হোম > খেলা > ফুটবল

বিদায়বেলায় আবেগঘন বার্তা আর্জেন্টিনার সহকারী কোচের

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন ওয়ালতার স্যামুয়েল। ছবি: সংগৃহীত

নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন ওয়ালতার স্যামুয়েল। আজ শেষ হয়ে গেল আর্জেন্টিনার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক। খুব একটা সংবাদ সম্মেলনে না এলেও বিদায়বেলায় আবেগ আর লুকোতে পারেননি তিনি। সহকর্মী, শিষ্যদের উদ্দেশ্যে দিয়েছেন আবেগঘন এক বার্তা।

২০১৮ সালে আর্জেন্টিনার সহকারী কোচের দায়িত্ব নিয়েছিলেন স্যামুয়েল। আজ কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি। আর কখনো স্যামুয়েলকে দেখা যাবে না আর্জেন্টিনার ডাগআউটে। আজ ম্যাচের পর প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্যামুয়েল। এএফএ প্রধান ক্লদিও তাপিয়াকে ধন্যবাদ জানিয়ে ওয়ালতার বলেন, ‘বছরগুলো ছিল অসাধারণ। আমার পরিবার সব সময় আমার পাশে ছিল। তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আবেগপ্রবণ হতে চাই না। লিওকে (স্কালোনি) ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তোমাকেও (ক্লদিও তাপিয়া) ধন্যবাদ।’

আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির পথচলা ২০১৮ সাল থেকেই। গত আট বছর প্রধান কোচের দায়িত্বে থেকে চারটি শিরোপা জেতাতে অবদান রেখেছেন। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জয়ে স্কালোনির সঙ্গে ডাগআউটে ছিলেন ওয়ালতার। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেসরা মনে রাখার মতো অনেক মুহূর্ত দেশটির ফুটবল-সমর্থকদের উপহার দিয়েছেন। বিদায়বেলায় কোচিং স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্যামুয়েল। এএফএর ভিডিও বার্তায় আর্জেন্টিনার সাবেক সহকারী কোচ বলেন, ‘পুরো কোচিং স্টাফ আমার কাছে ছিল দ্বিতীয় পরিবারের মতো ছিল। আর তোমাদের সবাইকেও ধন্যবাদ। ফুটবলে যদি আমি কিছু হয়ে থাকতে পারি, তাহলে তার পেছনে এই মানুষগুলোর অবদান রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

আর্জেন্টিনা-কোস্টারিকা ম্যাচ শেষেই এএফএ স্যামুয়েলকে বিদায় জানানো নিয়ে একটা ভিডিও পোস্ট করে। বিদায় বেলায় তাঁকে একটি সম্মাননা স্মারক এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তাঁর পরিহিত দুই নম্বরের জার্সি উপহার দেওয়া হয়। আপাতত স্যামুয়ল এককভাবে কোচিং ক্যারিয়ার শুরু করতে চান বলে স্কালোনি ম্যাচ শেষে উল্লেখ করেছেন। তবে সহকারী কোচের পদ ফাঁকা থাকলেও আপাতত সেখানে কাউকে যুক্ত করা হচ্ছে না। কোস্টারিকাকে ৭-০ গোলে হারানোর পর আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা নতুন কাউকে যুক্ত করব না। আমরা সাতজন আছি এবং আমাদের বিশ্বাস সাতজনই যথেষ্ট। আমার মনে হয় আমরা ভালো আছি। সম্প্রতি আমরা তাঁকে ছোট্ট একটি বিদায়ী সংবর্ধনা দিয়েছি। তাঁকে হারানো যে আমাদের জন্য বড় ক্ষতি, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কারণ, আমরা যেসব সফলতা অর্জন করেছি, তার পেছনে তাঁর অবদান অনেক বড়।’

বাংলাদেশ সময় আজ সকালে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে ২০২৬ সাল শেষ করল আর্জেন্টিনা। কোনো গোল হজম না করায় মার্তিনেসের এমন এক তালিকায় নাম উঠে গেছে, যেখানে তাঁর সঙ্গে আছেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক সার্জিও রোমেরো। দুজনেই সমান ৪৭ ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পেরেছেন। যা আর্জেন্টাইন গোলরক্ষকদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। এত দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ডটি রোমেরোর থাকলেও এবার আর সেটা তাঁর একার থাকল না।

রোমেরোর রেকর্ডে ভাগ বসালেও একটা দিক থেকে ঠিকই মার্তিনেস অনেকটা এগিয়ে গেছেন। ৯৬ ম্যাচের মধ্যে ৪৭ ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পেরেছিলেন রোমেরো। তাঁর সফলতার হার ৪৮.৯৬ শতাংশ। এদিকে মার্তিনেস মাত্র ৭১ ম্যাচেই ৪৭ ক্লিনশিট রাখতে পেরেছেন। ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষকের সফলতার হার ৬৫.৭১ শতাংশ। আজ সাত গোলের মধ্যে নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, আলভারেস করেছেন জোড়া গোল। অপর গোল করেছেন আলেক্সিস মাক আলিস্তার। তবে স্যামুয়েলের বিদায় হলেও স্কালোনির সঙ্গে এএফএর চুক্তি ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত।