সামাজিক পরিবেশ রয়েছে তা উত্তপ্ত করার অভিপ্রায় হিসেবেই তিনি শিবচর বিএনপিকে নিয়ে এ মন্তব্য করেছেন বলে আমি মনে করি।’ শান্তিপূর্ণভাবে এ বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদও শিবচর উপজেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে সাইদ উদ্দিন আহমাদ হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে বিজয় হন। তিনি হাজি শরীয়ত উল্লাহ (রহ.)-এর সপ্তম পুরুষ।

‘অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে’

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগে উন্নয়ন হয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

ঈদের কেনাকাটা

বরিশালে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তৃণমূল নেতা-কর্মীরা

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

কক্সবাজার সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

পয়লা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড : উপদেষ্টা তিতুমীর

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ডোবায় মিলল নারীর খণ্ডিত লাশ

যশোরের এক মসজিদে ইতিকাফে দেশ-বিদেশের ১৭০০ মুসল্লি

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক