এক দশকের বেশি সময় ধরে স্মার্টফোন আমাদের যোগাযোগ, কাজ এবং বিনোদনের ধরন বদলে দিয়েছে ধীরে ধীরে। কিন্তু গত বছর থেকে মোবাইল ফোন নির্মাতাদের মধ্যে একটি ক্রমবর্ধমান প্রবণতা দেখা যাচ্ছে। সেটি হলো, কিছু ডিভাইস ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নয়, বরং স্মার্টফোনের ব্যবহার সম্পূর্ণরূপে প্রতিস্থাপন কিংবা কমানোর জন্য ডিজাইন করা। স্মার্টফোন আসক্তি ঠেকাতে এগুলো অ্যান্টি-স্মার্টফোন নামে বাজারে আসছে।
লাইট ফোন
মোবাইল ফোন আসক্তি কমাতে লাইট ফোন কার্যকরী হতে পারে। এই ডিভাইসে দেওয়া হয়েছে একেবারেই ন্যূনতম ফিচার। যতটা কম ব্যবহার করা সম্ভব, তাই করা যাবে এই মোবাইল ফোনে। দৈনন্দিন প্রয়োজনের জন্য শুধু দরকারি ফিচার নিয়ে লাইট কোম্পানির মোবাইল ফোন লাইট থ্রি উন্মুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। মূলত মোবাইল আসক্তি কমানোর ক্যাম্পেইন চালু করে এই হ্যান্ডসেট বাজারে ছাড়া হয়েছে।
২০১৫ সাল থেকে চালু হওয়া ক্যাম্পেইনে তারা লাইট ফোন ওয়ান ও টু নামে দুটি ডিভাইস চালু করেছিল। লাইট ফোন থ্রি-তে আছে কল সুবিধা, অ্যালার্ম, ক্যালেন্ডার, মিউজিক, ডিরেকশন ও নোটস ফিচার। স্মার্টফোনের মতো দেখতে এই মোবাইল ফোনে আছে প্রায় ৪ ইঞ্চির ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ফোর জেন টু প্রসেসর। খুবই ছোটখাটো গড়নের এই হ্যান্ডসেট স্মার্টফোন আসক্তি কমিয়ে আনবে বলে আশা প্রকাশ করছে লাইট কোম্পানি।
দ্য ফোন প্লাস
কোনো ধরনের ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ছাড়া তৈরি হয়েছে দ্য ফোন প্লাস। সোশ্যাল মিডিয়া আসক্তি ঠেকাতে এবং ছোটদের জন্য এই স্মার্টফোন। ফোনটি দেখতে অন্য সাধারণ স্মার্টফোনের মতোই। টাচস্ক্রিন, বাটন, প্রায় সাড়ে ৫ ইঞ্চির ডিসপ্লে আছে এই ফোনে। তবে এর বিশেষত্ব, এতে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়া চালানো যাবে না। তবে কল করা যাবে। মেসেজ করা যাবে। এতে ক্যামেরা, মিউজিক ও লোকেশন সার্ভিস নেই। যারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত ও স্মার্টফোনে বেশি সময় কাটায়, তাদের জন্য এই ফোন কার্যকরী হতে পারে। তা ছাড়া অতি বয়স্কদের জন্যও দরকারি হতে পারে এটি। দ্য ফোন প্লাস নামের এই স্মার্টফোনের নির্মাতাপ্রতিষ্ঠান বলছে, তারা শিশুদের জন্য নিরাপদ ফোন এবং তাদের জন্য অনুপযুক্ত মাধ্যম থেকে দূরে রাখতে মিশন হাতে নিয়েছে।
মুডিটা কমপ্যাক্ট
স্মার্টফোনে স্ক্রিন আসক্তি কমানোর আরেক ডিভাইস মুডিটা কমপ্যাক্ট। অ্যান্টি-স্মার্টফোন নামে পরিচিত একটি নতুন ধরনের ডিভাইস ই-ইঙ্ক স্ক্রিনযুক্ত মিনিমালিস্ট কিংবা সাধারণ স্মার্টফোন। এটি বিভ্রান্তি কমিয়ে মনোযোগ বাড়াতে ডিজাইন করা হয়েছে। টেক প্রতিষ্ঠান মুডিটার তৈরি সরল ডিজাইনের এই ফোন সোশ্যাল মিডিয়া ফিড, বিজ্ঞাপন ট্র্যাকার অথবা অপ্রয়োজনীয় অ্যাপ ছাড়া শুধু প্রয়োজনীয় স্মার্টফোন ফিচার দিয়ে তৈরি। স্মার্টফোনের বিপরীতে ক্রমাগত স্ক্রিন টাইমকে নিরুৎসাহিত করতে এই ফোনসেট ডিজাইন করা হয়েছে। এটি কল, বার্তা, নেভিগেশন ও মিউজিকের মতো প্রয়োজনীয় ফিচারের সঙ্গে একটি পরিষ্কার ইন্টারফেস ব্যবহার করে। তবে আসক্তি তৈরি করা অ্যাপগুলোর সাধারণ ইকোসিস্টেম এড়িয়ে চলে।
মুডিটা কমপ্যাক্টের স্ক্রিনে পাওয়া যাবে কাগজের বই পড়ার মতো অভিজ্ঞতা। ই-বুক রিডার হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। এতে অফলাইন মোড নামে একটি ফিচার আছে, যেটি দিয়ে স্মার্টফোনের সব সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা যায়। চার ইঞ্চির ই-ইঙ্ক নামক টাচ স্ক্রিনযুক্ত মোবাইল ফোনটি কোয়াডকোর প্রসেসর দিয়ে চলে। আছে তিন জিবি র্যাম ও ৩২ জিবি রম।