হোম > খেলা > ফুটবল

রাফিনিয়ার পরিবর্তে এবার কাকে খেলাবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    

আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না রাফিনিয়া। ছবি: এএফপি

কয়েক ঘণ্টা পরই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় মায়ামিতে শুরু হবে ব্রাজিল-স্কটল্যান্ড। কিন্তু মাঠে নামার আগেই রাফিনিয়াকে হারিয়ে ফেলল সেলেসাওরা। এখন তাঁর পরিবর্তে কে খেলবেন, সেটাও স্পষ্ট করেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

২০ জুন হাইতির বিপক্ষে ম্যাচের মাঝপথে রাফিনিয়া যেভাবে মাঠ ছেড়েছিলেন, তখনই শুরু হয়ে যায় দুশ্চিন্তা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লেও বিশ্বকাপ থেকে ছিটকে যাননি। তবে তিন মাসের ব্যবধানে ডান পায়ে দুইবার ব্যথা পাওয়ায় স্কটল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে পারছেন না বলে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র বরাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল।

স্কটল্যান্ড ম্যাচের আগে গতকাল মায়ামির স্থানীয় সময় রাতে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। রাফিনিয়ার প্রসঙ্গ এলে ব্রাজিল কোচ উত্তর দিয়েছেন একটু কৌশলে, ‘আমরা ভালো খেলা এবং সম্ভাব্য সেরা একাদশ নিয়েই ভাবছি। আক্রমণভাগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাফিনিয়ার জায়গায় কে খেলবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে। হলুদ কার্ড বা অন্য কোনো বিষয় নিয়ে এখন ভাবার সুযোগ নেই।’

রায়ান, লুইজ হেনরিকে এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি—এই তিন স্ট্রাইকার রয়েছে ব্রাজিলের হাতে। হাইতির বিপক্ষে রাফিনিয়ার পরিবর্তে নামা রায়ানের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি। রায়ানকে নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘রাফিনিয়ার পরিবর্তে নেমে রায়ান ভালো খেলেছিল। এই দিকটিতে তার অনেক সম্ভাবনা আছে। আমার কাছে আরও কিছু খেলোয়াড় আছে, যারা এই ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে যদি আমরা মাঠের প্রস্থ বজায় রাখতে চাই, তাহলে রায়ান সেটা করতে সক্ষম।’

ব্রাজিল দুই ম্যাচ খেললেও নেইমারের এখনো মাঠে নামা হয়নি। আগামীকাল ভোরে শুরু হতে যাওয়া স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার পূর্ণ ৯০ মিনিট খেলতে পারেন বলে আশ্বাস দিয়েছেন আনচেলত্তি। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালোভাবে কাজ করেছে, ম্যাচের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে। আমরা সবাই খুব খুশি। তার পারফরম্যান্স দলকে অনেক কিছু দিতে পারে। সে ৯০ মিনিট খেলতে পারে। সে ভালো শারীরিক অবস্থায় আছে, কঠোর পরিশ্রম করেছে এবং ভালো অনুশীলন করেছে। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট।’

হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। ১৪ জুন নিউজার্সিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তিন পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। আর দুই ম্যাচের দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হাইতি।

মেসির এই বয়সেও এমন তারুণ্য

বিশ্বকাপের মাঝপথে নিয়ম পরিবর্তনের চিন্তা ফিফার

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট

‘রোনালদো কেন আই অ্যাম ব্যাক বলল, বুঝলাম না’

ইতিহাস কথা বলছে ব্রাজিলের হয়েই

ইংল্যান্ড কি তবে কালো জাদুর কাছেই হার মানল

‘আমরা দুর্ভাগ্যের শিকার হয়েছি’

বিশ্বকাপের ফাইনালেও ট্রফি তুলে দেবেন ট্রাম্প

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে লাল কার্ড দেখা সেই ফুটবলার

ঘাম ঝরানো জয়ে নকআউটে কলম্বিয়া