২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটির ইতিহাসে সেটাই সবশেষ কোনো বিশ্বকাপ। তবে গত ২০ বছরে হেক্সা পূর্ণ করতে পারেনি সেলেসাওরা। এবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার উপযুক্ত সময় মনে করছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু।
ব্রাজিলের সবশেষ ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবল দলের অধিনায়ক ছিলেন কাফু। তবে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের গল্পটা শুধুই হতাশার। নকআউট পর্বেই থেমে যায় দলটির পথচলা। যার মধ্যে ২০১৪ সালে ঘরের মাঠে সেমিফাইনালে ব্রাজিল হেরেছিল ৭-১ গোলে। আর সবশেষ ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয় ব্রাজিল। গত রাতে মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে কাফু ২৪ বছর আগের স্মৃতিচারণা করেছেন। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘শেষবার শিরোপা জয়ের ২৪ বছর কেটে গেছে। আমার বিশ্বাস এবারই ব্রাজিলের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সঠিক সময়।’
২০২২ ফুটবল বিশ্বকাপের পর উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। দলটির কোচও বদলাচ্ছে নিয়মিতই। সবশেষ ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। ইউরোপীয় ফুটবলে একের পর এক শিরোপাজয়ী কোচ আসার পর বদলে যাচ্ছে ব্রাজিলও। যেখানে গত ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে জোড়া গোল দিয়ে ৩-১ ব্যবধানে জিতেছে সেলেসাওরা। গত রাতে কাফু বলেন,‘আমাদের সঙ্গে আছেন কার্লো আনচেলত্তির মতো অন্যতম অভিজ্ঞ ও সফল এক কোচ। তিনি দলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবেন।’
কাফুর মতে ব্রাজিলের আক্রমণভাগ ও মাঝমাঠ বরাবরই শক্তিশালী। কোচ আনচেলত্তি এবার তাই রক্ষণভাগকে আরও সুসংগঠিত করার দিকে মনোযোগ দিয়েছেন। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু বলেন, ‘বিশ্বকাপে আমরা যদি গোল হজম না করি, তাহলে প্রত্যেক ম্যাচে অন্তত একটা গোল দেওয়ার সামর্থ্য এই দলের আছে।’
রিয়াল মাদ্রিদের একের পর এক শিরোপা জয়ে ভিনিসিয়ুস জুনিয়র অসাধারণ অবদান রাখছেন। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বর্ণবাদী বিতর্কেও প্রায়ই জড়িয়ে যায় ভিনির নাম। এবারের বিশ্বকাপে ভিনির কাছে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ মনে করছেন কাফু। মাদ্রিদে গত রাতে ব্রাজিল কিংবদন্তি বলেন, ‘সব বিতর্ক পেছনে ফেলার সেরা জায়গা বিশ্বকাপ। ফাইনাল পর্যন্ত যেতে হলে আটটি ম্যাচ খেলতে হবে। এই ম্যাচগুলোই ভিনিসিয়ুসের কাছে নিজেকে প্রমাণের বড় মঞ্চ।’
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, মরক্কো ও হাইতি। ১৪ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ২০ ও ২৫ জুন হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ব্রাজিল।