বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচ মাঠে গড়ানোর আগেই ফোলারিন বালোগান ইস্যুতে বিশ্ব ফুটবলে সমালোচনার ঝড় বয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে বালোগানের লাল কার্ড তুলে নেওয়ার ঘটনার প্রভাব থাকল আজ সকালে সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের ওপর। দুর্দান্ত জয়ে শেষ আটের টিকিট কাটার পর ট্রাম্প-ফিফাকে খোঁচা দিয়েছে বেলজিয়াম।
বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কী প্রভাব পড়ে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচে, সিয়াটলে বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচটির দিকে চোখ ছিল কোটি কোটি ফুটবলপ্রেমীর। বেলজিয়াম স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। ম্যাচ শেষে রয়্যাল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে উদযাপনের কয়েকটি ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘এটা বদলান।’
আরবিএফএ অবশ্য ট্রাম্প ও ফিফার নাম উল্লেখ করেনি। তবে ‘এটা বদলান’ যে ফিফা-ট্রাম্পকে উদ্দেশ্য করেই বলা, তা সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহতে স্পষ্ট। শুধু তাই নয়। ম্যাচ চলার সময়ও ট্রাম্পকে নিয়ে মজা করা হয়েছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে রোমেলু লুকাকু গোল করে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। এই গোলের পর লুকাকু সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় ট্রাম্পের ভঙ্গিমায় নেচেছেন। হেলেদুলে দুই হাত সামনে-পেছনে করে ট্রাম্প যেভাবে নাচেন, গোলের পর লুকাকু ও তাঁর সতীর্থরা সেভাবে নেচেছেন। সামাজিক মাধ্যমে এই ‘ট্রাম্প-নৃত্য’ দ্রুত ভাইরাল হয়েছে।
ট্রাম্প-ফিফার কারণে বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘটনা যে বেলজিয়ামকে তাতিয়ে দিয়েছে, সেটা ফুটে উঠেছে দলটির মিডফিল্ডার নিকোলা রাসকিনের কথায়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গত দুই দিনে মাঠের বাইরে অনেক কিছু ঘটেছে। মনে হচ্ছিল যে আমরা অবিচারের শিকার হয়েছি। মাঠে সেটার জবাব দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’
৪-১ গোলের জয়ে বেলজিয়ামের ফরোয়ার্ড শার্ল ডে কেতেলারে করেন জোড়া গোল। ৯ ও ৩৩ মিনিটে করেছেন গোল দুটি। হানস ফানাকেন ও লুকাকু একটি করে গোল করেছেন। যুক্তরাষ্ট্রের একমাত্র গোল ৩৩ মিনিট করেন মালিক তিলমান। বালোগান লাল কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে পুরো ৯০ মিনিট খেলেছেন। অতিরিক্ত ২ মিনিট সময়ে তাঁকে বদলি করা হয়। কিন্তু কোনো গোল করতে পারেননি। এবারের বিশ্বকাপে ৪ ম্যাচে করেছেন ৩ গোল।
কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ডালাসে গত রাতে শেষ ষোলোর ম্যাচে মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। তাতে করে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। জেতা হলো না বিশ্বকাপের সোনালি ট্রফি। ১০ জুলাই লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন-বেলজিয়াম।