হোম > খেলা > ফুটবল

‘মেসির গোল আটকাতে যা করা দরকার, সবই করব’

ক্রীড়া ডেস্ক    

আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। ছবি: এএফপি

আর মাত্র একটা সকাল। বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। তারকা ফুটবলারের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখবেন মেসি, এই প্রত্যাশা সকলের। তবে তাঁর বিদায়টা যেন রঙিন না হয়, সেই চেষ্টা করবেন বেনিন গোলরক্ষক মার্সেল দাঁদজিনু।

আর্জেন্টিনার জার্সিতে ২০৮তম ম্যাচ খেলতে নামবেন মেসি। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে প্রতিপক্ষকে বোকা বানিয়ে একের পর এক গোল করেছেন। গোলের পর শূন্যে দুই হাত তুলে উদযাপনও করেছেন কয়েকবার। কালও নিশ্চয়ই বেনিনের বিপক্ষে তাঁর এমন স্মরণীয় বিদায় দেখতে চাইবেন ফুটবলপ্রেমীরা।

দাঁদজিনু স্বয়ং মেসিভক্ত হলেও আর্জেন্টিনার তারকা ফুটবলারকে আটকাতে সর্বাত্মক চেষ্টা করবেন। আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে বেনিন গোলরক্ষক বলেন, ‘আমরা এখানে মেসির বিদায়ী ম্যাচ উপভোগ করতে এসেছি। কিন্তু কেউ আমাদের বলেননি যে তাকে একটি গোল উপহার দিতে হবে। আর মেসিকে তো আপনি চেনেনই। তাঁকে নতুন করে উপহার দেওয়ার দরকার নেই। তিনি যদি গোল করতে চান, তাহলে তাঁকে সেটি করতে সর্বোচ্চটা দিতে হবে।’

ধরা যাক, কাল এমন এক মুহূর্ত এল, পেনাল্টি থেকে গোল করে বিদায় নিলেন মেসি। এমন পরিস্থিতিতেও নিজের সর্বোচ্চটা দিয়ে গোল ঠেকানোর চেষ্টা করবেন দাঁদজিনু। বেনিন গোলরক্ষক বলেন, ‘আমি একজন গোলরক্ষক। আমার কাজ হলো গোল ঠেকানো। ম্যাচের শেষ মিনিট হলেও এমনকি সেটা যদি পেনাল্টিও হয়, মেসি সেটা নিলে আমি তা ঠেকাতে চেষ্টাা করব।’

বিদায়ী ম্যাচে বিশেষ এক জার্সি পরবেন মেসি। তিন স্ট্রাইপবিশিষ্ট জার্সিটি গতকাল প্রকাশ করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের জার্সিতে দুটি বড় উল্লম্ব আকাশি-নীল স্ট্রাইপ থাকবে। মাঝখানে থাকবে একটি সাদা স্ট্রাইপ। কেন্দ্রে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম, জার্সি নম্বর ১০— সব সোনালি রঙে লেখা থাকবে।

মেসির ১০ নম্বরের বিশেষ এই জার্সি পেতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে দাঁদজিনু অনুরোধও জানিয়েছেন। আর্জেন্টিনা ম্যাচের আগে বেনিন গোলরক্ষক বলেন, ‘আমার দলের যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, সবাই তাঁর (মেসি) জার্সিটি চায়। তাই তারা যদি অনেকগুলো জার্সি তৈরি করে প্রত্যেক খেলোয়াড়কে একটি করে দেয়, তাহলে দারুণ হবে। কারণ, যদি মাত্র একজন খেলোয়াড়কে জার্সিটি দেওয়া হয়, সেই জার্সিটি কে পাবে, তা বলা মুশকিল।’

রোজারিও থেকে ২৯০ কিলোমিটার দূরে মনুমেন্তালে মেসি আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলতে নামবেন। যে শহরে আর্জেন্টিনার তারকা ফুটবলারের জন্ম, সেই এলাকার সন্তানকে অসাধারণ সম্মাননা দিয়েছেন রোজারিওর লোকেরা। রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে ৩০ মিটার দৈর্ঘ্যের একটি জার্সি রাখা হয়েছে। জার্সিতে সোনালি রঙে লেখা গ্রাসিয়াস, যার অর্থ ধন্যবাদ। এই জার্সিতে সোনালি রঙে ১০ লেখা হয়েছে।

বিদায়ী ম্যাচের আগে মনুমেন্তালে জাতীয় দলের সঙ্গে গতকাল শেষ অনুশীলনও সেরে ফেলেছেন তিনি। অনুশীলন শেষে তাঁর নামে নামাঙ্কিত এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে ডিনার করেন মেসি।রাতের খাবার শেষ করার আগে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।’

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি তাঁর আন্তর্জাতিক ফুটবলে ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে।