হোম > খেলা > ফুটবল

রোনালদোর পরবর্তী গন্তব্য কি হলিউড

ক্রীড়া ডেস্ক    

ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে রোনালদো। এখন সিআরসেভেনের ফুটবল পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে। ছবি: সংগৃহীত

ফুটবলকে বিদায় বলার পর কী করবেন ক্রিস্টিয়ানো রোনালদো—এ নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। এখনই এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া মুশকিল। তবে মাঠের বাইরে তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে হলিউড।

অভিনয় নিয়ে রোনালদোর আগ্রহের কথা আগেই জানা গেছে। কয়েকজন সাবেক ফুটবলারের মন্তব্যের পর বিষয়টি নতুন করে সামনে এসেছে।

রোনালদো এরই মধ্যে ফুটবলের গণ্ডি পেরিয়ে নিজেকে একটি বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত করেছেন। সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয়তা এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ তাঁকে ক্রীড়াজগতের বাইরেও বড় এক তারকা বানিয়েছে। ফলে ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পর সিআরসেভেনের অভিনয়ে নামার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সাবেক এমএলএস তারকা ও প্রিমিয়ার লিগের গোলরক্ষক শাকা হিসলপ মনে করেন, রোনালদোর হলিউডে যাওয়া অসম্ভব কিছু নয়। গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুনুন, আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনালদো এখনো বিশ্বের অন্যতম বিখ্যাত মানুষ। তিনি কী করবেন, সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত। আর সত্যি বলতে, টাকার দিক থেকে তার কোনো ঘাটতি নেই।’

হিসলপের বিশ্বাস, হলিউডে নাম লেখালে অর্থের জন্য নয় বরং ভালোবাসা থেকেই সেটা করবেন রোনালদো, ‘তাই তিনি যা-ই করুন না কেন, সেটা করবেন ভালোবাসা ও আগ্রহ থেকে। তিনি হলিউডে যাবেন কি না, সেটা আমি বলতে পারি না। তবে তিনি নিজের ইচ্ছামতো যা খুশি করার অধিকার অর্জন করেছেন—এমনকি হলিউডে গিয়ে ভিনি জোন্সের সাইডকিক হিসেবেও কাজ করতে হলে সেটিও।’

রোনালদোর অভিনয়ে আসার সম্ভাবনা নিয়ে এর আগেও কথা বলেছেন তাঁর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ মিকায়েল সিলভেস্ত্রে। তাঁর মতে, পর্তুগিজ ফরোয়ার্ডের জন্য সাফল্যের সম্ভাবনা সীমাহীন। এমনকি ভিনি জোন্সের উদাহরণ টেনেছিলেন তিনি। ফুটবল থেকে অভিনয় জগতে সফল হয়েছিলেন জোন্স।

বিশ্বকাপজয়ী ফ্রান্সের সাবেক তারকা এমানুয়েল পেতিও রোনালদোর অভিনয় ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদী। তাঁর মতে, রোনালদোর ব্যক্তিত্ব, ক্যারিশমা ও বৈশ্বিক পরিচিতি তাঁকে হলিউডে আলাদা করে তুলতে পারে।

পেতি বলেন, ‘আমি মনে করি তার মধ্যে ক্যারিশমা ও আভা—দুটিই আছে। রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। ভাবুন তো, যদি সে হলিউডের বড় বড় তারকাদের মাঝে থাকে! ওই লোকগুলোর সামনে তার কিছুই প্রমাণ করার নেই। সে বলতে পারে, ‘আমি জানি, তুমি বড় তারকা। কিন্তু আমি ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আমি। আমি একজন বিলিয়নিয়ার। ফুটবলে জেতার মতো সবকিছুই আমি জিতেছি। তাহলে তুমি কে?’

পেতি আরও যোগ করেন, ‘অস্কার? একদিন হয়তো সেটাও হবে। সত্যি বলতে, তার জীবন নিয়ে একটি সিনেমা বানানো যায়। মানসিকভাবে তার চেয়ে শক্তিশালী কাউকে আমি কখনো দেখিনি। মানসিক দৃঢ়তার দিক থেকে এই মানুষটিই আমার দেখা সবচেয়ে শক্তিশালী।’

আপাতত রোনালদোর সব মনোযোগ ফুটবল ঘিরে। আল নাসরের সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। পাশাপাশি ক্যারিয়ারে ১ হাজার প্রতিযোগিতামূলক গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি। সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অবসর না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রোনালদো।