লিওনেল মেসি যেন পুরো বিশ্বের মধ্যমণি। বিশ্বের যে প্রান্তেই আর্জেন্টিনার খেলা হোক, মেসিকে একনজর দেখতে স্টেডিয়ামে ভিড় করেন হাজারো ভক্ত-সমর্থক। গত রাতে ডালাসে বিশ্বকাপের আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে নজর কেড়েছেন পলিন কানা নামে শত বছর বয়সী এক নারী। সামাজিক মাধ্যমে এখন তাঁকে নিয়ে চলছে আলোচনা।
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে গতকাল ডালাসের গ্যালারিতে দেখা গিয়েছিল দিয়েগো আরমান্দো ম্যারাডোনা ও মেসির ছবি। আর্জেন্টাইন সমর্থকেরা তো বটেই, প্রতিপক্ষ অস্ট্রিয়ার সমর্থকেরাও মেসির প্ল্যাকার্ড এনেছেন। হাজার হাজার দর্শকের মধ্যে পলিন নামে এক নারী আলোচনায় এসেছেন বিশেষ এক প্ল্যাকার্ডের কারণে। ক্যামেরার লেন্স যখন গ্যালারির দিকে ঘুরে যায়, তখন প্ল্যাকার্ডে দেখা যায় ‘১০০ বছর বয়সী মেসিভক্ত।’
পলিনের প্ল্যাকার্ডে লেখা ১০০ বছর বয়সী মেসিভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। তবে তিনি যে এবারই প্রথম মেসির খেলা দেখতে এসেছেন, তা নয়। এমনকি এই নারীর বয়স ১০০ বছরও পূর্ণ হয়নি। ১ আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা পলিন বয়সের সেঞ্চুরি করবেন। গত বছর জুনে মার্কিন মুলুকে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচও তিনি দেখেছিলেন। সে সময় প্ল্যাকার্ডে পলিন লিখেছিলেন, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ তখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন ওহাইও রাজ্যের এই নারী।
শুধু মেসিভক্ত হিসেবে নয়, গিনেস বুকেও নাম লিখিয়েছেন পলিন। এ বছরের মে মাসের শেষে টেক্সাসের বেলভিলে একটি ক্রাউডসার্ফিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৯৯ বছর ২৭৪ দিন। তাতে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ক্রাউডসার্ফিংয়ে অংশ নেওয়া ব্যক্তি হিসেবে রেকর্ডটা নিজের করে নেন। এই ক্রাউডসার্ফিং আয়োজন করেছিলেন তাঁর নাতি রস স্মিথ।
রেকর্ডটা লিওনেল মেসি গড়তে পারেন ১৭ জুন। আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটিতে সেদিন অফসাইডে গোল বাতিল হওয়া ছাড়াও তিনি আরও একটা গোল করেই ফেলেছিলেন। তবে আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদান তা হতে দেননি। আর গতকাল এমন দিনে মেসি রেকর্ডটা গড়েছেন, যে দিনটা ছিল দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গডের’ ৪০ বছর পূর্তি। ১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকোর আসতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে হয়েছিল ম্যারাডোনার সেই অবিস্মরণীয় গোল। গত রাতে মেসি বর্ষপূর্তির দিনই রেকর্ডটা নিজের করে নিয়েছেন।
১০০ ছুঁই ছুঁই নারীর খেলা দেখার দিনে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। জোড়া গোলে মেসি রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। ১৮ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে সর্বোচ্চ ম্যাচজয়ী ফুটবলারও তিনি। দুই রেকর্ডেই মেসি পেছনে ফেলেছেন মিরোস্লাভ ক্লোসাকে। ক্লোসা বিশ্বকাপে করেছেন ১৬ গোল। জিতেছেন ১৭ ম্যাচ।