জয় শব্দটি রিয়াল মাদ্রিদের ডিকশনারি থেকে একরকম হারিয়েই যেতে বসেছিল। সবশেষ ২৩ মার্চ লা লিগায় ২৩ মার্চ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর টানা চার ম্যাচে জয়ের মুখ দেখেনি রিয়াল। অবশেষে গত রাতে জয়ে ফিরল আলভারো আরবেলোয়ার দল। যদিও অস্বস্তি কাটেনি লস ব্লাঙ্কোসদের।
লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রিয়াল মাদ্রিদের কেবল কাগজে কলমেই টিকে রয়েছে। গত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসকে ২-১ গোলে রিয়াল হারিয়েছে ঠিকই। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান খুব একটা কমাতে পারেনি আরবেলোয়ার দল। ২০২৫-২৬ মৌসুমের লা লিগায় ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৯। তারা খেলেছে ৩১ ম্যাচ।
শিরোপা জিততে হলে লা লিগায় সবগুলো ম্যাচ রিয়ালের জিততে তো হবেই। একই সঙ্গে হারতে হবে বার্সেলোনাকেও। কিন্তু বাস্তবে ৬ পয়েন্টের ব্যবধান ঘোচানো অত সহজ নয়। আজ রাতে নিজেদের ৩২তম ম্যাচে বার্সেলোনা আজ খেলবে সেলতা ফিগোর বিপক্ষে। ক্যাম্প ন্যুতে এই ম্যাচ জিতলে বার্সার পয়েন্ট হবে ৮২।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল আলাভেসের বিপক্ষে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে খুঁজে নেয় আলাভাসের জাল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৫০ মিনিটে দূরপাল্লার জোরালো শটে গোল করেন ভিনিসিয়ুস। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে আলাভেস স্ট্রাইকার টনি মার্তিনেজ গোল করে শুধু ব্যবধানই কমাতে পেরেছেন।
এ বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্নের শুরু। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে যায় রিয়ালের পথচলা। লা লিগার শিরোপা জয়ও এক রকম অসম্ভব। মৌসুম শেষে আরবেলোয়ার রিয়ালে চাকরি টিকবে কি না, তা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। যদিও রিয়াল কোচ তা নিয়ে তেমন কিছু ভাবছেন না। আলাভেসের বিপক্ষে গত রাতে জয়ের পর তিনি বলেন, ‘আমি কী ঝুঁকিতে আছি, তা নিয়ে বেশি কিছু ভাবছি না। আমাদের সামনে ছয় ম্যাচ। সব ম্যাচ জেতাই এখন লক্ষ্য।’
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় গত ২৩ মার্চ ৩-২ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। এরপর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে পাঁচ ম্যাচ খেলে রিয়াল। এই পাঁচ ম্যাচের মধ্যে হেরেছে তিন ম্যাচ এবং এক ম্যাচ ড্র করেছে। জিতেছে কেবল গত রাতের ম্যাচেই।