জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ফুলতলা ও ডুমুরিয়া) আসনে পরাজিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জনগণ মনে করে, টেম্পারিং বা বিভিন্ন মেকানিজম করে আমাদের হারানো হয়েছে। পাশাপাশি নির্বাচনের পরের রাতেই গেজেট প্রকাশ করে জনগণের সে ধারণা আরও গভীর করে তুলেছে। তাই নির্বাচনের এ ফলাফলে আমাদের হতাশ হওয়ার কিছু নেই।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘আপনারা টেলিভিশনে দেখেছেন, সংবাদমাধ্যমে জেনেছেন, আমাদের আমিরে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনীয় ঐক্যের পক্ষ থেকে ইসিতে ৩২টি আসনের ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে।’
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনার ফুলতলার আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনোত্তর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন ছিল একটি জরুরি বিষয়। অন্তর্বর্তী সরকারের আন্তরিক সহযোগিতা ও দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আমাদের দল আসন কম পেলেও ভোটের পার্সেন্টেজে আলহামদুলিল্লাহ অনেক এগিয়েছে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘নির্বাচিত দল বিএনপি দুই শতাধিক আসন পেলেও ভোটের পার্সেন্টেজে (শতকরা হার) আমরা মাত্র ২ দশমিক ৭ শতাংশ পিছিয়ে। ফলে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে সত্য, কিন্তু নির্বাচনসংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং অনেক আগে থেকেই চলে আসছে আমাদের দেশে।’
ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ. আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক গোলাম কুদ্দুস ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
এরপর সকাল ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার শোলগাতিয়া মাদ্রাসায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখতার হোসাইনের সভাপতিত্বে ও বেলা ১১টায় আঠারোমাইলে মাওলানা মুখতার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক নির্বাচনোত্তর অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।
এসব অনুষ্ঠানে গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের দেশের একটা বাজে কালচার হলো নির্বাচনের পরে যারা পরাজিত হন, তাঁদের ওপর জুলুম-নির্যাতন করা। ভেবেছিলাম, অভ্যুত্থান-পরবর্তী সময়ে এই কালচার থেকে বেরিয়ে আসবে সবাই। কিন্তু আমরা দেখলাম, সারা দেশে আমাদের কর্মী, সমর্থকের ওপর হামলা, বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে নজর দেবেন এবং ঘটনার ইতি টানবেন। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা এখনো থেমে যাননি।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘গতকাল (শনিবার) রাতেও মশিয়ালীতে আমাদের কর্মীর বাড়িতে আগুন দিয়েছে, ডুমুরিয়ায় কিছু ঘটনার সংবাদ আমাদের কাছে এসেছে। আমরা সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। তবে পরিস্থিতি যদি বন্ধ না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। তাই আমার দলের নেতা-কর্মীদের শান্ত ও ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধারণের আহ্বান জানাই। আশা করি, শিগগির এ সমস্যা দূর হবে ইনশা আল্লাহ।’
ভোট পুনর্গণনার প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, ‘যেকোনো কাজের একটা সিস্টেম আছে। আমাদের নির্বাচনী প্রধান এজেন্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন দিয়েছেন। ডিসি মহোদয় ভোট গণনা করে দিলেই তো সবার জন্য ভালো হয়। কিন্তু আইনের কিছু বিষয় রয়েছে।’