আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
রবিবারের অনুশীলনে প্রথমে ৪-৪-২ ফরমেশনে দল সাজান স্কালোনি। ওই সেটআপে ডিফেন্সে ছিলেন গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্টিনেস। পরে পরিবর্তন এনে ফাকুন্দো মেদিনাকে বাম দিকের ফুলব্যাকে ব্যবহার করা হয়। প্রতিপক্ষের ধরন বিবেচনায় এই ফরমেশনই শুরুর পরিকল্পনায় থাকতে পারে বলে ধারণা করা হলেও রক্ষণের বিষয়ে এখনো দোটানায় আছেন স্কালোনি—প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। ডান দিকের ফুলব্যাকে নাউয়েল মলিনার সুযোগ থাকলেও মন্তিয়েলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবচেয়ে বড় অনিশ্চয়তা কেন্দ্রীয় রক্ষণভাগে। তিনজন ডিফেন্ডার মূলত দুইটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনকি পরিস্থিতি অনুযায়ী তিনজনকেই একসঙ্গে খেলানোর চিন্তাও রয়েছে, যেখানে মার্টিনেসকে বাম দিকের রক্ষণেও দেখা যেতে পারেন। এদিকে চোটের কারণে নিকোলাস তালিয়াফিকো আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত।
অনুশীলনে স্কালোনি ৩-৫-২ ফরমেশনও পরীক্ষা করেছেন। সেখানে ডান উইং-ব্যাকে জুলিয়ানো সিমিওনে এবং বাম পাশে নিকোলাস গনসালেসকে ব্যবহার করা হয়। এই ফরমেশন রক্ষণভাগ সামলেছেন রোমেরো, ওতামেন্দি ও মার্তিনেস। তবে কোচ সাধারণত এই ফরমেশনটি ম্যাচের নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করেন। তাই শুরু থেকেই ৩-৫-২ খেলানোর সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিডফিল্ড ও আক্রমণভাগে স্কালোনির পরিকল্পনা একরকম পরিষ্কার। রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনসো ফার্নান্দেস মাঝমাঠের দায়িত্ব সামলাবেন। আক্রমণভাগে থাকবেন লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেস। চোটের কারণে হুলিয়ান আলভারেস পিছিয়ে পড়ায় এই জুটি এগিয়ে আছে। আক্রমণভাগের বাকি জায়গায় সিমিওনের তুলনায় এগিয়ে আছেন থিয়াগো আলমাদা।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেস, নাউয়েল মলিনা বা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেস, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেস।