হোম > ল–র–ব–য–হ

সন্তানেরা দূরে, ‘নাতি-নাতনি’ ভাড়া নিচ্ছেন ভারতের প্রবীণেরা

আজকের পত্রিকা ডেস্ক­

নাতির সঙ্গে ভ্যালেন্টাইন ডে উদযাপন করছেন এক প্রবীণ নারী। ছবি: আল-জাজিরা।

দুই কন্যা থাকেন যুক্তরাষ্ট্রে। স্ত্রীকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুরগাঁওয়ে থাকেন এস বুধিরাজা। কোথাও বের হলে তাঁদের সঙ্গী হন এক তরুণ। নাম তাঁর রনি রাজু। ২৬ বছর বয়সী এই তরুণ বুধিরাজা দম্পতির ভাড়া করা ‘নাতি’।

ভাড়া করা ‘নাতি-নাতনি’ ধারণাটি ধীরে ধীরে বাড়ছে ভারতের বিভিন্ন শহরে। এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানেরো সংখ্যাও বেড়ে চলেছে। যে প্রবীণেরা একা থাকেন, তাঁদের দেখাশোনা ও সঙ্গ দেওয়া এই প্রতিষ্ঠানগুলোর কর্মীদের কাজ। তাঁরা প্রবীণদের মন্দিরে নিয়ে যান, হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করার সময় পাশে বসে থাকেন, তাস খেলেন কিংবা তাঁদের কথা শোনেন।

কোনো কোনো প্রতিষ্ঠান এ ধরনের কর্মীদের পরিচয় দিচ্ছে ‘ভাড়ায় নাতি-নাতনি’ হিসেবে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে প্রবীণের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের যৌথভাবে প্রকাশিত ‘ইন্ডিয়া এজিং রিপোর্ট ২০২৩’ অনুযায়ী, ২০২২ সালে ভারতের মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। ২০৫০ সাল নাগাদ এ হার প্রায় দ্বিগুণ হয়ে ২১ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

এর অর্থ, ২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ প্রবীণ মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হবে। সংখ্যাটি বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান।

এই সম্ভাবনাকে কাজে লাগাতে এগিয়ে আসছে ভারতের বেশ কয়েকটি স্টার্টআপ বা নতুন উদ্যোগ। দেশটির সরকারের হিসাব অনুযায়ী, প্রবীণদের সেবাসংশ্লিষ্ট শিল্পের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি ডলার।

সামাজিক কাজে স্নাতকোত্তর ডিগ্রিধারী রনি রাজু গুরগাঁওয়ে এমনই একটি প্রতিষ্ঠানে কাজ করেন। কয়েক মাস ধরে তিনি বুধিরাজা দম্পতির দেখাশোনা করছেন। আশি পেরোনো বুধিরাজা বলেন, ‘প্রথম থেকেই ওর সঙ্গে আমার স্বাচ্ছন্দ্যবোধ তৈরি হয়েছে। আমার মনে হয়, সে আমাকে ২০০ পার্সেন্টেরও বেশি বোঝে।’

রাজুও এই সম্পর্কের বিষয়ে একই রকম অনুভূতির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে তিনি আমার পরিবারেরই একজন।’ তাঁর ভাষায়, বুধিরাজা দম্পতি তাঁকে নিজেদের আরেক সন্তান হিসেবে দেখেন। তাঁদের কাছে তিনি কেবল সেবা দেওয়ার একজন সঙ্গী নন, তার চেয়েও অনেক বেশি কিছু।

ভাড়া করা নাতির সঙ্গে নিয়ে মন্দিরে এক প্রবীণ নারী। ছবি: আল-জাজিরা

গত কয়েক মাসে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়েছে। অস্ত্রোপচারের জন্য বুধিরাজা হাসপাতালে ভর্তি হলে রাজু চিকিৎসক ও ওষুধপত্রের খোঁজখবর রাখেন। এমনকি নিজের কর্মঘণ্টা শেষ হওয়ার পরও ফোন করে তাঁদের খোঁজ নেন।

অনেক গ্রাহক সেবা দেওয়া কর্মীদের নিজেদের নাতি-নাতনির মতোই দেখতে শুরু করেন বলে জানান রাজুর প্রতিষ্ঠানটির মালিক গৌরব মিত্তাল।

মিত্তালের প্রতিষ্ঠান মাসে ১০ ঘণ্টা সেবা নেওয়ার ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ৪৫০ রুপি (৫৯৬ টাকা) এবং ২৫ ঘণ্টা সেবা নেওয়ার ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ৪০০ রুপি (৫২৯ টাকা) নেয়। মুঠোফোনের রিচার্জের মতো অব্যবহৃত ঘণ্টাগুলো পরবর্তী মাসের জন্য জমা থাকে।

ভারতে মাথাপিছু গড় বার্ষিক আয় প্রায় ২ লাখ ২০ হাজার রুপি। সেই বিবেচনায় মিত্তালের এই সেবা মূলত শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারের একটি ক্ষুদ্র অংশের জন্য।

মিত্তাল জানান, নিজের পরিবার থেকেই তাঁর এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার ধারণা আসে। চার বছর আগে তাঁর বাবা মারা যাওয়ার পর মাকে নিজের সঙ্গে রাখার জন্য তাঁদের আদি বাড়ি ছেড়ে শহরে নিয়ে আসতে হয়। তাঁর মা ছিলেন মিশুক স্বভাবের এবং নিজের খরচ চালানোর মতো অর্থও ছিল। কিন্তু কোথাও যেতে হলে পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো।

মিত্তাল বলেন, ‘জ্যেষ্ঠ নাগরিকদের সমাজের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে বিবেচনা করে পৃথিবীকে সাজানো হয়নি।’

তবে এ ধরনের স্টার্টআপের ধারণা একেবারে নতুন নয়। ২০১৭ সালের একটি প্রতিবেদনে প্রবীণদের জন্য তরুণ সঙ্গী সরবরাহ করে, এমন অন্তত পাঁচটি স্টার্টআপের কথা উল্লেখ করা হয়েছিল। ২০২২ সালে প্রয়াত রতন টাটা তাঁর টাটা গ্রুপের পক্ষ থেকে মুম্বাইভিত্তিক একটি স্টার্টআপের প্রচারে যুক্ত হয়েছিলেন। প্রতিষ্ঠানটির স্লোগান ছিল, ‘নাতি-নাতনিরা যা যা করে, সবকিছুই!’

এসব প্রতিষ্ঠানে কাজ করা সঙ্গীদের প্রবীণদের দায়িত্ব দেওয়ার আগে পুলিশি যাচাই করা হয়। একা দায়িত্ব পালনের আগে তাঁদের সাধারণত জ্যেষ্ঠ কোনো কর্মীর সঙ্গে প্রবীণদের বাড়িতে গিয়ে কাজ শেখার সুযোগ দেওয়া হয়। কর্মীদের মনোবিজ্ঞান, সমাজকর্ম কিংবা আতিথেয়তা ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হয়।

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদভিত্তিক একটি প্রতিষ্ঠানে সঙ্গী হিসেবে কাজ করেন বিনয় কুমার। আল-জাজিরাকে তিনি বলেন, ‘আমরা শুধু কাজ করিয়ে নেওয়ার জন্য থাকি না, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি। তাঁদের পাশে থাকি এবং তাঁদের সঙ্গে মানসম্মত সময় কাটাই, যাতে তাঁরা কাছের মানুষদের অভাব কম অনুভব করেন। হয়তো তবুও তাঁদের অভাব অনুভূত হয়, কিন্তু আমরা চেষ্টা করি।’

ভারতে বাড়ছে নিঃসঙ্গ প্রবীণ মানুষের সংখ্যা

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪৬ সাল নাগাদ ভারতে প্রবীণ মানুষের সংখ্যা শিশুদের ছাড়িয়ে যাবে। আর এই প্রবীণদের অনেকেই নিঃসঙ্গতায় ভুগছেন।

২০২২ সালে ভারতে ৭২ হাজারের বেশি মানুষের ওপর একটি জাতীয় জরিপ চালানো হয়। ‘লংজিটিউডিনাল এজিং স্টাডি’ নামের ওই গবেষণায় দেখা যায়, মধ্যবয়সী ও বয়স্ক মানুষের ২০ দশমিক ৫ শতাংশ মাঝারি মাত্রার নিঃসঙ্গতার কথা জানিয়েছেন। আর ১৩ দশমিক ৩ শতাংশ তাঁদের নিঃসঙ্গতাকে তীব্র বলে উল্লেখ করেছেন।

গবেষণায় আরও দেখা গেছে, একা বসবাসকারী ৬০ বছরের বেশি বয়সী মানুষের এক-তৃতীয়াংশেরও বেশি, অর্থাৎ ৩৭ শতাংশ নিঃসঙ্গ বোধ করেন।

বিশ্বজুড়েও নিঃসঙ্গতা একটি বড় সমস্যা হয়ে উঠছে। ২০২৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, প্রতি ছয়জন মানুষের একজন নিঃসঙ্গতায় ভোগেন। আর এ নিঃসঙ্গতার সঙ্গে বছরে প্রায় ৮ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যুর সম্পর্ক রয়েছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত বেঙ্গালুরুভিত্তিক একটি স্টার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তোষ আব্রাহাম বলেন, প্রবীণদের সন্তানেরা সাধারণত চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি কিংবা বাজারসদাই করার মতো বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকেন। কিন্তু তাঁদের মা-বাবার উদ্বেগের জায়গা বেশির ভাগ ক্ষেত্রে আলাদা।

আব্রাহাম তাঁর এক গ্রাহকের কথা স্মরণ করে বলেন, ওই প্রবীণ ব্যক্তি তাঁকে বলেছিলেন, ‘আমি নিঃসঙ্গ। কথা বলার মতো কেউ নেই। পরিবারের জন্য এবং সমাজের জন্য এত কিছু করেছি, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই।’

আব্রাহাম জানান, গ্রাহকদের কাছ থেকে সবচেয়ে বেশি যে অনুরোধটি আসে, তা তাঁরা সরাসরি কখনো বলেন না। তিনি বলেন, ‘কোনো প্রবীণ ফোন করে বলেন, তাঁর শরীর খারাপ লাগছে। একজন কেয়ার ম্যানেজার তাঁর কাছে গিয়ে দেখেন, আসলে কোনো সমস্যা নেই। এরপর তাঁকে এক ঘণ্টা বসে কথা বলতে বলা হয়। তাঁরা আসলে শুধু একজন সঙ্গী চান।’

বিনয় কুমার বলেন, ‘একা বসবাসকারী অধিকাংশ প্রবীণই খুব নিঃসঙ্গ। তাঁরা এমন কাউকে চান, যাঁর সঙ্গে তাস কিংবা ঘরের ভেতরের বিভিন্ন খেলা খেলতে পারবেন। কেউ সিনেমা দেখতে যেতে চান, কেউ মন্দিরে, পার্কে কিংবা স্থানীয় কোনো অনুষ্ঠানে যেতে চান।’

আব্রাহাম জানান, কোনো কোনো প্রবীণ নিজের কাছের মানুষের চেয়ে অপরিচিত কারও কাছে মনের কথা সহজে বলতে পারেন। আল-জাজিরাকে তিনি বলেন, ‘একজন সঙ্গীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে অতীতের কোনো দায় বা জটিলতা থাকে না।’

তবে যাঁরা এই পেশায় কাজ করছেন, তাঁদের জন্য চাকরি আর ব্যক্তিগত সম্পর্কের মধ্যকার সীমারেখা খুব দ্রুত অস্পষ্ট হয়ে যায়। রনি রাজু বলেন, বুধিরাজা দম্পতির কাছে যাওয়া তাঁর কাছে অফিসের কাজের চেয়েও কঠিন। তাঁর ভাষায়, ‘আবেগের সম্পর্ক তৈরি করা কখনো সহজ নয়। আর প্রতিবারই বিষয়টি আলাদা।’

হায়দরাবাদের বিনয় কুমারও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, তাঁর গ্রাহকেরা প্রায়ই নিজেদের শারীরিক সমস্যার কথা তাঁকে বলেন। অথচ অন্য শহরে কিংবা বিদেশে থাকা সন্তানদের কাছে এসব সমস্যা গোপন রাখেন, যাতে তাঁরা দুশ্চিন্তা না করেন।

একজন গ্রাহকের কথা স্মরণ করে কুমার জানান, ওই ব্যক্তি প্রথম দিকে ইংরেজি কিংবা হিন্দি না জানার কারণে তাঁর মুখের ওপর দরজা বন্ধ করে দিতেন। কিন্তু পরে সেই ব্যক্তিই তাঁর গাড়ি চালানো শেখার খরচ বহন করেন এবং অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় তাঁকে ‘ঈশ্বরের দেওয়া ছেলে’ বলে উল্লেখ করতেন। ২০২৩ সালে ওই ব্যক্তি মারা গেলে তাঁর ছেলে কুমারকে বাবার শেষকৃত্যে তাঁর সঙ্গে অংশ নেওয়ার অনুরোধ জানান।

একবার নিজের ১২ দিনের বিয়ের ছুটিও কমিয়ে দিয়েছিলেন কুমার। কারণ, তাঁর একজন গ্রাহক বারবার ফোন করে তাঁকে আসতে বলছিলেন। কুমার বলেন, ‘আমি সত্যিই এই প্রবীণ মানুষগুলোকে নিজের মা-বাবা ও দাদা-দাদি-নানা-নানির মতো মনে করি।’

তবে এ পেশার দায়িত্ব ও সীমাবদ্ধতা নিয়ে সতর্ক থাকার কথাও বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। হায়দরাবাদভিত্তিক যে প্রতিষ্ঠানে বিনয় কুমার কাজ করেন, সেটির প্রতিষ্ঠাতা প্রশান্ত রেড্ডি বলেন, সঙ্গীদের অবশ্যই পেশাগত সীমারেখা বুঝতে হবে।

তিনি আরও বলেন, ‘সঙ্গীদের কাজ হলো সহায়তা দেওয়া, চিকিৎসক কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের জায়গা নেওয়া নয়।’

আব্রাহামও এ বিষয়ে একমত। তিনি বলেন, নতুন সঙ্গীদের প্রশিক্ষণের সময় একটি গুরুত্বপূর্ণ নিয়মের ওপর জোর দেন তিনি। সেটি হলো, ‘কম কথা বলুন, বেশি শুনুন।’

যেসব প্রবীণ এসব প্রতিষ্ঠানের সেবা নেন, তাঁদের সন্তানেরা বলছেন, সেবার জন্য অর্থ পরিশোধ করার ফলে প্রতিবেশী কিংবা আত্মীয়স্বজনের কাছে সাহায্য চাওয়ার অস্বস্তি থাকে না।

যুক্তরাষ্ট্রে বসবাসরত সফটওয়্যার পেশাজীবী বিনয় কে গত পাঁচ বছর ধরে তাঁর বৃদ্ধ মায়ের জন্য একজন সঙ্গী নিয়োগ করেছেন। তিনি বলেন, ‘আপনি যখন কোনো সেবার জন্য অর্থ পরিশোধ করেন, তখন কাউকে অনুগ্রহ করার অনুরোধ জানাচ্ছেন, এমনটা মনে করার প্রয়োজন হয় না।’

নয়াদিল্লির কাছাকাছি জিন্দাল ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক শিল্পা বন্দ্যোপাধ্যায় আল-জাজিরাকে বলেন, প্রবীণদের জন্য সঙ্গী নিয়োগ করাকে তাঁদের পরিবারের ব্যর্থতার প্রমাণ হিসেবে দেখা উচিত নয়।

তিনি আরও বলেন, ভারতে পরিবারকেন্দ্রিক সমাজব্যবস্থার মধ্যে প্রবীণদের পেশাদার সেবার চাহিদা বাড়তে থাকায় আরও কিছু কঠিন প্রশ্ন সামনে আসছে। আমরা কি প্রবীণ পরিবারের সদস্যদের জন্য সঙ্গ পাওয়ার প্রয়োজনীয়তাকে একটি বৈধ ও দীর্ঘমেয়াদি চাহিদা হিসেবে স্বীকৃতি দিচ্ছি? নাকি প্রবীণদের যত্ন নেওয়া বলতে মূলত খাবার, আশ্রয়, চিকিৎসাসেবা ও শারীরিক সহায়তাকেই বুঝি?’

তিনি প্রবীণদের জীবনযাপনের জন্য আরও ভারসাম্যপূর্ণ একটি ব্যবস্থার পক্ষে মত দেন। তাঁর মতে, এ ব্যবস্থায় পরিবার, সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, সবার ব্যবহারের উপযোগী উন্মুক্ত স্থান এবং সাশ্রয়ী পেশাদার সেবার সমন্বয় থাকতে হবে। একই সঙ্গে প্রচলিত পারিবারিক কাঠামোকে অতিরিক্ত আদর্শায়িত করা কিংবা নতুন ধরনের সম্পর্ক ও ব্যবস্থাকে খাটো করে দেখাও উচিত নয়।

শিল্পা আরও বলেন, ‘দিন শেষে প্রশ্নটা এই নয় যে একজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কে বসবাস করছেন। বরং প্রশ্ন হলো, ওই প্রবীণ ব্যক্তি নিজেকে কতটা দৃশ্যমান, শ্রুত, নিরাপদ, মূল্যায়িত এবং অর্থপূর্ণ সামাজিক সম্পর্কের সঙ্গে যুক্ত বলে অনুভব করছেন।’

বুধিরাজাকে প্রশ্ন করা হয়েছিল, আগামীকাল যদি রাজু কাজে না আসেন, তাহলে তাঁর কেমন লাগবে? জবাবে বুধিরাজা বলেন, ‘কেন আসতে পারেনি, তা জেনে আমি নিশ্চিত করব, সে যেন আসে। আমার তাঁকে প্রয়োজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনও বাড়তে থাকে।’

বিয়ে না হলে টাকা ফেরত, হুলুস্থুল ফেলেছে চীনা ডেটিং অ্যাপ

ঘুমিয়ে মিলল ১২ লাখ ৬৫ হাজার টাকা, ফ্রিতে ছুটি কাটানোর সুযোগ

মধুর সংকটে মার্শাল আর্টে বিশ্বসেরা, সঙ্গী জুটছে না চীনা চ্যাম্পিয়ন ঝাংয়ের

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ায় চাকরি গেল ইতালীয় শেফের

প্রথম জন্মদিনের দুই দিন আগে গলায় বেলুন আটকে প্রাণ গেল বেবি ডনের

৪৮ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট, তৃষ্ণা মেটান কী দিয়ে

চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

স্বামীর আয়ু বৃদ্ধির ধর্মীয় আচারে স্ত্রীর অস্বীকৃতি, থানায় ‘হত্যা চক্রান্তের’ অভিযোগ এক ব্যক্তির

দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, মাটি খুঁড়ে মিলল কোটি-কোটি টাকা

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক