উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে কর্নার পতাকা হাতে গুলি ছোড়ার ভঙ্গিতে উদ্যাপন করেন সাইয়েদ আবু ফারচি। এই উদ্যাপনই কাল হয়েছে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য।
অদ্ভুত উদ্যাপনের জন্য রেফারি জর্জি কাবাকভ ফারচিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। শেষ পর্যন্ত ১০ জনের ইসরায়েলকে ৩-১ গোলে হারায় অস্ট্রিয়া।
লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। ৫৫তম মিনিটে ক্রস থেকে হেডে গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান আবু ফারচি।
গোলের পর কর্নার পতাকার কাছে ছুটে যান আবু ফারচি। পতাকাটি তুলে নিয়ে এক হাঁটুতে ভর করে সেটিকে বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি।
এই উদ্যাপনের কয়েক মিনিট আগেই ফাউলের জন্য আবু ফারচিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি কাবাকভ। উদ্যাপনের ঘটনায় তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আক্রমণভাগের এই ফুটবলারকে। এরপর ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলেছে ইসরায়েল।
একজন কম নিয়ে খেললেও দীর্ঘ সময় অস্ট্রিয়াকে আটকে রাখে ইসরায়েল। শেষ পর্যন্ত ৯০তম মিনিটে পল ভানারের ক্রস থেকে গোল করে অস্ট্রিয়াকে আবার এগিয়ে দেন ফিলিপ মভেনে। যোগ করা সময়ে কাছ থেকে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন সাসা কালাইৎসিচ। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া।