অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ সামনে রেখে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। নকআউটের আগে খেলোয়াড়দের সতেজ রাখতে এবং বেঞ্চের শক্তি পরীক্ষা করতেই এই পথে হাঁটতে চান আর্জেন্টিনার কোচ।
ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পরই ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। দিনের প্রথম ম্যাচে জর্ডান হেরে যায় আলজেরিয়ার কাছে। নিজেদের শেষ ম্যাচে লা আলবিসেলেস্তেরা জর্ডানের কাছে হারলেও তাই গ্রুপের সেরা হয়েই সেরা ৩২-এ পা রাখতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর স্কালোনি বলেন, ‘যোগ্যতা অর্জন আমাদের জন্য কিছুই বদলে দেয় না। দুই ম্যাচই জিততে পারলে আমরা অবশ্যই খুশি হতাম। এখন পরিস্থিতি বিশ্লেষণ করব। পরিকল্পনা হলো, যেসব খেলোয়াড় সুযোগ পাওয়ার যোগ্য, তাদের অধিকাংশকেই মাঠে নামানো। ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা সেটাই করব।’
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৮ জুন ডালাসে জর্ডানের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। নকআউট পর্বের আগে হাতে সময় খুব কম থাকায় কোনো খেলোয়াড়কে অযথা ঝুঁকিতে ফেলতে চায় না কোচিং স্টাফ। প্রতিবেদনে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ক্রিস্তিয়ান রোমেরোকে বিশ্রাম দেওয়া প্রায় নিশ্চিত। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। বিশ্বকাপ শুরুর আগেও একই হাঁটুতে মচকানোর সমস্যা ছিল তাঁর। রোমেরোকে নিয়ে সতর্ক অবস্থানেই থাকছে আর্জেন্টিনা।
এদিকে চোট নিয়ে বিশ্বকাপ শুরু করা নিকোলাস তালিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেসকে অস্ট্রিয়ার বিপক্ষে কিছু সময় খেলিয়েছেন স্কালোনি। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ ফিটনেস বাড়ানোর জন্য জর্ডানের বিপক্ষে তাঁদের দুজনকে বেশি সময় দিতে চান এই কোচ। একই সঙ্গে মিডফিল্ডের দুই নির্ভরযোগ্য সদস্য এনসো ফার্নান্দেস ও আলেক্সিস মাক আলিস্তারকে বিশ্রাম দেওয়া হবে কি না, সেটা নিয়েও ভাবছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। প্রথম দুই ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তাঁরা। লিসান্দ্রো মার্তিনেসকেও পুরো সময় খেলিয়েছেন স্কালোনি।
জর্ডানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে। আগামীকাল ৩৯ বছরে পা দিতে যাওয়া এই ফরোয়ার্ড দুর্দান্ত ছন্দে আছেন। প্রথম ২ ম্যাচে ৫ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন। ১৮ গোল নিয়ে পেছনে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জর্ডানের বিপক্ষে মেসিকে স্কালোনি বিশ্রাম দেবেন নাকি খেলাবেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তবে আর্জেন্টিনার পরিকল্পনা স্পষ্ট, গ্রুপপর্বের শেষ ম্যাচের চেয়েও তাদের দৃষ্টি এখন নকআউট পর্বের দিকে।