হোম > খেলা > ফুটবল

‘মিসর ম্যাচের চেয়েও আর্জেন্টিনা ভালো খেলেছে, এই দল নিয়ে আমি গর্বিত’

ক্রীড়া ডেস্ক    

সুইজারল্যান্ডকে হারিয়ে ষষ্ঠবারের মতো সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ছবি: এএফপি

২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জয়—আটলান্টায় গত ৭ জুলাই মিসরের বিপক্ষে আর্জেন্টিনা যেভাবে জিতেছে, তা অবিশ্বাস্য বললেও কম বলা হয়। খাদের কিনারা থেকে ম্যাচ জেতা আলবিসেলেস্তেরা আজ ৩-১ গোলে জিতেছে ঠিকই। তবে কানসাসে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তি হয়েছে অতিরিক্ত সময়ে। লাউতারো মার্তিনেসের মতে দলের আরও উন্নতির জায়গা রয়েছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে আজ আর্জেন্টিনা মূল ৯০ মিনিটেই জিততে পারত। কিন্তু ৮৫ মিনিটে লিওনেল মেসি ডি বক্সের বাইরে থেকে বাঁকানো এক শট নিলেও তা গোলপোস্টের বাইরে দিয়ে যায়। আলেক্সিস মাক আলিস্তার শুরুতে গোল করলেও শেষে এসে গোল মিস করেছেন। এমনকি সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল আর্জেন্টিনার অনেক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন।

৩-১ গোলে জিতে আর্জেন্টিনা সেমিফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আজ কোয়ার্টার ফাইনালে সুইসদের হারানোর পর লাউতারো মার্তিনেস বলেন, ‘এমন ম্যাচে যেখানে প্রতিপক্ষ সুযোগ পেলেই পাল্টা আক্রমণ করার চেষ্টা করে। যখন আপনি পুরোপুরি ওপরে উঠে খেলছেন, সেখানে আমরা মিসরের বিপক্ষে ম্যাচের তুলনায় উন্নতি করেছি। ভালো দিকগুলো ধরে রাখা এবং ভুলগুলো আরও কীভাবে সংশোধন করাই ছিল লক্ষ্য।’

ম্যাচের ১০ মিনিটেই আজ ইতিহাসের পাতায় নাম লেখান মেসি। আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়ে মেসি বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্টের কীর্তি গড়েন। মাক আলিস্তার গোলটি করেন সেট পিস থেকে। এরপর ৬৭ মিনিটে সুইস ফরোয়ার্ড ডান এনদয়ে গোল করে সমতায় ফেরালেও শেষের দিকে ২ গোল করে ম্যাচ জিতে যায় আর্জেন্টিনা। যার মধ্যে ১১২ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেস। আর ১২০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে থিয়াগো আলমাদার শট প্রথমে ঠেকিয়ে দেন সুইজারল্যান্ড গোলরক্ষক গ্রেগর কোবেল। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি লাউতারো মার্তিনেস।

ফাঁকা জালে বল জড়ানোর পর লাউতারোর উচ্ছ্বাস থামানোর সাধ্য কার! দৌড়ে গ্যালারিতে থাকা দর্শকদের কাছে চলে যান তিনি। ম্যাচ শেষে তিনি (লাউতারো) মাক আলিস্তারকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি পুরো দলেরই প্রশংসা করেছেন। লাউতারো বলেন, ‘সেট পিস থেকে গোল করতে পারাটা গুরুত্বপূর্ণ। কারণ, আমরা এটা নিয়ে অনুশীলন করেছি। এই দল, এই সতীর্থদের এবং এই দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। কারণ, আবারও আমরা শেষ চারে (সেমিফাইনালে) জায়গা করে নিয়েছি।’

সুইসদের হারানোর পর স্কালোনি বলেন, ‘আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম, যারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল। তবে আমাদের সব সময়ই আরেকটি সুযোগ থাকে এবং শেষ পর্যন্ত আমরা সেটিই কাজে লাগাতে পেরেছি। ভবিষ্যতে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি, তা বোঝার জন্য এই ম্যাচটি খুবই উপকারী ছিল।’

সৌদি আরবের কাছে হারের পর টানা ১২ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এই ১২ ম্যাচে আলবিসেলেস্তেরা দিয়েছে ৩১ গোল। হজম করেছে ১২ গোল। যার মধ্যে শেষ চার ম্যাচেই স্কালোনির দল হজম করেছে ৬ গোল। আফ্রিকার দুই দল কেপ ভার্দে ও মিসরকে হারাতে রীতিমতো ঘাম ছুটে যায় আর্জেন্টিনার।

সেমিফাইনাল নিশ্চিতের পর নিজেদের ভুলগুলো সংশোধনের কথাও বলেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘যদিও সব দল এতটা শারীরিকভাবে শক্তিশালী নয়। আমরা ভুগেছি। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে কষ্ট না করে উপায় নেই। এখন ভুলগুলো সংশোধনের দিকে মনোযোগ দেব। আমার মতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাতার বিশ্বকাপেও আমরা ভুগেছিলাম। যদিও হয়তো আজকের চেয়ে তখন আরও ভালো খেলেছিলাম।’

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাতে করে বিশ্বকাপ ফুটবলে ঘটল এক ইতিহাস। ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চারে থাকা দলগুলো এবারই প্রথমবারের মতো খেলছে সেমিফাইনালে। ১৪ জুলাই ডালাসে প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। বর্তমান র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেন অবস্থান করছে ১ ও ৩ নম্বরে। আর আটলান্টায় ১৫ জুলাই হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের অবস্থান ২ ও ৪ নম্বরে। গত বছরের ৫ ডিসেম্বর যখন বিশ্বকাপের সূচি যখন ঠিক করা হয়েছিল, তখনো র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড।

এবারও কষ্ট করে জিতেছি আমরা, চলো এগিয়ে যাই আর্জেন্টিনা: মেসি

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

ইংল্যান্ডের বিতর্কিত গোল নিয়ে ফিফার ওপর ক্ষুব্ধ নরওয়ের কোচ

‘আর্জেন্টিনা কখনো ক্লান্ত হয় না’

সেমিফাইনালে উঠে আর্জেন্টিনার একাধিক রেকর্ড

‘আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি’, এবার বিস্ফোরক সুইস ডিফেন্ডার

আর্জেন্টিনা সেমিতে ওঠায় বিশ্বকাপে এমন ঘটনা এবারই প্রথম

‘এই নিয়ম কীভাবে বানানো হয়েছে জানি না’, লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ সুইজারল্যান্ড কোচ

আজ ভাগ্য আমাদের পাশে ছিল, বলছেন আর্জেন্টিনা কোচ

আঙুল উঁচিয়ে রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন’