হোম > বিশ্লেষণ

হরমুজে ভারত, চীন, কাতার ও ইরাককে ছাড় দিচ্ছে ইরান—নেপথ্যে কী

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আল জাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ভারত, চীন, ইরাক ও কাতারকে বিশেষ ছাড় দিয়েছে ইরান।

শুক্রবার (৬ নভেম্বর) আল জাজিরা জানায়, গত মঙ্গলবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভারত, চীন, ইরাক ও কাতারের নাম উল্লেখ করে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) বলেন, এই দেশগুলোর জাহাজ অবাধে চলাচল করছে। যুক্তরাষ্ট্রও সেগুলোতে বাধা দিচ্ছে না।

তবে বিশ্লেষকেরা বলছেন, এই সিদ্ধান্তের পেছনে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ থাকলেও রয়েছে কূটনৈতিক ঝুঁকি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। পরে জুলাইয়ে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

ইরানি আইনপ্রণেতার ভাষ্য অনুযায়ী, ভারত থেকে ওষুধ ও চীনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার বিনিময়ে দেশ দুটিকে চলাচলের সুযোগ দিচ্ছে তেহরান। তবে ভারত ও চীনের জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় করছে ইরান। কাতারের জাহাজকে কোনো শুল্ক দিতে হচ্ছে না। ইরাকের ক্ষেত্রে কোনো ফি নেওয়া হচ্ছে কি না, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।

বিশ্লেষক রুজবেহ পারসি বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে পণ্যবিনিময় ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাণিজ্য ইরানের কাছে নতুন কিছু নয়। তবে বর্তমান পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও প্রয়োজনীয় পণ্য ও সেবা আদান-প্রদানের পথ তৈরি করাই তেহরানের মূল লক্ষ্য।

অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে ও নিরাপত্তা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাইয়ের মতে, এই উদ্যোগ সফল হলে ইরান উল্লেখযোগ্য রাজস্ব আয় করতে পারে। কারণ, চীন ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই কেনে চীন।

অন্যদিকে, হরমুজ প্রণালির ওপর উল্লিখিত চার দেশেরই জ্বালানি-বাণিজ্য ব্যাপকভাবে নির্ভরশীল। গত অক্টোবর মাসে উপসাগরীয় অঞ্চল থেকে প্রণালিটি দিয়ে প্রতিদিন গড়ে ১ কোটি ২৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়েছে। এর মধ্যে প্রায় ৪২ শতাংশ গেছে চীনে ও ১৩ শতাংশ ভারতে।

ভারতের জন্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া বড় ধরনের ক্ষতি। একই সঙ্গে দেশটি ইরানের প্রয়োজনীয় ওষুধের একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী। কাতারও ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কারণ, দেশটির জ্বালানি রপ্তানি ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ প্রতিবেশী।

তবে এই ছাড় পুরোপুরি নতুন নয়। যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই ইরান বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিতে শুরু করে। এপ্রিলে ইরানের সামরিক কমান্ড ইরাককে ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ উল্লেখ করে ছাড় দেওয়ার ঘোষণা দেয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইরানের এই উদ্যোগ মেনে নিলে তাদের অবরোধ কার্যকর রাখা কঠিন হতে পারে। তবে জাহাজের জাতীয়তা বলতে সেটির পতাকা, মালিকানা নাকি পরিচালনাকারী প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে, তা এখনো পরিষ্কার নয়।

তেলের বাজারে আপাতত এই সিদ্ধান্তের প্রভাব সীমিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুদ্ধ আবার তীব্র হলে ছাড় পাওয়া জাহাজও ঝুঁকিতে পড়তে পারে। গত ৩০ অক্টোবর উপসাগরীয় অঞ্চলে কাতারের এলএনজিবাহী জাহাজ ‘আল মায়েদা’ অজ্ঞাত বস্তুতে আঘাতপ্রাপ্ত হয়। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ও যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলটিতে ১২০টির বেশি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

হরমুজে ভারত-চীন-ইরাক ও কাতারের জাহাজকে কেন ছাড় দিয়েছে ইরান

ইসরায়েলে রেজিম চেঞ্জ: ফিলিস্তিন নীতির পরিবর্তন, নাকি দখলদারত্বের নতুন কৌশল

ট্রাম্পের সঙ্গে মাখামাখি করা প্রযুক্তি বিলিয়নিয়াররা এখন কী করবেন

ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে বদল: দিল্লির খুশি হওয়ার সুযোগ আছে কি

হরমুজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গেরিলা রণকৌশলে ইরান

নির্বাচনে জয়ের পর ডেমোক্র্যাটরা কি এবার ইরান যুদ্ধ বন্ধ করতে পারবেন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে যুদ্ধের প্রভাব—জন-অসন্তোষ বাড়ছে ইরানেও

রিপাবলিকানদের বিপর্যয়: ইরান যুদ্ধ, ট্রাম্পের ভবিষ্যৎ ও মার্কিন রাজনীতিতে এর প্রভাব

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের কারণ কী, ট্রাম্পের দায় কতটা

ইসরায়েল ইস্যুতে নির্বাচনী চাপ, মার্কিন পররাষ্ট্রনীতিতে ঐতিহাসিক বাঁক