হোম > প্রযুক্তি

গাড়ির দরজার অদৃশ্য হাতলে নিষেধাজ্ঞা চীনের, টার্গেট কি টেসলা

আজকের পত্রিকা ডেস্ক­

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের ইভি টেসলা। ছবি: শপ ফর টেসলা

বৈদ্যুতিক গাড়ির (ইভি) অদৃশ্য হাতলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। নিরাপত্তা ও দুর্ঘটনার অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এই নীতি বৈশ্বিক গাড়ির নকশাতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট কোনো নকশা বৈশিষ্ট্য সরাসরি নিষিদ্ধ করার ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম নীতি। ইভির নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা নজরদারির প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে চীন।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি) নতুন বিধিমালায় বলা হয়েছে, যাত্রীবাহী গাড়ির প্রতিটি দরজায় ভেতরে ও বাইরে যান্ত্রিকভাবে চালু করা যায় এমন রিলিজ হ্যান্ডেল থাকতে হবে। সে অনুযায়ী বলা যায়, আধুনিক ইভিতে প্রচলিত অদৃশ্য বা পুরোপুরি ইলেকট্রনিকভাবে চালিত হাতলের অনুমোদন আর থাকছে না।

গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘বাইরের দরজার হাতল ব্যবহারে অসুবিধা এবং দুর্ঘটনার পর সেগুলো খুলতে না পারার সমস্যা’ বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে হাতলগুলো কীভাবে কাজ করবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশিকাও জারি করেছে সংস্থাটি।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই নতুন বিধি কার্যকর হবে। যেসব গাড়ি ইতিমধ্যে বিক্রির অনুমোদন পেয়েছে, সেগুলোকে ২০২৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

গাড়ির এই নকশার পরিবর্তন বর্তমান বৈশ্বিক ট্রেন্ডের ঠিক বিপরীত। মূলত মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা গাড়ির এরোডাইনামিকস এবং রেঞ্জ বাড়ানোর লক্ষ্যে এই ফ্লাশ-ফিটিং বা বডির সাথে মিশে থাকা হ্যান্ডেলের জনপ্রিয়তা বাড়িয়েছিল। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে চীনে সর্বাধিক বিক্রীত ১০০টি নতুন জ্বালানিচালিত গাড়ির প্রায় ৬০ শতাংশেই অদৃশ্য হাতল।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় দুর্ঘটনার পর এই সিদ্ধান্ত নিল নিয়ন্ত্রক সংস্থাগুলো। এসব দুর্ঘটনায় দেখা গেছে, সংঘর্ষ বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ইলেকট্রনিক হ্যান্ডেলগুলো কাজ না করায় উদ্ধারকারীরা দরজা খুলতে হিমশিম খেয়েছেন। গত বছর এমনই এক ঘটনায় একটি শাওমি এসইউ-৭ (Xiaomi SU7) ইলেকট্রিক সেডান দুর্ঘটনার কবলে পড়লে দরজা খুলতে না পারায় ভেতরে আটকা পড়েন চালক। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়।

নিয়ন্ত্রকদের ভাষ্য, মূল লক্ষ্য হলো জরুরি অবস্থায় গাড়িতে প্রবেশের পথ সহজ করা এবং বিদ্যুৎ বিভ্রাটে দরজা আটকে যাওয়ার কারণে সৃষ্ট জীবনহানির ঝুঁকি কমানো। নতুন নিয়মে দরজার হাতল ধরার নূন্যতম জায়গা এবং ভেতর থেকে যাত্রীরা কীভাবে ম্যানুয়ালি দরজা খুলবেন তার নির্দেশক চিহ্নের আকারও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

চীনের এই পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। তাদের মডেল এস, মডেল ৩ এবং মডেল ওয়াই—সবগুলোতেই বিদ্যুৎনির্ভর ফ্লাশ ডোর হ্যান্ডেল ব্যবহার করা হয়। সেখানে যান্ত্রিক রিলিজ মূলত ব্যাকআপ হিসেবে রাখা। আগুন লাগা বা বিদ্যুৎ চলে যাওয়ার পর দুর্ঘটনায় দরজা খুলতে সমস্যা হওয়ায় এই নকশা নিয়ে বিভিন্ন দেশে প্রশ্ন উঠেছে।

গত সেপ্টেম্বর মাসেই টেসলা জানিয়েছিল, জরুরি পরিস্থিতিতে দরজা খোলার পদ্ধতি নতুন করে নকশা করা হবে। কয়েকটি দুর্ঘটনায় যাত্রীরা গাড়ির ভেতরে আটকে পড়ে গুরুতর আহত হন, এমনকি কারও কারও মৃত্যু হয়—এমন প্রতিবেদনের পরই এই সিদ্ধান্ত আসে।

ব্লুমবার্গের এক তদন্তে দেখা গেছে, টেসলার ডোর হ্যান্ডেল সমস্যার কারণে অন্তত ১৪০টি ঘটনায় মানুষ গাড়ির ভেতরে আটকা পড়েছিল, যার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে গুরুতর আঘাত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নিরাপত্তা সংস্থাগুলোও দীর্ঘ সময় ধরে টেসলার এই নকশা এবং জরুরি অবস্থায় ম্যানুয়াল রিলিজ পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে আসছিল। যুক্তরাষ্ট্রে সংঘর্ষের পর দরজা খোলার সুবিধা নিয়ে টেসলার বিরুদ্ধে একাধিক নিরাপত্তা অভিযোগ উঠেছে। ফেডারেল নিয়ন্ত্রকেরা আগে পরীক্ষা করে দেখেছেন, গাড়ির বিদ্যুৎ চলে গেলে উদ্ধারকর্মী ও যাত্রীরা আদৌ নির্ভরযোগ্যভাবে দরজা খুলতে পারেন কি না। ইউরোপের নিরাপত্তা সংস্থাগুলোও উচ্চচাপের পরিস্থিতিতে হাতে চালিত রিলিজ কতটা স্বতঃস্ফূর্ত ও সহজবোধ্য, তা নিয়ে প্রশ্ন তুলেছে।

যেহেতু চীন টেসলার অন্যতম বৃহত্তম বাজার এবং রপ্তানি হাব, তাই চীনের এই নতুন মানদণ্ড অনুযায়ী নকশায় পরিবর্তন আনলে তা সম্ভবত টেসলার বৈশ্বিক উৎপাদনের ওপরও প্রভাব ফেলবে।

চীনের অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইতিমধ্যেই পুনরায় ঐতিহ্যবাহী হাতলের ডিজাইনে ফিরে যেতে শুরু করেছে। তবে বিদেশি ব্র্যান্ডগুলো এখনো এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি।

ইউরোপে প্রথম ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল স্পেন

থার্ড পার্টি মোবাইল ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক বন্ধ করল ইউটিউব

সতর্কতা সত্ত্বেও নগ্ন ছবি তৈরি করছে মাস্কের গ্রোক এআই

ইমো আনল ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার

মোল্টবুক: যে সামাজিক যোগাযোগমাধ্যম শুধু এআই বটদের

হাতের মুঠোয় ভবিষ্যৎ, সচেতনতাই যখন সুরক্ষা

কম দামে অ্যান্ড্রয়েড টিভি কেনার আগে জেনে নিন

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন

লবণের দানার চেয়ে ছোট রোবট

অনলাইন গেম খেলার সতর্কতা