কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে আলবিসেলেস্তেদের। আফ্রিকার দলটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে নতুন কৌশল সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
আটালান্টা স্টেডিয়ামে আর্জেন্টিনার-মিসর ম্যাচ শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায়। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে মায়ামি থেকে আটালান্টায় পৌঁছেছে লিওনেল মেসিরা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মিসরের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ৩ পরিবর্তনের কথা ভাবছেন স্কালোনি।
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোয় রিকভারির জন্য বাড়তি সময় ব্যয় করতে হয়েছে আর্জেন্টিনার ফুটবলারদের। আটালান্টার বিমানে চড়ার আগে মায়ামিতে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের পরবর্তী ম্যাচের জন্য শারীরিকভাবে প্রস্তুত করাই ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য। পাশাপাশি কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্সে যে ঘাটতিগুলো চোখে পড়েছে, সেগুলো নিয়েও কাজ করেছেন স্কালোনি।
সবচেয়ে বড় আলোচনা হচ্ছে লেফট-ব্যাক পজিশনকে ঘিরে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চোট কাটিয়ে ফেরা নিকোলাস তালিয়াফিকো আবারও শুরুর একাদশে ফিরতে পারেন। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা ফাকুন্দো মেদিনা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের শেষদিকে ক্র্যাম্পে ভুগেছেন। তাই আর্জেন্টিনার নিয়মিত লেফট ব্যাককে ফেরানোর সম্ভাবনাই বেশি।
আক্রমণভাগেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপের শুরুতে কিছুটা এগিয়ে থাকলেও শেষ বত্রিশের ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি লাউতারো মার্তিনেস। তাই শুরুর একাদশে হুলিয়ান আলভারেসকে নিয়ে ভাবছেন স্কালোনি। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
মিডফিল্ডেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ খেলেছেন লিয়ান্দ্রো পারেদেস। মিসরের বিপক্ষে শুরুর একাদশে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। নিকোলাস গনসালেসও বিকল্প হিসেবে বিবেচনায় আছেন। সে ক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন থিয়াগো আলমাদা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিসর ম্যাচকে সামনে রেখে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ—প্রতিটি পজিশনে একটি করে পরিবর্তন আনতে চান স্কালোনি। অবশ্য এই কোচের জন্য চমক দেওয়ার অভ্যাস নতুন নয়। কাতার বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড় ও ফরমেশন বদলে দারুণ ফল পেয়েছিলেন তিনি।
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; নাউয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তার, এনসো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস অথবা নিকোলাস গনসালেস; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস অথবা লাউতারো মার্তিনেস।