হোম > খেলা > ফুটবল

জার্সি নিয়ে ফারহানকে কী বলেছেন শ্রীলঙ্কার কোচ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফারহান আলী ওয়াহিদকে প্রশংসায় ভাসালেন লঙ্কান কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ছবি: সংগৃহীত

ম্যাচ শেষেই জাতীয় স্টেডিয়ামে গতকাল একটা ঘটনার দিকে সবারই চোখ পড়ে গেল। শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরিকে নিজের জার্সি খুলে সেটা তুলে দিচ্ছেন ফারহান আলী ওয়াহিদ। লঙ্কান কোচের মতে ফারহান আগামীর সেরা ফুটবলারদের একজন হতে যাচ্ছেন।

গতকাল জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুর্ধর্ষ জয়ে অবদান রয়েছে ফারহানেরও। দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে ড্রিবলিং করে এমন এক গোল দিলেন, সেটা লঙ্কানদের অসহায়ের মতো দেখা ছাড়া কোনো উপায় ছিল না। এমনকি বাংলাদেশ অধিনায়ক হামজা চৌধুরীর চোখেমুখে ছিল ঘোর লাগা অবিশ্বাস। ম্যাচ শেষে ফারহানের জার্সি চেয়ে নিলেন মুতাইরি। যে জার্সি লঙ্কান কোচ সাফের আগেই চেয়েছিলেন। জার্সি নেওয়ার পর কী কথা হয়েছে—বাংলাদেশের ৪-০ গোলে জয়ের পর সাংবাদিকেরা জানতে চাইলেন মুতাইরির কাছে। লঙ্কান কোচ বলেন, ‘‘ফারহানের সঙ্গে কী কথা হয়েছে? আমি তাকে বললাম, ‘এভাবেই খেলতে থাক। তুমি আগামী ১০ বছরে সাফের সেরা খেলোয়াড় হবে।’ আশা করি কোনো এক দিন আবার তার সঙ্গে দেখা হবে। খুবই ভালো।’’

বাংলাদেশ আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রাখলেও শ্রীলঙ্কার জন্য সেটা ছিল ‘বাঁচা-মরা’র ম্যাচ। স্বাগতিকদের মুখোমুখি হওয়ার আগেই লঙ্কান কোচ বলেছিলেন, ‘আগামী ১০ বছরে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হবে ফারহান।’ লঙ্কান কোচের সেই ভবিষ্যদ্বাণীর যেন জ্যান্ত প্রমাণ দিলেন বোরহামউড এফসিতে খেলা এই তরুণ। ৫৩ মিনিটে গোলের পর ফারহানকে মাথায় তুলে উল্লাসে মাতেন সাদ উদ্দিনরা। চোখধাঁধানো গোল নিয়ে ম্যাচ শেষে ফারহান বলেন, ‘যখনই আমি ওই জায়গাটার দিকে বল পেলাম, ওটাই মূলত আমার খেলার পছন্দের জায়গা যেখানে আমি থাকতে চাই। আমি জানি ডি-বক্সে আমাকে ছোঁয়া যাবে না, আর স্পর্শ করলেই সেটা পেনাল্টি হবে। তাই হ্যাঁ, মাথায় কেবল একটাই ভাবনা ঘুরছিল—মার্কারকে কাটিয়ে শট নেওয়া। আর হ্যাঁ, সেটাই হয়েছে। ঘরের মাটিতে অভিষেকে নিজের প্রথম গোলটি পেয়ে আমি সত্যিই আনন্দিত।’

বালাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালে গ্যালারির একাংশে দেখা গেল এক বিশাল ব্যানার। এআই দিয়ে বানানো সেই ছবিতে দেখা যাচ্ছে দুজনকে। একজন বাংলাদেশের ফারহান, অপরজন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। ফারহানের হাত থেকে তাঁর জার্সি নিচ্ছেন শ্রীলঙ্কান কোচ। ব্যানারের ডান দিকে ইংরেজিতে লেখা একটা বাক্যে অনেকেরই চোখ আটকে যায়। সেই লেখাটি হলো ‘ডোন্ট ক্রাই, গো ব্যাক হোম’। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়—‘কেঁদো না, বাড়ি ফিরে যাও’।

৪-০ গোলে হেরে যাওয়ায় শ্রীলঙ্কাকে বাড়িই ফিরতে হচ্ছে। লঙ্কানদের বড় হারে মাত্র ১ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে নাটকীয়ভাবে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। জাতীয় স্টেডিয়ামে ১৪ নভেম্বর বেলা ৩ টায় হবে ভুটান-ভারত সেমিফাইনাল। সেদিন রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। পাকিস্তান উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে।