হোম > খেলা > ফুটবল

‘নিপীড়িত’ ইরানের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক    

দুই ম্যাচ খেলে দুটিতেই ড্র করেছে ইরান। ছবি: এএফপি

বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি ইরান। তবে মাঠের বাইরের এক লড়াইয়ে আপাতত জিতে গেছে দলটি। দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের পর শেষ পর্যন্ত ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে সিয়াটলে দুই দিন আগে পৌঁছানোর অনুমতি পেয়েছে ইরান। এত দিন তাদের ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হতো, আবার ম্যাচ শেষ হওয়ার পরপরই ফিরে যেতে হতো মেক্সিকোর তিজুয়ানায় স্থাপিত বেস ক্যাম্পে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ২৬ জুন সিয়াটলে হতে যাওয়া ম্যাচের জন্য ইরান দলকে দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে ম্যাচ শেষ হওয়ার দিনই দেশ ছাড়তে হবে তাদের। নিরাপত্তা প্রটোকলের অন্য কোনো পরিবর্তন হচ্ছে না বলেও জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত ইরানের জন্য কিছুটা স্বস্তির হলেও পুরোপুরি নয়। কারণ, ম্যাচের দিনই দেশ ছাড়ার শর্ত বহাল থাকছে। তবু গত কয়েক সপ্তাহের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ ছাড় বলেই দেখা হচ্ছে।

বিশ্বকাপের শুরু থেকেই ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে ক্ষুব্ধ ছিল ইরান। দলটির কোচ আমির গালেনোই প্রকাশ্যে বলেছিলেন, ‘বিশ্বকাপে ইরানই সবচেয়ে বেশি নিপীড়িত দল।’ তাঁর অভিযোগের পেছনে কারণও ছিল। অন্য অনেক দল যেখানে স্বাভাবিক নিয়মে প্রস্তুতি নিতে পেরেছে, সেখানে ইরানকে বারবার সীমান্ত পার হয়ে ম্যাচ খেলতে হয়েছে। বেস ক্যাম্প স্থাপন করতে হয়েছে যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোর তিজুয়ানায়। এমনকি সহায়ক স্টাফদের একটি অংশও যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি।

রাজনৈতিক বাস্তবতাও ইরানের পথ কঠিন করেছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া সংঘাতের পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণই একসময় অনিশ্চিত হয়ে পড়েছিল। ওয়াশিংটন ও তেহরানের তীব্র কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ফুটবল দলটির ওপরও।

গোলের লড়াই জমিয়ে তুলছেন মহাতারকারা

ব্রাজিল ম্যাচের আগমুহূর্তে নেইমারের বাবার বিশেষ বার্তা

মেসির জন্মদিন যেভাবে উদ্‌যাপন করল আর্জেন্টিনা

মেসির এই বয়সেও এমন তারুণ্য

বিশ্বকাপের মাঝপথে নিয়ম পরিবর্তনের চিন্তা ফিফার

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট

রাফিনিয়ার পরিবর্তে এবার কাকে খেলাবে ব্রাজিল

‘রোনালদো কেন আই অ্যাম ব্যাক বলল, বুঝলাম না’

ইতিহাস কথা বলছে ব্রাজিলের হয়েই

ইংল্যান্ড কি তবে কালো জাদুর কাছেই হার মানল