আবারও আইনি ঝামেলায় জড়ালেন এজেকিয়েল সিরিগ্লিয়ানো। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের সাবেক এই মিডফিল্ডারকে পুলিশ কর্মকর্তার সার্ভিস অস্ত্র নিয়ে পালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটেছে দেশটির ত্রেস দে ফেব্রেরো জেলার ভিয়া পিনেরাল এলাকায়।
পুলিশের প্রাথমিক প্রতিবেদনের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি নজরদারি চৌকির সামনে যান সিরিগ্লিয়ানো। সেখানে এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই কর্মকর্তার সার্ভিস অস্ত্র নিয়ে তিনি ঘটনাস্থল থেকে চলে যান।
ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সিরিগ্লিয়ানোকে আটক করে। তাঁর কাছ থেকে অস্ত্রটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ডাকাতি এবং কর্তৃপক্ষের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পুলিশ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার সময় সিরিগ্লিয়ানো মাদকের প্রভাবে ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো বিচারিক সিদ্ধান্ত হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিরিগ্লিয়ানোর এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০২২ সালে ত্রেস দে ফেব্রেরোতেই একটি বাড়িতে অস্ত্র নিয়ে প্রবেশ এবং গুলি ছোড়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তাঁর কাছ থেকে ৯ মিলিমিটার একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।
ওই মামলায় প্রায় দুই মাস আটক থাকার পর প্রমাণের অভাবে মুক্তি পান সিরিগ্লিয়ানো। পরে রিভার প্লেটের সিনিয়র দলের হয়ে খেলেন তিনি। সেখানে আরিয়েল ওর্তেগাসহ ক্লাবটির সাবেক তারকাদের সঙ্গে মাঠে নামেন।
এরপর পেশাদার ফুটবলে ফেরার চেষ্টাও করেন সিরিগ্লিয়ানো। ফিলিপাইনের প্রথম বিভাগের ক্লাব স্ট্যালিয়ন লাগুনায় যোগ দিয়ে ১১টি ম্যাচ খেলেন তিনি। পরে ক্লাবটি ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসেন।
এবার নতুন করে গ্রেপ্তারের পর সিরিগ্লিয়ানোর বিরুদ্ধে চলমান মামলার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে দেশটির বিচারব্যবস্থা।