২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালের এক মাস পূর্ণ হবে আগামী পরশু। কিন্তু যে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে এত আলোচনা, তা নিয়ে গল্প কি অত সহজে শেষ হয়? এবার ফিফা প্রকাশ করল সেই ফাইনালের ভিডিও ফুটেজ।
টিভি স্ক্রিনে ম্যাচের গতিবিধি, গোল, ফাউল এসব কিছু দেখতে পারেন সাধারণ দর্শকেরা। কিন্তু রেফারি কী বলেন, কী করেন, ফুটবলারদের সঙ্গে তাঁর আলাপ-আলোচনা—এসব তো খালি চোখে দেখা যায় না। ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ কী কথা বলেছিলেন, তা ধরা পড়েছে ‘বডি ক্যামেরা’তে। যা পরিচিতি পেয়েছে রেফ ক্যাম নামেও। যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে মেসির উদ্দেশ্যে ভিনচিচের বলা কথা।
ফিফা গতকাল প্রকাশ করেছে ফাইনালে ভিনচিচের রেফ ক্যামের ফুটেজ। তাতে দেখা যায়, ভিনচিচ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কথা বলছিলেন। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ভিনচিচ বলেছিলেন, ‘পারেদেসকে নিয়ন্ত্রণে রাখো।’ স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ফাইনালে ৪৬ মিনিটে নিকোলাস গঞ্জালেসের বদলি হিসেবে নেমেছিলেন পারেদেস। মাঠে নামতে না নামতেই পারেদেস দেখেছিলেন হলুদ কার্ড।
স্প্যানিশ সমর্থকেরা ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে সরব হয়ে ওঠেন। অনেকেই এটিকে প্রমাণ হিসেবে দেখেন যে ভিনচিচ মেসি ও আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে ভিন্ন আচরণ করেছেন। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে এটিকে পক্ষপাতিত্ব বলে দাবি করেন।
ভিনচিচ আর্জেন্টিনার আরেক খেলোয়াড় এনসো ফের্নান্দেসকে দুইবার হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন ফাইনালে। প্রথমটি ছিল একটি সিদ্ধান্তের প্রতিবাদ করার কারণে। দ্বিতীয়টি আসে ফাউলের কারণে। ম্যাচের সময় বেশ কয়েকটি সংঘর্ষ ও কার্ড দেখানোর ঘটনাও ফুটেজে ধরা পড়েছে। পাশাপাশি স্পেনের ১-০ ব্যবধানে শিরোপা নিশ্চিত করা গোলটিও দেখা গেছে, যা করেন ফেরান তোরেস। হারের পর স্পেনের দুই ফুটবলার গাভি ও এরিক গার্সিয়ার গলা চেপে ধরেছিলেন পারেদেস। মেজাজ হারিয়ে এমন কাণ্ড করার পর পারেদেস আরেকটি হলুদ কার্ড দেখেছিলেন। যা পরিণত হয়েছিল লাল কার্ড। পরে অবশ্য পারেদেসের লাল কার্ড বাতিল হয়ে গিয়েছিল।
১৯ জুলাই নিউজার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন ১৬ বছর পর জেতে বিশ্বকাপ। যা স্প্যানিশদের দ্বিতীয় বিশ্বকাপ। এই ফাইনালের এক সপ্তাহের মধ্যেই রেফারিং ক্যারিয়ারের ইতি টানেন ভিনচিচ। এর আগে তিনি ২০২৪ চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড ফাইনাল পরিচালনা করেছিলেন। এ ছাড়া ২০২৪ ইউরোর স্পেন-ফ্রান্স সেমিফাইনালেও ছিলেন রেফারি।