স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ডালাস স্টেডিয়ামে স্প্যানিশদের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিই হয়ে থাকল বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ। তবে পর্তুগালের হয়ে এটাই তাঁর শেষ ম্যাচ কি না, সেই সিদ্ধান্ত এখনই নিতে চান না তারকা ফুটবলার। আবেগ নয়, বরং সময় নিয়ে ভেবেচিন্তেই ভবিষ্যৎ নির্ধারণ করতে চান রোনালদো।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর মিক্সড জোনে রোনালদোর কাছে সাংবাদিকেরা জানতে চান, পর্তুগালের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন কি না। জবাবে রোনালদো বলেন, ‘আমি কখনোই আবেগের বশে সিদ্ধান্ত নিই না।’ সাত নম্বর জার্সিধারীর এই কথাতেই স্পষ্ট, দেশের হয়ে আরও কিছু দিন খেলা চালিয়ে যেতে চান তিনি। উল্লেখ্য, স্পেন ম্যাচের আগে রোনালদো জানিয়েছিলেন, এটাই হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপ।
শেষ বিশ্বকাপ মিশনেও ব্যর্থ রোনালদো। বর্নাঢ্য ক্যারিয়ারে কেবল সোনালী ট্রফিই ছুঁয়ে দেখা হলো না তাঁর। স্বাভাবিকভাবেই হতাশ রোনালদো, ‘এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে, এতে আমি খুবই কষ্ট পেয়েছি। আমি সর্বস্ব উজাড় করে দিয়েছি। নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি এবং আমি সম্পূর্ণ স্বচ্ছ বিবেক নিয়েই বিদায় নিচ্ছি। হ্যাঁ, এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন আমার ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটাব। তবে কোনো হঠকারী সিদ্ধান্ত আমি নেব না।’
স্পেনের কাছে হারায় ভাগ্যকেও দায়ী করলেন রোনালদো, ‘বড় কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া সব সময়ই কষ্টের। এটা বিশ্বকাপ। আমার মতে, দলটি ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরছিল। আমরা ভালো খেলেছি। ম্যাচটি যে কোনো দিকেই যেতে পারত, কিন্তু ফুটবল এমনই। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’
বিদায়ের হতাশার মধ্যেও সতীর্থদের প্রশংসা করতে ভুলেননি রোনালদো, ‘এভাবে বিদায় নেওয়া অবশ্যই হতাশাজনক। তবে আমরা মাথা উঁচু করেই মাঠ ছাড়তে পারি।’