২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার ১১ দিন পেরিয়ে গেছে। তবু এই আলোচনা যেন শেষ হওয়ার নয়। এবারের আলোচনাটা সদ্য সমাপ্ত ঘটনাবহুল বিশ্বকাপ নিয়ে নয়। বরং কথাবার্তা চলছে বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রি নিয়ে। এই ঘটনায় জশুয়া কুশনারের নাম শোনা যাচ্ছে।যাঁকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রকম আত্মীয়ই বলা চলে।
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে ফিফা। যার মাধ্যমে ২০ শতাংশ মালিকানা বিক্রির প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই কার্যক্রমে জড়িত জশুয়া কুশনার। এবার তাহলে তাঁর পরিচয় একটু জেনে নেওয়া যাক।
জশুয়া কুশনার
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবার কুশনার পরিবারের সদস্য জশুয়া কুশনার। জশুয়া যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই। সেক্ষেত্রে ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প জশুয়ার ভাবি। তবে জশুয়া রাজনীতিতে নয়, ক্যারিয়ার গড়েছেন উদ্যোক্তা হিসেবে। ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল। এই থ্রাইভ ক্যাপিটাল বিশ্বকাপের মালিকান বিক্রিতে বিনিয়োগকারী হিসেবে কাজ করছে।
২০২৩ সালে এক চুক্তিতে থ্রাইভের মূল্য ধরা হয়েছিল ৫৩০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৬৫০১৩ কোটি ২৪ লাখ টাকা। খেলাধুলার জগতে তেমন একটা পরিচিত না হলেও একেবারে নতুন নন জশুয়া। ২০১৯ সালে এনবিএর মেমফিস গ্রিজলিজের আড়াই শতাংশ মালিকানা কিনেছিলেন তিনি। এ ছাড়া এনবিএর মায়ামি হিট এবং মেজর লিগ বেসবলের সান ফ্রান্সিসকো জায়ান্টসেও জশুয়া কুশনারের মালিকানা রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৩৬০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৪১৬০ কোটি টাকা।
ইনফান্তিনোর প্রস্তাব অনুযায়ী ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ ৪ বিলিয়ন ডলার (৪৯০৬৭ কোটি টাকা) তোলা হবে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, ফুটবলের পরিচালনা, প্রতিযোগিতা, আন্তর্জাতিক ম্যাচসূচি এবং সব ধরনের নিয়ন্ত্রক ও ক্রীড়াবিষয়ক সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে। ফিফার এক বিবৃতিতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটি বিশ্বজুড়ে ফুটবলের গণতন্ত্রীকরণের উদ্যোগ।’
মালিকানা বিক্রির উদ্যোগে সংখ্যালঘু বিনিয়োগকারী যুক্ত করতে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জে.পি. মরগানের সঙ্গে কাজ করছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আংশিক মালিকানা বিক্রির উদ্যোগে খেপেছে স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্সসহ উয়েফার ৫৫ সদস্য দেশ। আজ ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার জরুরি বৈঠক হওয়ার কথা। এদিকে এই প্রস্তাবে সায় দিতে ফিফার ২১১ সদস্যদেশকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ইনফান্তিনো সময় বেঁধে দিয়েছেন বলে জানিয়েছে বিবিসিসহ বার্তা সংস্থা এএফপি, রয়টার্সও।
১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এর আগে ২০১০ বিশ্বকাপে স্প্যানিশরা জিতেছিল ১-০ গোলেই। সেই ফাইনালও গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল। ইতালি ও জার্মানির রয়েছে চারটি করে শিরোপ। তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের সমান দুটি শিরোপা জিতেছে স্পেন। আর ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ এসেছে ১৯৬৬ সালে।