হোম > খেলা > ফুটবল

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

ক্রীড়া ডেস্ক    

মাদ্রিদ বিমানবন্দরে নামার পর চ্যাম্পিয়ন স্পেন দলের ফুটবলার, কোচ ও সাপোর্টিং স্টাফরা ছবি তুলেছেন। ছবি: এক্স

১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে উদ্বেলিত স্প্যানিশ ফুটবল দল। নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর রদ্রি, লামিনে ইয়ামাল, পাউ কুবারসি, গাভি, ফেরান তোরেসরা মেতে ওঠেন বাঁধভাঙা উচ্ছ্বাসে। বিশ্বকাপ নিয়ে আজ দেশের মাটিতে পা রাখলেন ইয়ামালরা।

ইয়ামাল-রদ্রিরা কখন মাদ্রিদে পা রাখবেন—ভক্ত-সমর্থকেরা এ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে আজ দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। মাদ্রিদে স্পেনের ফুটবল দলের বিমান অবতরণ করতেই একে একে বেরিয়ে এলেন অধিনায়ক রদ্রি ও কোচ লুইস দে লা ফুয়েন্তেসহ আরও অনেকেই। রদ্রি বিমান থেকে নামার আগেই উঁচিয়ে ধরলেন শিরোপা। নামার পর স্প্যানিশ অধিনায়ক, কোচ দে লা ফুয়েন্তে, কুকুরেয়া, কুবারসিরা ফটোসেশন করেছেন।

মাদ্রিদ বিমানবন্দরে ট্রফি উঁচিয়ে ধরেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। ছবি: এক্স

দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর কোচ, ফুটবলার, সাপোর্টিং স্টাফদের মুখে দেখা গেছে হাসি। তবে ১৬ বছর পর বিশ্বকাপ জয় বলে কথা। রাজকীয় বরণ না হলে কি চলে! ছাদখোলা বাসে পুরো মাদ্রিদ ঘোরার আগে রাজা ষষ্ঠ ফিলিপ চ্যাম্পিয়ন দলের সদস্যদের সংবর্ধনা দেবেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।

নিউজার্সিতে গতকাল আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন। চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ ফুটবলাররা শুরু করেন উদযাপন। ইয়ামালের ভাইও গাভি, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়াদের সঙ্গে ফুটবল খেলেছে। বড় ভাইয়ের প্রথম বিশ্বকাপ জয়ের পর সেই ট্রফি হাতে নিয়ে উদযাপনও করেছে কেইন। কখনো লাফ দিয়ে ভাইয়ের কোলে উঠেছে কেইন। চ্যাম্পিয়ন হয়েছে বলে কথা। ইয়ামাল ও তাঁর ভাইয়ের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস তো শিরোপাজয়ীদেরই মানায়।

১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে উদযাপন করতে গিয়ে স্পেনের পশ্চিমাঞ্চলে একটি ফোয়ারা ধসে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন বলে আজ স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম জানিয়েছে। এর আগে নিউজার্সিতে ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন।

মেসিকে জড়িয়ে ধরেছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়কও

আট বছর পর বাংলাদেশে হচ্ছে সাফ, সূচি প্রকাশ

‘মেসি তো সব সময় নাম্বার ওয়ান’

ফাইনালের আগমুহূর্তে মেসির যে ভাইরাল কথা নিয়ে চলছে আলোচনা

ফাইনালে কেন অচেনা আর্জেন্টিনা

ছাদখোলা বাসে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের উদ্‌যাপন, আর্জেন্টিনাকে খোঁচা

যেখানে শেষ মেসির, ইয়ামালের শুরু

দেশে ফিরল আর্জেন্টিনা ফুটবল দল, বুয়েনস এইরেসে রাজকীয় বরণ

ফাইনালে হারের ক্ষত শুকাতে অনেক সময় লাগবে: মেসি

আড়াল থেকে আলোয় তাঁরা