হোম > খেলা > ফুটবল

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

লাল কার্ড দেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর পর প্রথম গোল করে দুই হাত উঁচিয়ে আকাশপানে চেয়েছিলেন লিওনেল মেসি। তার গোলে মায়ামি এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। কিন্তু গল্পটা যে এখানেই শেষ নয়। অন্তিম মুহূর্তে এসে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার দেখলেন লাল কার্ড।

বাংলাদেশ সময় আজ সকালে সুবারু পার্কে অনুষ্ঠিত ফিলাডেলফিয়া-ইন্টার মায়ামি ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যোগ করা হয়েছে ১২ মিনিট। একেবারে শেষ মুহূর্তে ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের সঙ্গে মায়ামির ইয়ান ফ্রের ঝগড়া শুরু। কুইনকে ফ্রে ফাউল করেছিলেন বলে মনে করা হচ্ছিল। তখন ভাই কুইনের পাশে দাঁড়ান কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই ফুটবলার খেলেন ফিলাডেলফিয়াতেই। তর্কাতর্কির জেরে এক পর্যায়ে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভানের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। রেফারি ফিলিপ দুজিচ কাভান ও ব্রাইটকে লাল কার্ড দেখিয়েছেন।

কাভানের ভাই কুইনও কার্ড দেখেছেন। তবে কুইনকে রেফারি দুজিচ দেখান হলুদ কার্ড। কাভান আজ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। কিন্তু কুইন পুরোটা সময় খেলতে পারেননি। ৬৮ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভেরে পরিবর্তে মাঠে নামেন কুইন। এই ইন্ডিয়ানা ভাসিলেভই ১১ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন। আর কাভান মাঠেও তেমন কিছু করে দেখাতে পারেননি। ৩৫ মিনিটে বাঁ পায়ের শটে ইন্টার মায়ামির লক্ষ্য বরাবর শট নিয়েছিলেন তিনি। কিন্তু মায়ামি গোলরক্ষক ডেইন সেইন্ট ক্লেয়ার তা প্রতিহত করেছেন।

কাভান-কুইনদের অপর দুই ভাই রোনান সুলিভান-ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-২০ সাফ জিতেছেন। ডেকলান অবশ্য বেশিক্ষণ খেলার সুযোগ পাননি। তবে আলো ছড়িয়েছেন রোনান। পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করেন তিনি। ফাইনালে পেনাল্টি থেকে পানেনকা গোলে জার্সি উড়িয়ে রোনানের সেই উদযাপনের দৃশ্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনো অটুট। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত।

সুবারু পার্কে আজ ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও ইন্টার মায়ামি পয়েন্ট টেবিলের দুইয়েই আছে। ২০ ম্যাচে ১১ জয়, ৬ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ৩৯। ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে ন্যাশভিল। তারাও খেলেছে ২০ ম্যাচ।