হোম > খেলা > ফুটবল

মেসিকে নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছেন না সতীর্থরা

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

জাদুকরী, মায়াবী, মনোমুগ্ধকর—লিওনেল মেসি আজ যে তিন গোল করেছেন, তা বর্ণনা করার জন্য এই শব্দগুলোও যেন কম হয়ে যায়। যেভাবে আলজেরিয়ার রক্ষণদুর্গ ভেদ করে হ্যাটট্রিক করেছেন, তা চোখে লেগে থাকার মতো। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে নিয়ে বলার ভাষা যেন হারিয়ে ফেলেছেন তাঁর সতীর্থরা।

আলজেরিয়ার বিপক্ষে ৫ মিনিটে অফসাইডে গোল বাতিল হওয়াটাই যেন মেসিকে অনেক বেশি তাতিয়ে দিয়েছিল। ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন। যার মধ্যে দুটি গোলই বক্সের বাইরে থেকে করেছেন তিনি। ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।

ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকাকে নিয়ে কথা বলতে গিয়ে কী বলবেন, সেটাই বুঝে উঠতে পারছিলেন না আলেক্সিস মাক আলিস্তার, রদ্রিগো দে পল, ফাকুন্দো মেদিনারা। মাক আলিস্তার বলেন, ‘তাঁকে (মেসি) বর্ণনা করার মতো কোনো শব্দ আর বাকি নেই। আজ এটা স্পষ্ট যে লিও (মেসি)-ই সবার চেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি দল গড়ার চেষ্টা করি যাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন।’

আর্জেন্টিনা-আলজেরিয়া নয়, কানসাস সিটিতে আজকের ম্যাচটা হয়ে গেল মেসি-আলজেরিয়া। তাঁর হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসিকে প্রশংসায় ভাসিয়ে মেদিনা বলেন, ‘মেসি সবকিছু খুব সহজ করে তোলে, আমরা প্রতিদিন তা দেখছি। নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই, সে কেমন (খেলোয়াড়) তা সবাই জানে। এখন, আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’

মেসিকে প্রথম গোল করতে সহায়তা করেন রদ্রিগো দি পল। এই দিল পলকে অনেকে ‘মেসির দেহরক্ষী’ বলে ডাকেন। আলজেরিয়ার চার ফুটবলারকে কাটিয়ে দি পল পাস দিলে আনুষ্ঠানিকতা সারেন মেসি। ম্যাচ শেষে দি পল বলেন, ‘লিওকে দলে পাওয়া অনেক বড় সুবিধা। কারণ, তিনি যেভাবে পুরো দলকে সামলান এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তা অনন্য। তিনি ঠিক যেমন মানুষ, তাঁর ব্যক্তিত্বের কারণেই এমনটা সম্ভব। তিনি ব্যক্তিগত রেকর্ডের পরোয়া করেন না। সব সময় দলকে প্রাধান্য দেন এবং আমাদের জন্য এটি সত্যিই অবিশ্বাস্য।’

শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে আর্জেন্টিনা ‘মিনি হাসপাতালে’ পরিণত হয়েছিল। লিওনার্দো বালের্দি ছিটকে গেলে তাঁর পরিবর্তে নেওয়া হয় মার্কোস সেনেসিকে। নিকোলাস তালিয়াফিকো আজ ম্যাচটা দেখেছেন বেঞ্চে বসে। তবে চোট নিয়ে খুব একটা চিন্তিত নন মাক আলিস্তার। আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘যদিও বেশ কিছু চোটের সমস্যা ছিল। তবু আমাদের ঘাটতিগুলো শুধরে নেওয়ার এবং নিজেদের সেরা অবস্থায় নিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় ছিল। আশা করি, এটি একটি দারুণ বিশ্বকাপ হবে।’

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসি করেছেন আজই। তাতে করে যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন তিনি ও মিরোস্লাভ ক্লোসা। দুজনেই ১৬টি করে গোল করেছেন বিশ্বকাপে। আর ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে বয়স্ক ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ সালে ১৫ জুন স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১২২ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

জর্ডানের ‘আত্মঘাতী’ গোলের পর পেনাল্টি, অস্ট্রিয়ার সহজ জয়

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের ‘পাগলামি’র দৃশ্য

ম্যারাডোনা-রোনালদোদের ছাড়িয়ে মেসি যেখানে সবার ওপরে

রোনালদোর শেষের শুরু আজ

‘যখন ভালো অবস্থায় থাকি নিজেকে উজাড় করে দিই’, বলছেন মেসি

মেসি ২০ বছর ধরে এমনটা করে আসছে, বলছেন আর্জেন্টিনা কোচ

মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার দাপুটে শুরু

হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক মেসি

আবারও মেসির গোল, জয়ের পথে আর্জেন্টিনা

ব্রাজিলিয়ান কিংবদন্তির ৬০ বছরের রেকর্ড ছুঁলেন মেসি