রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রণাঙ্গন কি এবার ইউরোপের সীমানা ছাড়িয়ে ভূমধ্যসাগরেও বিস্তৃত হচ্ছে? লিবিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বেনগাজিতে রাশিয়ার আধুনিক যুদ্ধজাহাজ ‘মেরকুরি’তে ইউক্রেনের নৌ–ড্রোন হামলা সেই প্রশ্ন সামনে এনেছে। কৃষ্ণসাগর, বাল্টিক সাগর পেরিয়ে ভূমধ্যসাগরে রাশিয়ার সামরিক ও সরবরাহব্যবস্থায় আঘাত হানার মধ্য দিয়ে কিয়েভ কার্যত যুদ্ধের ভৌগোলিক পরিসর বাড়ানোর কৌশল নিচ্ছে। এর লক্ষ্য শুধু রুশ যুদ্ধজাহাজ ধ্বংস করা নয়, বরং ইউরোপের বাইরে মস্কোর সামরিক অবস্থান, জ্বালানি বাণিজ্য ও সরবরাহব্যবস্থাকে দুর্বল করে দেওয়া।
২৩ নভেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সাতটি ইউক্রেনীয় নৌ-ড্রোনের হামলায় রাশিয়ার করভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবে গেছে। একই অভিযানে জাহাজটির কেএ-২৭ সামরিক হেলিকপ্টার ধ্বংস এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত রুশ জাহাজ ‘এমভি আঙ্গারা’তে আঘাত হানা হয়েছে। ২০২৩ সালে কমিশন পাওয়া মেরকুরি ছিল রাশিয়ার আধুনিক যুদ্ধজাহাজগুলোর একটি। স্যাটেলাইট চিত্রেও জাহাজটিকে উল্টে ডুবে যেতে দেখা যায়। তবে লিবিয়ার স্থানীয় কর্মকর্তারা জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন; ইউক্রেনের দাবি অনুযায়ী সম্পূর্ণ ডুবে যাওয়ার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ বলেছে, কৃষ্ণসাগরের বাইরেও রাশিয়ার সামরিক নৌবহর ও সরবরাহব্যবস্থার জন্য নিরাপদ কোনো পথ নেই। এই বক্তব্যের মধ্যেই কিয়েভের নতুন সামুদ্রিক কৌশলের ইঙ্গিত রয়েছে।
২০২৫ সালের আগস্ট থেকে ইউক্রেনের দায় স্বীকার করা অথবা ইউক্রেনের হামলা বলে সন্দেহ করা হয়েছে, এমন অন্তত ১১টি জাহাজের ঘটনা বিশ্লেষণ করলে চার ধরনের লক্ষ্যবস্তু দেখা যায়। প্রথমত, সরাসরি যুদ্ধজাহাজ। বেনগাজিতে মেরকুরি ডুবিয়ে দেওয়ার ঘটনা এর সর্বশেষ উদাহরণ। দ্বিতীয়ত, সামরিক সরঞ্জাম ও রসদ পরিবহনকারী জাহাজ। বেনগাজিতে আঙ্গারার পাশাপাশি ফিনল্যান্ড উপসাগরে কালিনিনগ্রাদগামী রুশ জাহাজ ‘স্পার্টা-২’ হামলার শিকার হয়েছে।
তৃতীয়ত, সামরিক মালামাল বহনকারী বাণিজ্যিক জাহাজ। ২০২৫ সালের আগস্টে কাস্পিয়ান সাগর দিয়ে চলাচলকারী ‘পোর্ট ওলিয়া-৪’ জাহাজে হামলা চালিয়ে ইউক্রেন দাবি করে, এতে ইরানের শাহেদ ড্রোনের যন্ত্রাংশ ও গোলাবারুদ ছিল। সেপ্টেম্বরে ক্রিট ও লিবিয়ার মধ্যবর্তী এলাকায় রুশ পণ্যবাহী জাহাজ ‘লেডি মারিয়া’ হামলার শিকার হয় বলে খবর প্রকাশিত হয়।
চতুর্থত, রাশিয়ার জ্বালানি পরিবহনব্যবস্থা। কৃষ্ণসাগরে ‘কাইরোস’, ‘ভিরাট’ ও ‘দাশান’ এবং ভূমধ্যসাগরে ‘কেন্দিল’ নামের ট্যাংকার হামলার শিকার হয়েছে। এ ছাড়া এলএনজি পরিবহনকারী ‘আর্কটিক মেটাগাজ’ এবং সেনেগালের উপকূলের কাছে ‘মেরসিন’ জাহাজের বিরুদ্ধে ইউক্রেনের সংশ্লিষ্ট অভিযান চালানোর সন্দেহ রয়েছে। তবে এই তালিকা ইউক্রেনের সব সফল অভিযানের পূর্ণাঙ্গ হিসাব নয়।
এখানে সামরিক পরিবহনকারী জাহাজ এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর তেলবাহী ট্যাংকারের মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমটির লক্ষ্য সামরিক সরবরাহ ব্যাহত করা, দ্বিতীয়টির লক্ষ্য রাশিয়ার জ্বালানি বাণিজ্যে আঘাত হানা।
ইউক্রেনের এই অভিযানকে ‘লং-রেঞ্জ স্যাংশনস’ বা দূরপাল্লার নিষেধাজ্ঞা হিসেবে দেখা হচ্ছে। এর উদ্দেশ্য হলো সামরিক শক্তি ব্যবহার করে রাশিয়ার যুদ্ধজাহাজ, অস্ত্র সরবরাহ এবং নিষেধাজ্ঞা এড়িয়ে পরিচালিত জ্বালানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা।
কিয়েভের কৌশল সরাসরি বড় নৌযুদ্ধে রাশিয়াকে পরাজিত করা নয়। বরং ধারাবাহিক হামলার মাধ্যমে যুদ্ধজাহাজ ধ্বংস, সামরিক সরবরাহে বিঘ্ন সৃষ্টি এবং রাশিয়াকে বিভিন্ন সমুদ্রপথে অতিরিক্ত প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনে বাধ্য করা। এতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর পাশাপাশি বিদেশি সামরিক অবস্থান রক্ষায় মস্কোর ব্যয় বাড়বে।
এই কৌশল বাস্তবায়নে ইউক্রেনকে নিয়মিত ড্রোন, গোলাবারুদ, জ্বালানি ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজন গোয়েন্দা তথ্য, অভিযান পরিচালনার উপযুক্ত অবস্থানে প্রবেশাধিকার এবং সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক সম্মতিও।
২০২৬ সালের অক্টোবরের শেষ দিকে কৃষ্ণসাগরে ৫৭০ টির বেশি জাহাজ হামলার শিকার হওয়ার এবং অন্তত ৪০ জন নাবিক নিহত হওয়ার তথ্য সামনে আসে। একই সময়ে হরমুজ প্রণালিতে নিহত নাবিকের সংখ্যা ছিল ২৪। রাশিয়ার হামলায় ইউক্রেনের শস্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তাও ঝুঁকিতে পড়েছে। ফলে সমুদ্রপথে ইউক্রেনের প্রতিরোধ সামরিক প্রয়োজনের পাশাপাশি অর্থনৈতিক টিকে থাকার লড়াইও।
রাশিয়ার ২০২২ সালের সামুদ্রিক কৌশলে বাল্টিক, কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরকে তার আটলান্টিক আঞ্চলিক সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। ২০১৫ সালে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের পর থেকে ইউক্রেন ও সিরিয়ায় রাশিয়ার সামরিক তৎপরতাও বিভিন্নভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। কিয়েভ এখন সেই বহুমুখী ভৌগোলিক চাপের কৌশল মস্কোর বিরুদ্ধেই প্রয়োগ করছে।
সিরিয়ার তারতুস বন্দরের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় লিবিয়ার তবরুক ও বেনগাজি রাশিয়ার সম্ভাব্য বিকল্প সামরিক অবস্থান হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বন্দরে সামরিক পরিবহন ও পাহারাদার জাহাজে হামলা হলে রাশিয়ার সরবরাহব্যবস্থা ব্যাহত হবে এবং বিদেশি ঘাঁটি রক্ষার ব্যয় বাড়বে।
লিবিয়া আবার রাশিয়ার আফ্রিকা কর্পস ও ওয়াগনার-সংশ্লিষ্ট নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। অন্তত ১২টি জাহাজের বিরুদ্ধে আফ্রিকায় সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ রয়েছে। এসব জাহাজের কয়েকটি কালিনিনগ্রাদ থেকে লিবিয়ায় যাতায়াত করত। এই সংযোগ বিচ্ছিন্ন করা গেলে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখাও কঠিন হতে পারে।
ইউক্রেনের নিজস্ব নিরাপত্তাস্বার্থও এখানে জড়িত। বাখমুতের যুদ্ধে ওয়াগনার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাহিনীর প্রয়াত প্রধান ইয়েভগেনি প্রিগোজিন সেখানে প্রায় ২০ হাজার যোদ্ধা হারানোর কথা স্বীকার করেছিলেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাসংক্রান্ত নথিতে অবৈধ স্বর্ণ বাণিজ্যের অর্থ ইউক্রেন ও আফ্রিকায় রাশিয়ার অভিযান পরিচালনায় ব্যবহারের তথ্য রয়েছে। তাই কিয়েভের কাছে এই নেটওয়ার্ক দুর্বল করা জাতীয় নিরাপত্তার অংশ।
ইউক্রেনের সামুদ্রিক সক্ষমতার বড় ভিত্তি নৌ-ড্রোন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা হুর পরিচালিত ‘মাগুরা ভি–৫’ ড্রোনের পাল্লা ৮০০ কিলোমিটার এবং বহনক্ষমতা ৩২০ কেজি। হুরের দাবি, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছয়টি ভি–৫ ড্রোনের হামলায় রুশ ক্ষেপণাস্ত্রবাহী নৌযান ‘ইভানোভেৎস’ ডুবে যায়। আরও উন্নত ভি–৭ মডেল ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং এটি দিয়ে রাশিয়ার সুখোই সু-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করার খবরও রয়েছে।
এসব প্রযুক্তি বড় নৌবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন যুদ্ধজাহাজকে শুধু দৃশ্যমান শত্রু নয়, দিগন্তের আড়াল থেকে আসা এবং পানির নিচে থাকা হুমকির বিরুদ্ধেও প্রস্তুত থাকতে হচ্ছে। তবে বেনগাজির হামলায় কোন মডেলের ড্রোন ব্যবহৃত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এ ধরনের অভিযান পরিচালনায় শুধু প্রযুক্তি যথেষ্ট নয়। প্রয়োজন গোয়েন্দা তথ্য, রসদ সরবরাহ, বিদেশি অবস্থানে প্রবেশাধিকার এবং স্থায়ী প্রাতিষ্ঠানিক সক্ষমতা। ইউক্রেন স্থল, সমুদ্র, আকাশ, মহাকাশ, তথ্য, ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার সক্ষমতার সমন্বয়ে যে হাইব্রিড প্রতিরক্ষা গড়ে তুলেছে, বেনগাজির অভিযান তারই একটি উদাহরণ।
রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল ক্রিমিয়াকে কেন্দ্র করে। ২০১৪ সালে উপদ্বীপটি দখলের পর ইউক্রেন তার প্রচলিত নৌবাহিনীর বড় অংশ হারায়। এখন ক্রিমিয়া আবারও যুদ্ধের অন্যতম প্রধান কৌশলগত কেন্দ্র। তুরস্কের সিনোপ থেকে ক্রিমিয়ার দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার, আর বেনগাজি থেকে ১ হাজার ৮০০ কিলোমিটারের বেশি। একসময় এই দূরত্ব রাশিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা দিলেও ইউক্রেনের দূরপাল্লার অভিযান সেই ধারণা বদলে দিচ্ছে।
এই যুদ্ধকৌশল ইরান ও হুতিদের জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা তৈরি করছে। হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় কম ব্যয়ের চালকবিহীন নৌযান কীভাবে বড় হুমকি হয়ে উঠতে পারে, ইউক্রেনের অভিযান তার উদাহরণ।
তবে বেনগাজির একটি সফল হামলা দিয়ে দীর্ঘস্থায়ী সামরিক অভিযান নিশ্চিত হয় না। ইউক্রেনকে প্রমাণ করতে হবে, তারা ধারাবাহিকভাবে রাশিয়ার যুদ্ধজাহাজ, সরবরাহব্যবস্থা ও বিদেশি সামরিক অবস্থানে চাপ বজায় রাখতে পারে।
ফলে, ইউক্রেনের লক্ষ্য সরাসরি ইউরোপের যুদ্ধকে ভূমধ্যসাগরে স্থানান্তর করা নয়; বরং রাশিয়ার বৈশ্বিক সামরিক ও অর্থনৈতিক উপস্থিতিকে যুদ্ধের অংশ করে তোলা। দুর্বল নৌবাহিনী হয়েও দূর সমুদ্রে আঘাত হানার এই সক্ষমতা রাশিয়াকে প্রতিরক্ষায় বিপুল অর্থ ও সম্পদ ব্যয় করতে বাধ্য করতে পারে। আধুনিক নৌযুদ্ধে তাই শুধু কার কত বড় নৌবহর রয়েছে, সেটিই গুরুত্বপূর্ণ নয়; বরং কে কত দূরে আঘাত হানতে পারে এবং সেই আঘাত ঠেকাতে প্রতিপক্ষকে কতটা মূল্য দিতে হয়, সেটিই হয়ে উঠছে শক্তির নতুন হিসাব।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর