হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

ক্রীড়া ডেস্ক    

মেসিকে তল্লাশি করছেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। আর্জেন্টাইন ফরোয়ার্ডও যে মজা পেয়েছেন, সেটা তাঁর হাসিতেই স্পষ্ট। ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে চেনেন না, এমন লোকের সংখ্যা গণনা করেই বলে দেওয়া যায়। একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। জাদুকরী পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন বোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে। অথচ আর্জেন্টাইন এই মহাতারকাকেও যেতে হয় তল্লাশির মধ্য দিয়ে।

‘জে’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন খেলতে নামবে নকআউট পর্বে। শনিবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে শেষ বত্রিশের ম্যাচ। কানসাস সিটি থেকে গতকাল স্কালোনির দল রওনা দিয়েছে মায়ামির উদ্দেশ্যে। বিমানে ওঠার সময় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আর্জেন্টাইন ফুটবলারদের তল্লাশি করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। লাগেজের পাশাপাশি মেসির জার্সি ও শর্টসে কী আছে, তা স্ক্যানার দিয়ে খোঁজা হচ্ছিল। নিরাপত্তাকর্মীদের কাজে তিনি যে খুব মজা পাচ্ছিলেন, সেটা তাঁর খিলখিল হাসি দেখেই বোঝা গেছে।

২০২৩ সাল থেকে ইন্টার মায়ামি হয়ে উঠেছে মেসির ‘দ্বিতীয় পরিবার।’ গত তিন বছরে যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে তিনি ভালোভাবে মানিয়ে নিয়েছেন। ইন্টার মায়ামির ম্যাচ হোক বা আর্জেন্টিনার ম্যাচ—গ্যালারিতে অনেক ভক্ত-সমর্থককে দেখা যায় মেসির জার্সি পরে খেলা দেখতে। তাঁকে এক নজর দেখবেন বলে গ্যালারি হয়ে ওঠে কানায় কানায় পরিপূর্ণ। বলতে গেলে মেসির ঘরের মাঠেই এবার বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে এসেছে আর্জেন্টিনা। ফুটবলাররা এরই মধ্যে টিম হোটেলে ঢুকেছেন। স্থানীয় সময় আগামীকাল (বাংলাদেশ সময় আজ) ফুটবলাররা অনুশীলন করবেন। কেপ ভার্দে ম্যাচ সামনে রেখে দুই দিন এখানে থাকবে আর্জেন্টিনা। তারপর তারা ফিরে যাবে বেস ক্যাম্প কানসাস সিটিতে।

মায়ামিতে স্প্যানিশ ভাষাভাষি জনগণের সংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই লাতিন আমেরিকার সংস্কৃতির ছোঁয়া রয়েছে এখানে। ফ্লোরিডা রাজ্যের শহরটি লাতিনদের কাছে ‘দ্বিতীয় ঘর’ মনে হতেই পারে। এই মাঠেই যখন ২০২৪ কোপা আমেরিকার আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল হয়েছিল, তখন গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। এবার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে গ্যালারিতে দর্শকদের ঢল নামবে। আর্জেন্টাইন সমর্থকেরাই স্বাভাবিকভাবে বেশি থাকবেন এবং সেটা দলের প্রাণভোমরা মেসির কারণেই।

দর্শকদের তুমুল আগ্রহের কারণে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে এখন টিকিট নির্ধারিত সংখ্যার চেয়ে অনেক বেশি দরকার পড়ছে। টিকিটের বিপুল চাহিদা থাকায় ফিফা ও এএফএ কাজ করছে বলে উল্লেখ করেন ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। আর্জেন্টিনার স্থানীয় রেডিও ভোর্তেরিক্সকে তিনি সম্প্রতি বলেছিলেন, ‘যত বেশি সম্ভব মানুষ যেন ম্যাচটি (আর্জেন্টিনা-কেপ ভার্দে) উপভোগ করার সুযোগ পান, সে জন্য আমরা কাজ করছি। এটি এমন একটি ম্যাচ, যার টিকিটের চাহিদা এত বেশি হবে—এটা কেউই কল্পনা করেনি। কোনো অবশিষ্ট টিকিট আছে কি না, সে বিষয়ে আমরা জানতে চাইছি। তাতে করে দর্শকেরা টিকিটগুলো কিনতে পারেন এবং মাঠে বসে খেলা উপভোগ করতে পারেন।’

দীর্ঘ দুই দশক বার্সেলোনায় খেলার পর মেসি ২০২১ সালে চলে গিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। শৈশবের ক্লাব ছাড়ার সময় তাঁর সেই কান্না এখনো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে টাটকা। দুই বছর পিএসজিতে খেলার পর পিএসজির পরিবেশ মেসির কাছে বিষাক্ত হয়ে ওঠে। ২০২৩ সালের জুলাইয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড ইন্টার মায়ামিতে চলে যান। মায়ামিতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন জোয়ার এসেছে। ফ্লোরিডা রাজ্যের এই শহরে তাঁর বিলাসবহুল বাড়ি, ব্যক্তিগত জেট বিমানও রয়েছে।

কদিন আগে আরেক ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও বিমানবন্দরে তল্লাশি করা হয়েছিল। সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়েছিল। এবার মেসিকেও করা হলো তল্লাশি। কে সেরা—সময়ের এই দুই তারকা ফুটবলারকে নিয়ে আলোচনা চলে প্রায়ই। মেসি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা—আন্তর্জাতিক ফুটবলে এই চার শিরোপা জিতেছেন। রোনালদো দুইবার নেশনস লিগ এবং একবার ইউরো জিতেছেন। তবে বিশ্বকাপটা জেতা হয়নি। পরম আরাধ্য সোনালি ট্রফিটা নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই উঁচিয়ে ধরতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।

‘জাপানের বিপক্ষে যা খেলেছি, তার চেয়ে এই ম্যাচ বেশি উত্তেজনাপূর্ণ’

অপ্রতিরোধ্য ফ্রান্সকে থামাবে কারা

চাঁদে যাবে ফুটবল, যদি...

বিতর্কিত পেনাল্টি নিয়ে কোনো মন্তব্যই করেননি সেনেগালের কোচ-ফুটবলার

শেষ ষোলোর টিকিট কাটল ১০ জনের যুক্তরাষ্ট্র

দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

রোনালদো-মদরিচের শেষের লড়াই

এক সন্ধ্যায় মেসির ক্লাবে

‘সুবাসা থাকলে...’—জাপানের হারেও বেঁচে রইল এক অসমাপ্ত স্বপ্ন

রেকর্ডের লড়াইয়ে মেসি বনাম এমবাপ্পে