হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩৬ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, সাবেক ভূমিমন্ত্রী, তাঁর স্ত্রীসহ ৩৬ আসামির বিরুদ্ধে হওয়া মামলায় আজ বাদী দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণের সময় ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ২১ এপ্রিল ধার্য করেছেন আদালত।

২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী, তাঁর স্ত্রী ও ভাইসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সাবেক ভূমিমন্ত্রীর পারিবারিক মালিকানাধীন আরামিট গ্রুপের এক কর্মচারীকে নামসর্বস্ব প্রতিষ্ঠানের ভুয়া মালিক সাজিয়ে ইউসিবিএল ব্যাংক থেকে ঋণ অনুমোদন দিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও দেশের বাইরে পাচারের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে চলতি বছরের ৫ জানুয়ারি জাবেদ, তাঁর স্ত্রী, ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তদন্ত চলাকালে গ্রেপ্তার করা হয় সাত আসামিকে।

একই বছরের ৭ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত দুদকের এই অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগপত্রে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

জানা গেছে, অভিযোগপত্রে মামলার এজাহারনামীয় ৩১ আসামির মধ্যে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাঁদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়। এতে ২৯ জন আসামির সঙ্গে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আরও সাতজনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

‘ভাই’ বলায় চটলেন এসি ল্যান্ড

মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান

রাজধানীতে হত্যা মামলার আসামি ‘চাপাতি শাওন’ গ্রেপ্তার

ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ আসছে কাল

খুলনায় সন্ত্রাসী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে তেলবাহী লরিতে আগুন

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: পরওয়ার