হোম > খেলা > ফুটবল

জাতীয় সংগীতের সময় কেন কাঁদলেন মেসি

ক্রীড়া ডেস্ক    

জাতীয় সংগীতের সময় কাঁদলেন লিওনেল মেসি। ছবি: এএফপি

বিদায়ী ম্যাচ বলে কথা। লিওনেল মেসি তাই একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। চোখের পানি ধরে রাখাও তাঁর পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজানোর সময় তারকা ফুটবলার ছিলেন নীরব।

বাংলাদেশ সময় আজ সকালে হয়েছে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। মনুমেন্তালে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়ে মেসি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। ম্যাচ শুরুর আগে বেনিনের জাতীয় সংগীত বাজানোর পর পরিবেশন করা হয় আর্জেন্টিনার জাতীয় সংগীত। ফাবিও সান্তানা গেয়েছেন আর্জেন্টিনার জাতীয় সংগীত। তবে মেসি জাতীয় সংগীতের সময় চুপ করে ছিলেন। তাঁর দুচোখ বেয়ে ঝরতে থাকে পানি।

ফকল্যান্ডস যুদ্ধে অংশ নেওয়া সাবেক যোদ্ধা ফাবিও সান্তানা আজ আর্জেন্টিনার জাতীয় সংগীত গাওয়ার সময় সেই ঐতিহাসিক পতাকার পাশে দাঁড়িয়ে ছিলেন। বিদায়ী ম্যাচে মেসি তাঁর আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এ কারণেই স্বাভাবিকভাবে জাতীয় সংগীতে কণ্ঠ মেলাতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত আবেগের কাছে হেরে গিয়ে কেঁদেই ফেলেন মেসি।

মেসির এই আবেগঘন মুহূর্তের সঙ্গী ছিল তাঁর তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো। আর্জেন্টিনার সমর্থকদের সামনে এই বিদায়ী ম্যাচে মাঠে নামার সময় তারাও সেখানে উপস্থিত ছিল। যে ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের ব্যানার আজ আর্জেন্টিনা-বেনিন ম্যাচে রাখা হয়েছিল, সেটা এর আগেও রাখা হয়েছিল। আটলান্টায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের সময় ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা সংবলিত ব্যানার রেখেছিলেন। তখন মেসির সতীর্থ জিওভান্নি লো সেলসো ব্যানারটি দেখিয়েছিলেন।

লিওনেল স্কালোনিও আজ মেসির বিদায়ী ম্যাচের কারণে আবেগপ্রবণ হয়ে পড়েন। আর্জেন্টিনার জাতীয় সংগীতের সময় কোচের ডান গাল বেয়ে ঝরতে থাকে পানি। বেনিনকে ৩-০ গোলে হারানোর পর মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে আর্জেন্টিনার কোচ আবেগপ্রবণ হয়ে পড়েন।

বিদায়ী ম্যাচে দলের তিনটি গোলেই অবদান রেখেছেন মেসি। নিকো পাস, নিকোলাস ওতামেন্দিকে দিয়ে গোল করিয়েছেন। ৭১ মিনিটে পেনাল্টি থেকে করেন গোল। তাঁর বিদায়ী ভাষণ লিওনেল স্কালোনিসহ মনুমেন্তালের দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। এনসো ফের্নান্দেসসহ কয়েক জন ফুটবলারের চোখে দেখা গেছে অশ্রু। আতশবাজি আর মেসিকে ঘিরে নাচানাচিতে হয়ে গেল তাঁর বিদায়। মেসির মতো ওতামেন্দিও আজ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন।