হোম > খেলা > ফুটবল

অবশেষে এক দলে খেলতে রাজি মেসি-রোনালদো

ক্রীড়া ডেস্ক    

একই জার্সিতে দেখা যাবে ইতিহাসের সেরা দুই ফুটবলারকে। ছবি: সংগৃহীত

ফুটবলের সবচেয়ে আলোচিত দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলের হয়ে খেলতে দেখার অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে। কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো একই দলের জার্সিতে মাঠে নামতে সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন ও পর্তুগিজ এই দুই তারকা।

ফুট মার্কাতোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে তেভেজের বিদায়ী ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেখানে মেসি ও রোনালদোকে একই দলে খেলানোর পরিকল্পনা করেছেন বোকা জুনিয়র্সের এই কিংবদন্তি।

মেসি ও রোনালদোর সঙ্গে তেভেজের সম্পর্কও দারুণ। আর্জেন্টিনা দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। আর ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করেছেন তেভেজ। এবার নিজের বিদায়ী ম্যাচে দুই সাবেক সতীর্থকে একই দলের হয়ে খেলতে দেখার স্বপ্ন পূরণ করতে চান তিনি।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে তেভেজ বলেন, ‘আমি সব সময় স্বপ্ন দেখেছি, ক্রিশ্চিয়ানো ও লিওকে একই দলে খেলতে দেখব। তারা সর্বকালের সেরা খেলোয়াড়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি, বিশেষ করে ক্রিশ্চিয়ানোর সঙ্গে। আমি তাকে বলেছিলাম—‘ক্রিশ্চিয়ানো, আমি চাই আমার বিদায়ী ম্যাচে তুমি ও মেসি একই দলে খেলো। যাতে পুরো বিশ্ব একবারের জন্য হলেও এই জাদু প্রত্যক্ষ করতে পারে।’

তেভেজ জানিয়েছেন, তাঁর প্রস্তাবে সম্মতি দিয়েছেন রোনালদো। মেসিকেও রাজি করাতে খুব বেশি বেগ পেতে হয়নি, ‘সে বলেছে, সে সেখানে থাকবে। লিওকে রাজি করানোও কঠিন ছিল না। তারা দুজনই সম্মতি দিয়েছে এবং আমি ভীষণ রোমাঞ্চিত। এই ম্যাচটি অত্যন্ত আবেগঘন হবে।’

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে মেসি-রোনালদো একে অপরের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। এবার তেভেজের বিদায়ী ম্যাচে সেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকাই যদি একই দলের হয়ে মাঠে নামেন, সেটি নিঃসন্দেহে হয়ে উঠবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় আয়োজন।