হোম > খেলা > ফুটবল

‘মেসির সঙ্গে খেলতে পারব,কখনো স্বপ্নেও ভাবিনি’

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার হয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসিকে নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে কথা। এমনকি তাঁর বিদায়ী ম্যাচের টিকিটের সময় দর্শকদের এতটাই ভিড় ছিল যে সার্ভার ক্র্যাশের মতো ঘটনা ঘটেছে। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কী পরিমাণ উত্তেজনা কাজ করছে, সেটা তো কেবল এক ঝলক। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটা বেনিনের কাছে স্বপ্নের চেয়ে কোনো অংশে কম নয়।

মনুমেন্তালে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হতে যাওয়া আর্জেন্টিনা-বেনিন ম্যাচটাই মেসির আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ। এবারই প্রথমবার এই দুই দল আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হতে যাচ্ছে। তবে সব ছাপিয়ে ম্যাচটা হয়ে উঠেছে মেসিময়। ম্যাচের আগে বেনিন গোলরক্ষক মার্সেল দাঁদজিনু বলেন, ‘তিনি (মেসি) আমাদের প্রিয় খেলোয়াড়দের একজন। এবার তার বিপক্ষে খেলতে পারাটা অবিশ্বাস্য ব্যাপার। কখনো স্বপ্নেও ভাবিনি এমন কিছু হতে পারে। কিন্তু মঙ্গলবার (বাংলাদেশ সময় আগামীকাল ভোরে) সেটা ঘটতে যাচ্ছে।’

রেকর্ডের বরপুত্র উপাধি মেসি আগেই পেয়ে গেছেন। ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকাও জিতেছেন মেসি। সর্বকালের সেরা ফুটবলারের তালিকাতেও উঠে গেছে তাঁর নাম।

দাঁদজিনুর কাছে মেসি ফুটবলের রাজা এবং সত্যিকারের কিংবদন্তি। আর্জেন্টিনা ম্যাচের আগে বেনিন গোলরক্ষক বলেন, ‘আমার কাছে সে ফুটবলের অন্যতম রাজা। আমরা তাকে খেলতে দেখে বড় হয়েছি। আমার কাছে লিও একজন কিংবদন্তি, সত্যিকারের একজন কিংবদন্তি।’

মেসিকে ছাড়া এবারের ফিফা উইন্ডোতে এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা ৭-০ গোলে হারিয়েছে বুরকিনা ফাসোকে। তাছাড়া যে বেনিনের বিপক্ষে আগামীকাল খেলতে নামবে আর্জেন্টিনা, দুই দলের মধ্যে রয়েছে যোজন যোজন ফারাক। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিংয়ে দুইয়ে অবস্থান করছে। বেনিনের অবস্থান ৮৯তম।

আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচ হলেও মেসি-এমিলিয়ানো মার্তিনেসদের হুংকার দিয়েছেন দাঁদজিনু। বেনিন গোলরক্ষক বলেন, ‘এটাই ফুটবল। ১১ জনের বিপক্ষে ১১ জনের খেলা হয়। আমরা জিততে পারি, ড্র করতে পারি, অথবা তারাও জিততে পারে। আর্জেন্টিনায় পর্যটক হয়ে আসিনি। প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। আমাদের জীবনের দারুণ এক দিন হতে যাচ্ছে।’

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি তাঁর আন্তর্জাতিক ফুটবলে ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে।