ইংল্যান্ডে চলছে বাংলাদেশি ক্রিকেটারদের জয়জয়কার। হাসান মাহমুদ কেন্ট ছাড়লেও ব্যাটনটা যেন সৈয়দ খালেদ আহমেদের হাতেই তুলে দিয়ে এসেছেন। হাসানকে দেখে উজ্জীবিত খালেদ পেসার কাঁপাচ্ছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে। তবে হ্যাটট্রিকের কাছাকাছি যে পৌঁছে গিয়েছিলেন, সেটা বেমালুম ভুলেই গিয়েছিলেন খালেদ।
ল্যাঙ্কাশায়ারে-কেন্টের চলমান চারদিনের ম্যাচে এরই মধ্যে দুই ইনিংস বোলিং করে ফেলেছেন খালেদ। পেয়েছেন ৮ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ফাইফার তুলে নেওয়ার পথে হ্যাটট্রিকের কাছাকাছিও চলে গিয়েছিলেন। যেখানে ৫৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে মিচেল স্ট্যানলি ও প্রতিপক্ষ অধিনায়ক জেমস অ্যান্ডারসনের উইকেট তুলেও নিয়েছিলেন খালেদ। কিন্তু অ্যান্ডারসনের আউটেই যে ইনিংস শেষ হয়ে যায়।
গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে খালেদের ঝুলিতে এল ৮ উইকেট। ল্যাঙ্কাশায়ারকে কাঁপিয়ে দেওয়া কেন্টের এই পেসারের কাছে জিজ্ঞাসা করা হয়েছে প্রথম ইনিংসের সম্ভাব্য হ্যাটট্রিক নিয়ে। উত্তরে ৩৩ বছর বয়সী পেসার উল্লেখ করেছেন হাসান মাহমুদের কথাও। খালেদের ভাষ্য, ‘হ্যাঁ, আমি এটা ভুলেই (সম্ভাব্য হ্যাটট্রিক) গিয়েছিলাম। তবে এমন বোলিংয়ে খুবই খুশি। সতীর্থরাও প্রশংসা করেছে। সে (হাসান) আমাকে এক ভিডিওতে শুভকামনা জানিয়েছে।’
প্রথম ইনিংসে ৫ উইকেট নিতে খালেদ খরচ করেছিলেন ৪২ রান। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একটু বেশি রান (৫২) দিলেও গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট নিয়েছেন। এই সময়ে খালেদ মিস করছেন তাঁর জাতীয় দলের সতীর্থ হাসানকে। গতকাল কেন্ট-ল্যাঙ্কাশায়ার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে খালেদ বলেন, ‘‘আমি হাসানকে মিস করছি। আর প্রথম ইনিংসে কেউ একজন আমাকে বলল, ‘তুমি হ্যাটট্রিকের সুযোগ হারিয়েছ।’ অবশ্যই হ্যাটট্রিক করতে চেয়েছিলাম। তবু আমি খুশি।’’
জুনে কেন্টের হয়ে অভিষেকের পর দুই দফায় চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে এরই মধ্যে তাঁর উইকেট ২৬। দুটি ফাইফার রয়েছে। যার মধ্যে এক ইনিংসে পেয়েছেন ১০ উইকেট। আর খালেদের অভিষেক গত ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে। এখন পর্যন্ত দুই ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।
কেন্ট-ল্যাঙ্কাশায়ার চার দিনের ম্যাচ শেষ হতে পারে আজ তৃতীয় দিনেই। চতুর্থ ইনিংসে খালেদের দলের লক্ষ্য ১৪০ রান। গতকাল ২ উইকেটে ৮৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে কেন্ট। তাওয়ান্দা মুই এবং স্যাম নর্থইস্ট ৩৭ ও ২৩ রানে ব্যাটিং করছেন। বর্তমানে ১৩ ম্যাচে ১৭৬ পয়েন্ট নিয়ে ডিভিশন চ্যাম্পিয়নশিপ টুয়ের পয়েন্ট তালিকায় তিনে কেন্ট। প্রথম দুইয়ে থাকা ডারহাম ও নর্দাম্পটনশায়ারের পয়েন্ট ২৩৫ ও ১৭৮। প্রত্যেকেই ১৩টি করে ম্যাচ খেলেছে।