হোম > খেলা > ফুটবল

ডাগআউটে জিদানকে পাওয়াটা সিনেমার গল্পের মতোই মনে হচ্ছে এমবাপ্পের

ক্রীড়া ডেস্ক    

কিংবদন্তি জিনেদিন জিদানের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে। ছবি: ফাইল ছবি

জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানকে পাওয়াটা ‘সিনেমার গল্পের মতো’ মনে হচ্ছে কিলিয়ান এমবাপ্পের কাছে। ১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তাঁর জাতীয় দলের কোচ।

তুরস্কের বিপক্ষে শুক্রবার উয়েফা নেশনস লিগের ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে প্রথমবার ফ্রান্সের ডাগআউটে বসবেন। নতুন কোচের অধীনে শুরু হতে যাওয়া এই অধ্যায় নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্রে যাওয়ার জন্য তিনিই প্রথম আমাকে গাড়িতে তুলে নিয়েছিলেন। তখন আমার বয়স ১৩ বা ১৪ বছর। সেটা অনেক আগের কথা। এখন তিনিই আমার জাতীয় দলের কোচ। এটা যেন সিনেমার গল্প, তবে অসাধারণ। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, এটা সত্যি।’

দিদিয়ের দেশমের ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তি হয়েছে হতাশায়। জুলাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নেয় ফ্রান্স। এবার ২০২৮ ইউরো সামনে রেখে নতুনভাবে যাত্রা শুরু করছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেশনস লিগের বর্ধিত আন্তর্জাতিক বিরতিতে চারটি ম্যাচ খেলবে ফ্রান্স। তুরস্কের পর বেলজিয়ামের বিপক্ষে দুটি এবং ইতালির বিপক্ষে একটি ম্যাচ রয়েছে।

এই ম্যাচগুলো দিয়েই ইউরোর প্রস্তুতি শুরু করতে চান এমবাপ্পে, ‘ফ্রান্সের সঙ্গে আমরা নতুন একটি প্রক্রিয়া শুরু করছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য আমাদের হাতে দুই বছর আছে। এখন সেটিই আমাদের মূল লক্ষ্য। নতুন কোচের সঙ্গে নতুন যুগ শুরু হচ্ছে। চারটি নেশনস লিগের ম্যাচ আছে, দেখা যাক সেগুলো কেমন হয়।’