হোম > খেলা > ফুটবল

মেসি এখন ডক্টর

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার হয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপজয়ী লিওনেল মেসি এখন ডক্টর। ছবি: ফাইল ছবি

রেকর্ডের বরপুত্র উপাধি অনেক আগেই পেয়েছেন লিওনেল মেসি। একের পর এক গোলে রেকর্ড বই তছনছ করা, শিরোপা জয়ী মেসি সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়ে ফেলেছেন। এবার তিনি হয়ে গেলেন ডক্টর।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় মেসিকে অনারিস কাউসা উপাধিতে ভূষিত করেছেন। এটা এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানসূচক স্বীকৃতি। আর্জেন্টিনার রাজধানী শহরের এই বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। মেসির অসাধারণ পারফরম্যান্স, কঠোর পরিশ্রম, বিনয় এবং আর্জেন্টিনার জার্সিতে তাঁর অবদান তুলে ধরেছে সুপিরিয়র কাউন্সিল।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপিকে সম্মানসূচক ডক্টরেট উপাধি দিতে গিয়ে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আর্জেন্টিনায় মেসির অবদান সম্পর্কে আমরা সবাই জানি। একজন ক্রীড়াবিদ হিসেবে সংখ্যা, পরিসংখ্যানই তাঁর অর্জনের সাক্ষ্য দিচ্ছে। এর বাইরেও আমরা একজন বিনয়ী, দৃঢ়প্রতিজ্ঞ মানুষকে সম্মান জানাতে চাই। তিনি আমাদের জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন আদর্শ।’

মেসিকে ছাড়া আজ মারিও কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তারকা ফুটবলার যেন না থেকেও ছিলেন। একটি করে গোল ও অ্যাসিস্টে মেসিকে মনে করালেন নিকো পাজ। আলবিসেলেস্তেদের চার ফুটবলার গোল করেছেন। পাজের মতো একটি করে গোল করেছেন লাওতারো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো ও হোসে মানুয়েল লোপেস।

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে সেই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বেনিন। তার আগে মারিও কেম্পেস স্টেডিয়ামে মেসিকে ছাড়া ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।