হোম > খেলা > ফুটবল

বিস্ফোরক জয়ের পর কেন মেসির প্রসঙ্গ টানলেন আর্জেন্টিনার কোচ

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসি, লিওনেল স্কালোনি জুটি ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত আর্জেন্টিনাকে চারটি শিরোপা জিতিয়েছেন। ছবি: এএফপি

বেশি দিন আগের কথা নয়। ৪২ দিন আগে অতীত হয়ে গেছেন লিওনেল মেসি। তবে যে মেসি দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁকে তো চাইলেই ভোলা সম্ভব নয়। আর যে মেসির সঙ্গে কোচ লিওনেল স্কালোনির দারুণ সখ্যতা গড়ে উঠেছিল, এত দারুণ বোঝাপড়া ছিল, কোচ কি এত সহজে ভুলতে পারবেন? আজ তাই ৭-০ গোলে জয়ের পর মেসির কথা উল্লেখ করেন স্কালোনি।

মেসি পরবর্তী নতুন মেসি কে হবেন, তা নিয়ে গত কিছু দিন ধরেই চলছে আলাপ-আলোচনা। নিকো পাস এই তালিকায় সবচেয়ে এগিয়ে। মাঠের পারফরম্যান্সে সেটার প্রমাণও দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে প্রথম ১১ ম্যাচে যাঁর একটি করে গোল ও অ্যাসিস্ট ছিল, তিনি গত অক্টোবর-নভেম্বর থেকে বদলে গেলেন। শেষ দুই মাসে পাঁচ ম্যাচ খেলে করেছেন ৫ গোল। অ্যাসিস্ট করেছেন এক গোলে। আজ কোস্টারিকাকে ৭-০ গোলে হারানোর ম্যাচেও পাস করেছেন জোড়া গোল।

শুধু পাসই নন, আজ আর্জেন্টিনার চার ফুটবলার গোলের দেখা পেয়েছেন। বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত কোস্টারিকা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসির প্রসঙ্গ টেনে আনছেন সতীর্থদের মাঝে বোঝাপড়ার উদাহরণ দেখাতে। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে না পারলেও ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন মেসি। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত আর্জেন্টিনা যে চার শিরোপা জিতেছে, সেখানে তিনি ও তাঁর সতীর্থরা দল হয়ে পারফর্ম করেছেন বলেই এমন সফলতা পেয়েছে দল। কোস্টারিকাকে ‘সেভেন-আপে’র স্বাদ দেওয়ার পর সাংবাদিকদের স্কালোনি বলেন, ‘ছেলেরা খুবই ভালো খেলছে। তবে তারা সব সময় দলের ওপর নির্ভরশীল। একজন খেলোয়াড় একা কখনো দলকে জেতাতে পারে না। আমরা এখন যে অবস্থানে রয়েছি, তার কারণও এটাই। লিও (লিওনেল মেসি) বিষয়টি বুঝতে পেরেছে। এটা জলজ্যান্ত এক উদাহরণ।’

পাসের পাশাপাশি কোস্টারিকার বিপক্ষে হুলিয়ান আলভারেস, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো করেছেন জোড়া গোল। আরেক গোল করেন আলেক্সিস মাক আলিস্তার। এ ছাড়া আর্জেন্টিনার জার্সিতে মাত্র দুই ম্যাচ খেলতে নেমে ঝলক দেখিয়েছেন ম্যাক্সিম পেরোনে। দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। এনসো ফের্নান্দেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, অগাস্তিন গিয়াই, গিলিয়ানো সিমিওনেরাও গোল করতে সহায়তা করেছেন। উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর আর্জেন্টিনা আজ কোস্টারিকাকে ৭-০ গোলে হারাতে পেরেছে দলীয় পারফরম্যান্সেই।

মেসিবিহীন নতুন মিশন শুরুর আগেই স্কালোনির সঙ্গে ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ৭-০ গোলের জয়ে ২০২৬ সাল শেষ করে আর্জেন্টিনার কোচ ভাবছেন, সামনের ম্যাচগুলোতে কী পরিকল্পনায় খেলতে হবে। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন,

‘আমাদের ভিত্তিটা বেশ মজবুত। আগামী বছরের জন্য কাদের বিপক্ষে খেলতে নামব, তা আমাদের সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই। আমি চাই, আমরা এভাবেই এগিয়ে যাই—এমন একটি দল হিসেবে, যারা প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ। এমন একটি দল, যারা প্রতিপক্ষের আক্রমণ কীভাবে ঠেকাতে হয় এবং কীভাবে তাদের বিপক্ষে আক্রমণ গড়ে তুলতে হয়, তা জানে। ফুটবলে এই মান ধরে রাখা কঠিন। তাই একই ধারাবাহিকতা বজায় রাখাই হবে আমাদের মূল চ্যালেঞ্জ।’

প্রিমিয়ার লিগে চোয়ালে আঘাত পাওয়ার পর অনুশীলনের সময় বিশেষ সুরক্ষামূলক মাস্ক ব্যবহার করেন এমিলিয়ানো মার্তিনেস। আজ তিনি কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনাকে নেতৃত্বও দিয়েছেন। মার্তিনেসের প্রশংসার পাশাপাশি দর্শকদেরও প্রশংসায় ভাসিয়েছেন স্কালোনি। কর্দোবায় ভক্ত-সমর্থকদের কাছ থেকে স্কালোনির দল পেয়েছে দারুণ অভ্যর্থনা।

৭-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মানুষের কাছ থেকে যে অভ্যর্থনা পেয়েছি, তা অসাধারণ। কর্দোবায় এসে ভীষণ আনন্দিত। এখানে আমি প্রায়ই ঘোড়ায় চড়তে আসি। সমর্থকেরা আমাদের প্রতি দারুণ সমর্থন দেখিয়েছেন। জাতীয় দলের প্রতি তাঁদের ভালোবাসা একটুও কমেনি। আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে যেতে হবে, যাতে তাঁরা আমাদের ওপর আস্থা রাখতে পারেন। তাঁদের এই ভালোবাসা ধরে রাখার একমাত্র উপায় এটাই।’