হোম > খেলা > ফুটবল

বাংলাদেশি শিকড়ের কাভান সুলিভানের যুক্তরাষ্ট্র ফুটবলে কীর্তি

ক্রীড়া ডেস্ক    

মাত্র ১৭ বছর বয়সে মেজর লিগ সকারের মাসসেরা হয়েছেন কাভান সুলিভান। ছবি: এএফপি

তরুণ ফুটবলার কাভান সুলিভান আবারও আলোচনায়। মাত্র ১৭ বছর বয়সে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সবচেয়ে কম বয়সী ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।

‘সুলিভান’ নামটা কি চেনা চেনা লাগছে? ঠিকই ধরেছেন, কাভান সুলিভান হলেন বাংলাদেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দলে খেলা রোনান ও ডেক্লান সুলিভানের আপন ছোট ভাই। যমজ ভাই রোনান ও ডেক্লান সুলিভানকে জাতীয় দলে খেলার প্রস্তাব দিয়ে রেখেছে বাফুফে। গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করে নজর কাড়েন রোনান। দলও হয়েছিল চ্যাম্পিয়ন। সুলিভান ব্রাদার্সের নানি বাংলাদেশি।

সেপ্টেম্বরে ফিলাডেলফিয়ার পাঁচ ম্যাচের সব কটিতেই জয়ে বড় অবদান ছিল সুলিভানের। এই সময়ে করেছেন ৪ গোল, করিয়েছেন আরও ৫টি। মাসে তাঁর ৯টি গোল-অবদান ছিল পুরো এমএলএসে সর্বোচ্চ। সব মিলিয়ে কাভান সুলিভানের সেপ্টেম্বরের মাসসেরা হওয়াটা একরকম অবধারিতই ছিল। মেজর লিগ সকারের সর্বকনিষ্ঠ মাসসেরা হওয়ায় কাভান পেছনে ফেলেছেন ড্যারিল ডাইকের রেকর্ড, যিনি ২০২০ সালের আগস্টে ২০ বছর ৯৮ দিন মাসসেরা হয়েছিলেন।

কাভান সুলিভানের কীর্তি শুধু সেপ্টেম্বরেই সীমাবদ্ধ নয়। চলতি মৌসুমে ২৬ ম্যাচে তাঁর গোল ৭টি, সহায়তা ১২টি। মোট ১৯ গোল-অবদান নিয়ে তিনি এমএলএসের এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডে উঠে এসেছেন। তাঁর ওপরে আছেন দিয়েগো ফাগুন্দেজ—২০১৩ সালে ২০টি গোল-অবদান ছিল তাঁর।

সেপ্টেম্বরের এই পুরস্কার জেতার আগে টানা আট ম্যাচে গোল অথবা সহায়তা করেছেন কাভান। এমএলএসের ইতিহাসে কোনো কিশোর ফুটবলারের এমন ধারাবাহিকতার নজির আর নেই। ধারাবাহিক ভালো খেলার সুবাদে যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন তরুণ এই ফুটবলার। গত রোববার পেরুর বিপক্ষে ৪-১ গোলের জয়ে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হয় তাঁর। সেই ম্যাচে শুরুর একাদশে নেমে ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে একাদশে খেলা সব কনিষ্ঠ ফুটবলার হিসেবে মার্কিন ফুটবলের রেকর্ড বইয়ে নাম লেখান তিনি।