হোম > সারা দেশ > পটুয়াখালী

লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলার ডুবে ২ শ্রমিকের মৃত্যু, লঞ্চের রুট পারমিট স্থগিত

পটুয়াখালী ও বাউফল প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারটিতে থাকা দুই শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ট্রলারে ধাক্কা দেওয়ার ঘটনায় এমভি প্রিন্স আওলাদ-৭ নামের লঞ্চটির রুট পারমিট স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বুধবার বিআইডব্লিউটিএ এই সিদ্ধান্ত নিয়েছে।

নদীতে ডুবে মারা যাওয়া শ্রমিকেরা হলেন রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। তাঁদের মধ্যে রেজাউল রাঙাবালী উপজেলার চরলাটসাহেব গ্রামের ওয়াজেদ হাওলাদারের ছেলে এবং নাছির একই উপজেলার চরবিষ্টন গ্রামের আব্দুল ফকিরের ছেলে। তাঁরা দুজনই ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পটুয়াখালীর রাঙাবালী এলাকা থেকে ট্রলারে তরমুজ বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দেন শ্রমিকেরা। পথে এমভি আওলাদ-৭ নামের লঞ্চটি ভোররাত ৪টার দিকে বামনিকাঠী এলাকায় ওই ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারায় সেখানেই তাঁদের মৃত্যু হয়। তাঁদের সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক পরিদর্শক তুষার কান্তি বণিক বলেন, পটুয়াখালীতে আসার পথে এমভি আওলাদ-৭ লঞ্চটি তরমুজবোঝাই একটি ট্রলারে ধাক্কা দেওয়ায় সেটি ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। বিষয়টি ঢাকার প্রধান কার্যালয়ে জানালে কর্তৃপক্ষ লঞ্চটির রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করে।

তুষার কান্তি বণিক আরও বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চটি চলাচল করতে পারবে না। তবে ওই লঞ্চে যাঁরা আগাম কেবিন বুকিং দিয়েছেন, ভোগান্তি দূর করতে তাঁদের অন্য লঞ্চে বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

বউভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, কনের বোনসহ আহত ১৫

ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ

পদ্মায় বাসডুবিতে দুই নারীর মরদেহ উদ্ধার, সাঁতরে তীরে উঠেছেন ৪৫ যাত্রীর ১১ জন

শুধু আর্থিক নয়, প্রতিটি কাজে সর্বোচ্চ সৎ থাকতে হবে: নবনিযুক্ত সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন

স্বাধীনতা দিবস উপলক্ষে কাল ঢাকায় যেসব সড়ক বন্ধ থাকবে

দেশ স্বাধীন করেছি আমরা, স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক

ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে বাস: অধিকাংশ যাত্রী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

চোর ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫

নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিলের ওসিকে শোকজ, খুলে দেওয়ার নির্দেশ

গুঁড়িয়ে দেওয়া আ.লীগ অফিসে মালিকানার সাইনবোর্ড