হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার ফুটবলার কেন টানা তিন দিন অনুশীলনে আসেননি, কোচের ব্যাখ্যা

ক্রীড়া ডেস্ক    

হুলিয়ান আলভারেসের ওপর ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। ছবি: সংগৃহীত

আতলেতিকো মাদ্রিদ মানেই যেন হুলিয়ান আলভারেস। চাপের মধ্যে থাকা এই ফুটবলারকে নিয়ে শোনা যাচ্ছে নানারকম কথাবার্তা। এমনকি কোচ দিয়েগো সিমিওনে সংবাদ সম্মেলনে এলে বেশির ভাগ প্রশ্নই হয় আলভারেসকে ঘিরে। সিমিওনে সব কিছু স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছেন।

র‍্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে লা লিগার সেভিয়া-আতলেতিকো মাদ্রিদ ম্যাচ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অনুশীলন করেননি আলভারেস। শুধু আজই নয়, এ নিয়ে টানা তিন দিন অনুশীলনে অনুপস্থিত আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। অসুস্থতার কারণে আলভারেস অনুশীলন করতে পারছেন না বলে আতলেতিকো এক বিবৃতিতে জানিয়েছে।

অনুশীলনে অনুপস্থিতিই নয়, আগামীকাল সেভিয়ার বিপক্ষে আলভারেস খেলবেন না বলে সিমিওনে আজ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন। আতলেতিকো কোচ বলেন, ‘আমার পুরো মনোযোগ সেভিয়া ম্যাচের দিকে। যেখানে সে এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারবে না, যারা নিজেদের আগের দুই ম্যাচেই জিতেছে।’

বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন আলভারেস। প্রতিযোগিতায় রয়েছে রিয়াল মাদ্রিদও। ‘দ্য অ্যাথলেটিক’ সংবাদমাধ্যম থেকে জানা গেছে, আলভারেসকে কিনতে রিয়াল ১৫ কোটি ইউরো প্রস্তাব করেছে। বাংলাদেশি মুদ্রায় তা ২১৪৬ কোটি টাকা। এদিকে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সম্প্রতি বলেছিলেন,‘আলভারেসকে নিয়ে আমরা খুবই আগ্রহী ও তাকে কিনতে প্রস্তুত।’ যদিও মার্কার বরাতে আতলেতিকো পাল্টা জানিয়েছে, বার্সার কাছে তারা আলভারেসকে বিক্রি করছে না।

সেভিয়া ম্যাচের আগে আজ যখন আতলেতিকো কোচ সিমিওনে সংবাদ সম্মেলনে আসেন, তখন তিনি ধারণা করে নিয়েছেন যে আলভারেস সম্পর্কিত প্রশ্নই করতে যাচ্ছেন সাংবাদিকেরা। আতলেতিকো কোচ উত্তরও দিয়েছেন কৌশলে, ‘আমি বুঝতে পারছি সব প্রশ্নই হুলিয়ানকে ঘিরে হবে। তবে ক্লাব এ বিষয়ে কী ঘটতে যাচ্ছে, তা খুব স্পষ্টভাবে জানিয়েছে। একজন ক্রীড়াবিদ হিসেবে তাকে আমরা সাহায্য করতে পারব বলে আশা করছি। আমাদের জন্য যেন আগের মতোই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে, সেই চেষ্টা করব।’

২০৩০ পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তি রয়েছে আলভারেসের। তবে তিনি এরই মধ্যে আতলেতিকো সমর্থকদের চক্ষুশূল হয়ে গেলেন। অনুশীলন গ্রাউন্ডে ‘হুলিয়ান আউট’ ব্যানার টাঙানো হয়েছিল। কোথাও কোথাও আলভারেসের ১৯ নম্বর জার্সির ওপর ক্রস চিহ্ন এঁকে তাঁর বিদায়ও দাবি করেছেন ভক্তরা। এমনকি গত ২৩ আগস্ট ভিয়ারিয়াল-আতলেতিকো মাদ্রিদ ম্যাচ শেষে তিনি আলাদা ড্রেসিংরুমে ঢুকেছেন। দর্শকদের ধারে কাছেও আলভারেসকে ঘেঁষতে দেওয়া হয়নি।

আলভারেসকে নিয়ে এমন ঘটনা আতলেতিকোর ওপর তেমন কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন সিমিওনে। আজ সংবাদ সম্মেলনে আতলেতিকো কোচ বলেন, ‘সত্যি বলতে, না। আমার মনে হয় ছেলেরা ফিরে আসার পর থেকেই খুব ভালোভাবে কাজ করছে। বিশেষ করে বিশ্বকাপ খেলা খেলোয়াড়রা। দল মালাগা ও ভিয়ারিয়ালের বিপক্ষে ভালো খেলেছে এবং আমরা যা অর্জন করতে চাই অর্থাৎ একটি ভালো ম্যাচ খেলা—সেদিকেই মনোযোগী। এটা (আলভারেস ইস্যু) দলের ওপর কোনো প্রভাব ফেলবে বলে মনে করছি না।’

রিভার প্লেট, ম্যানচেস্টার সিটি হয়ে এখন আতলেতিকোতে খেলছেন আলভারেস। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে চোখধাঁধানো এক গোল করেন তিনি। এর আগে ২০২৫-২৬ লা লিগায় আতলেতিকো চার নম্বরে থেকে শেষ করেছিল। সেই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ক্লাবটির জার্সিতে ৪৯ ম্যাচে ২০ গোল করেছিলেন। অ্যাসিস্ট ছিল ৯টি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টেই তিনি গোল পেয়েছিলেন। কদিন আগে তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছিলেন আর্জেন্টাইন ব্যবসায়ী হোর্হে ব্রিতো। ব্রিতো আর্জেন্টিনার রিভার প্লেট ক্লাবের সাবেক প্রেসিডেন্টও।