হোম > খেলা > ফুটবল

‘মেসি আর্জেন্টিনার হয়ে মাত্র চারবার চ্যাম্পিয়ন হয়েছে, এটা সত্যিই অবাক করার মতো’

ক্রীড়া ডেস্ক    

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা স্বয়ং লিওনেল মেসির গুণতে অনেক সময় লাগবে। শৈশবের ক্লাব বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। পিএসজি, ইন্টার মায়ামি, আর্জেন্টিনার জার্সিতেও জিতেছেন শিরোপা। পাশাপাশি গোলের পর গোল করে রেকর্ড ভাঙার পুরস্কারও পেয়েছেন তিনি। তবে আর্জেন্টিনার হয়ে শিরোপা কম জিতেছেন দেখে অবাক কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার হয়ে স্কালোনি, মেসি দুজনেই চার শিরোপা জিতেছেন। তবে দুজনের ভূমিকা ভিন্ন। স্কালোনি জিতেছেন কোচ হয়ে আর মেসি খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। ২০১৮ সালে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর দলের মধ্যে দারুণ এক বন্ধন তৈরি করতে পেরেছেন তিনি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জিতেছে মেসি-স্কালোনির জুটিতে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ডায়রিও ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি সম্পর্কে স্কালোনি বলেন, ‘আমি অবাক হই এই চিন্তা করে যে জাতীয় দলের হয়ে সে মাত্র চারটি ট্রফি জিতেছে।’

আর মাত্র কদিন পরই (২৪ জুন) ৩৯ বছর পূর্ণ করবেন লিওনেল মেসি। মার্কিন মুলুকে ফুটবল বিশ্বকাপের সময় তিনি তাঁর ৩৯তম জন্মদিনের কেক কাটবেন। ৩৯ ছুঁইছুঁই মেসি ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এই বয়সেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের যে ক্ষুধা কাজ করে, তাতে রীতিমতো মুগ্ধ স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসি যত দিন নিজে সিদ্ধান্ত না নিচ্ছে, ততদিন খেলবে। সে তার ষষ্ঠ বিশ্বকাপে খেলছে। এটা আমার কাছে অবাক করার মতো নয় নই। এখনও তার মধ্যে একই রকম ক্ষুধা ও আগ্রহ রয়েছে।’

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা এরই মধ্যে পৌঁছে গেছে মার্কিন মুলুকে। কানসাস সিটিতে অনুশীলনের সময় ঝড়ের বাধাও এসেছে। তবু ফুটবলাররা অনুশীলন চালিয়ে গেছেন। তবে মেসি আলাদা অনুশীলন করেছেন। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠছেন।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।

আর্জেন্টিনার কাছে হারের দুঃখ কি এমবাপ্পেরা ঘোচাবেন নিউজার্সিতে

ইবোলা আতঙ্কে হচ্ছে না ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

বিশ্বকাপে সমর্থকদের বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

শোককে শক্তিতে রূপ দিয়ে ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের

ট্রাম্প ইস্যুতে ফিফাকে তদন্ত করতে বলল নরওয়ে

কাউকে ফেবারিট না মেনেই বিশ্বকাপ খেলতে গেল ব্রাজিল

নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জয়ের জার্সি

চোট নিয়েও স্বস্তির বার্তা দিলেন এমি মার্তিনেস

দ্বিতীয় বিভাগ থেকে বিশ্বকাপ, দক্ষিণ কোরিয়ার ফুটবলারের স্বপ্নপূরণ

আনচেলত্তি কেন কাঁদলেন