হোম > খেলা > ফুটবল

নেপালের বিপক্ষে স্পেশাল কিছু জমিয়ে রেখেছেন রোনান

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের বিপক্ষে জোড়া গোলে ম্যাচসেরা হয়েছেন রোনান সুলিভান। ছবি: বাফুফে

সামাজিক মাধ্যমে এই মুহূর্তে অন্যতম আলোচিত নাম রোনান সুলিভানই। এখন পর্যন্ত অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ যে তিন গোল করেছে, তিনটিতেই অবদান রোনানের। চোখধাঁধানো গোলে মুগ্ধ করেছেন ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার সেরাটা জমিয়ে রেখেছেন সেমিফাইনালের জন্যই।

২৪ মার্চ পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ অনূর্ধ্ব-২০ সাফ অভিযান শুরু করে বাংলাদেশ। এই ম্যাচে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। যার মধ্যে ৫৩ মিনিটে তিনি চোখধাঁধানো ৩০ গজি ফ্রি-কিক যেভাবে করেছেন, সেটার সঙ্গে অনেকে লিওনেল মেসির মতো তারকাদের ফ্রি-কিকের তুলনা করেছেন। আর ভারতের বিপক্ষে তাঁর অ্যাসিস্টে রিয়াদ গোল করে সমতায় ফিরিয়েছেন বাংলাদেশকে। মালের জাতীয় স্টেডিয়ামে পরশু নেপালের বিপক্ষে সেমিফাইনাল সামনে রেখে আজ অনুশীলন করেছেন মার্ক কক্সের শিষ্যরা। নেপালের বিপক্ষে ‘স্পেশাল’ কী জমিয়ে রেখেছেন—বাফুফের ভিডিও বার্তায় আজ রোনান বলেন, ‘আমি মনে করি দুইটা গোল। এটাই আমার ধারণা।’

সবশেষ ২০২৪ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হয়েছে নেপালকে হারিয়েই। সেই নেপালকে এবার বাংলাদেশ পেল সেমিফাইনালেই। বাংলাদেশ ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে আর নেপাল সেমির টিকিট কেটেছে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। রোনানের মতে নেপালকে হারানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার আজ বলেন, ‘দল হিসেবে জিতব বলে মনে করি। আমার মতে ম্যাচটা কঠিন হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা জয় নিয়ে বের হব।’

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় গোলটা রোনান করেছিলেন হেডে। শেখ সংগ্রামের ক্রস রিসিভ করে রোনান সুলিভান বলে এমনভাবে মাথা ছুঁয়েছিলেন, পাকিস্তানি গোলরক্ষক কিছুই বুঝে উঠতে পারেননি। রোনানের মধ্যে সেরা স্ট্রাইকার হওয়ার সমূহ সম্ভাবনা দেখছেন জাহিদ হাসান এমিলি। আজকের পত্রিকার পডকাস্টে গতকাল এমিলি বলেন, ‘সুইং, পারফেকশন এবং বলটা ট্রাভেল করেছে যে এখানেও তো দেড় থেকে দুই সেকেন্ড সময় লেগেছে, সে সময় কিন্তু গোলরক্ষক আসতে পারেনি। সবকিছু মিলে আমার মনে হয়েছে রোনান দারুণ স্ট্রাইকার এবং সেকেন্ড গোলটা যেটা বলেছেন যে সংগ্রামের ক্রস থেকে যে সে কানেক্ট করেছে, আমি যেহেতু স্ট্রাইকার ছিলাম আমি জানি যে হেডিংয়ের গোলগুলি সবসময় একটু ব্যতিক্রম এবং গোলরক্ষকদের জন্য খুব কঠিন হয় সেভ করা। তার টাইমিং অফ হেড, টাইমিং অফ রান, অন পজিশনে যাওয়া সবকিছু আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত।’

এবারের অনূর্ধ্ব-২০ সাফ শুরুর আগেই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। যাঁর মধ্যে ডেকলান ডিফেন্ডার। তাঁর এখনো বাংলাদেশ দলে খেলার সুযোগ হয়নি। তবে তাঁর ভাই রোনান এরই মধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছেন।

মালে জাতীয় স্টেডিয়ামে গতকাল ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্কে লিপ্ত থাকেন বাংলাদেশ কোচ মার্ক কক্স। রেফারি দুজনকে লাল কার্ড দেখাতে কোনো দ্বিধাবোধ করেননি। তাতে নেপালের বিপক্ষে ১ এপ্রিল সেমিফাইনালে কক্সকে পাবে না বাংলাদেশ। একই দিন আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ভুটান। বাংলাদেশ-ভারত দুই দলেরই পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানের কারণে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ভারত।

শেষটা সুন্দর করতে চান কাবরেরা

কবে ফিরছেন রোনালদো

মাসে ১ লাখ টাকা সরকারি ভাতা পেয়ে খুশি খেলোয়াড়েরা

সেনেগাল-মরক্কোর শিরোপা বিতর্কের মধ্যেই ফেডারেশনের মহাসচিবের পদত্যাগ

সাফে আলোড়ন তোলা বাংলাদেশের প্রবাসী ফুটবলার রোনান যেখানে আলাদা

নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ইংল্যান্ড ফুটবল দল যেন এখন হাসপাতাল

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের আকস্মিক মৃত্যু

আদালতের অপেক্ষা না করে সেনেগালের শিরোপা উৎসব

সিঙ্গাপুর ম্যাচের আগে সেট পিস নিয়ে চিন্তায় বাংলাদেশ