৮ বছর পর আবারও ঢাকায় দক্ষিণ এশিয়ার ফুটবল উৎসব। যদিও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে সেভাবে উন্মাদনা তৈরি করতে পারেনি আয়োজকেরা। আঞ্চলিক শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্ট মাঠে গড়ালে নিশ্চয়ই উৎসবের আবহ তৈরি হবে। আজ রাজধানীর একটি তারকা হোটেলে দুপুরে হয়ে গেছে অংশ নেওয়া দলগুলোর সংবাদ সম্মেলন। টুর্নামেন্ট শুরুর আগে ঢাকায় আজ চার দল অনুশীলন করলেও মাঠে যাওয়া হয়নি পাকিস্তানের।
বসুন্ধরা ট্রেনিং মাঠে পাকিস্তান দলের অনুশীলন করার কথা ছিল বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে। কিন্তু বিকেল ৪টার দিকে জানা যায়, পাকিস্তানের অনুশীলন বাতিল হয়েছে। কারণ হিসেবে জানা যায়, দলের লাগেজ সময়মতো না পৌঁছানোয় দল অনুশীলনে যায়নি। অথচ কাল বিকেলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ। যে ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ। বাফুফে ও পাকিস্তানের দলীয় সূত্র জানিয়েছে, গতকাল মধ্যরাতে দোহা হয়ে ঢাকায় এসেছে পৌঁছেছে পাকিস্তান ফুটবল দল। তবে তাদের ১৬টি লাগেজ সময় মতো আসেনি। সব আটকে আছে দোহায়। লাগেজ আগামীকাল দুপুরের মধ্যে ঢাকায় এসে পৌঁছানোর কথা।
তবে দুপুর ১টার দিকে পাকিস্তান দলের দুই প্রতিনিধি সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু বিকেলে অনুশীলনে আর যাওয়া হয়নি। সংবাদ সম্মেলনে পাকিস্তানের সহকারী কোচ তিতাস ব্রাম্বেল বলেছেন, ‘পাকিস্তানে আমাদের একটি ভালো ট্রেনিং ক্যাম্প হয়েছে এবং আমরা খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা যদি সেমিফাইনালে না পৌঁছাতে পারি, তবে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। ওখানেই টুর্নামেন্টের শেষ। আমরা আত্মবিশ্বাসী যে আমরা সেমিফাইনালে উঠব।’ আর পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী বলছিলেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি এবং ভালো ফুটবল খেলার চেষ্টা করব। যেহেতু এটি (ভারতের বিপক্ষে) আমাদের জন্য বিশেষ ম্যাচ, আমরা দারুণ খেলব।’
ফিফা র্যাঙ্কিংয়ে ভারত আছে ১৩৮ নম্বরে, পাকিস্তানের অবস্থান ১৯৭। কাল জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় মাঠে নামছে দুই দল। একই দিনে রাত ৮টায় স্বাগতিক বাংলাদেশ মাঠে নামবে ভুটানের বিপক্ষে খেলতে।