হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধ মাটি কাটা নিয়ে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৮

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহসাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), পাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯) ও নাহিন (২০)। এ ছাড়া ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০) নামের আরও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বৃন্দাবনহাট বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে অবৈধ মাটি কাটা নিয়ে একটি সমঝোতা বৈঠক হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।

আহত ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ বলেন, মাটি কাটা নিয়ে আমাদের মধ্যে একটি বৈঠক হয়। বিএনপির পার্টি অফিসে মীমাংসা করে দেওয়ার জন্য আমাদের ডাকা হয়েছিল। সেখানে তারা হকিস্টিক দিয়ে আমাদের ওপর হামলা করে। এতে ছাত্রদলের চার-পাঁচজন আহত হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ছেলেগুলো (আহত ছাত্রদলের সদস্যরা) মাদকের সঙ্গে জড়িত। আমরা তাদের এসব অনৈতিক কাজে জড়িত না হওয়ার জন্য নিষেধ করেছি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করে। অবৈধ মাটি কাটার কাজেও তারা জড়িত।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী বলেন, পাইন্দংয়ে অনেক অবৈধ মাটি কাটা হচ্ছে। তারা উভয় পক্ষই মাটি কাটার কাজে জড়িত। আজকে একটি সমঝোতার বৈঠক ছিল। সেখানে কী কারণে ঘটনা ঘটেছে, আমার জানা নেই।

ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনউদ্দিন চৌধুরী বলেন, অবৈধ কর্মকাণ্ড নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করার কোনো সুযোগ নেই। ঘটনার কথা শুনেছি। বিষয়টি দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, এ বিষয়ে আমরা কিছুই শুনিনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবানের থানচি: সাঙ্গুর পাথর অবাধে লুট

ভোলার চরফ্যাশন: সেচের টানে খাবার পানিশূন্য নলকূপ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: এলিভেটেডের কাজে ঈদে দুর্ভোগের শঙ্কা

আসামি জামিনে বেরিয়ে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি

ফিলিং স্টেশনে তেল কিনতে যাওয়া যুবককে পিটিয়ে হত্যা

পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

বিএনপি-জামায়াত হাতাহাতির মধ্যে মুয়াজ্জিনের মৃত্যু, মহাসড়ক অবরোধ

জাবি প্রাক্তন ছাত্রদল ফোরামের ইফতার মাহফিল

খুলনায় অস্ত্রসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবি শিক্ষার্থীসহ দুজন থানা হেফাজতে