হোম > খেলা > ক্রিকেট

‘অস্ট্রেলিয়ায় রানার না খেলার আক্ষেপটা বাংলাদেশকে পোড়াবেই’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছন্দে থাকা নাহিদ রানাকে অস্ট্রেলিয়া সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। ছবি: এএফপি

গতির ঝড় তুলে হই চই ফেলে দিয়েছেন নাহিদ রানা। শুধু কি গতি! উচ্চতা কাজে লাগিয়ে যে বাউন্সার ছোড়েন, তাতে ব্যাটাররা রীতিমতো ঘাবড়ে যান। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইয়ান বিশপের মতো ক্রিকেট বিশ্লেষকেরা মুগ্ধ রানার বোলিংয়ে। তবে এবার সেই গতিতারকাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া সিরিজে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। এই দল ঘোষণার আগেই জানা যায় রানাকে নিয়ে দুঃসংবাদের কথা। বাংলাদেশের এই গতিতারকা ছিটকে গেলেন পুরো সিরিজ থেকেই। অথচ এই রানা বাংলাদেশ তো বটেই, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মাঠে কাঁপিয়ে এসেছেন। এবার অস্ট্রেলিয়ার মতো পেস সহায়ক কন্ডিশনে তাঁকে না পাওয়ার আক্ষেপ করছেন বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ সংবাদ সম্মেলনে সুমন বলেন, ‘নাহিদ রানার আক্ষেপটা তো মুছে ফেলা যাবে না। নাহিদ রানা স্পেশাল বোলার। আমার মনে হয় যেকোনো টেস্ট দলে যদি দেখেন, সে রোমাঞ্চকর বোলার। সে না থাকার আক্ষেপটা তো থাকবেই।’

১২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৩৮ উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুইবার। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে ফাইফার আর এ বছর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ফাইফার—রানার এই দুই ফাইফারের ম্যাচেই বাংলাদেশ জিতেছে হেসেখেলে। এমনকি ওয়ানডেতেও ইনিংসে ৫ উইকেট নেওয়া এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন। প্রথম ৫ ম্যাচে যাঁর ছিল ৫ উইকেট, তিনি পরের ১০ ওয়ানডেতে তিনবার নিয়েছেন ফাইফার।

ছন্দে থাকা রানার অস্ট্রেলিয়া সিরিজে না থাকার আক্ষেপ যেমন লুকাতে পারেননি সুমন, একই সঙ্গে বিসিবি প্রধান নির্বাচক এনেছেন প্যাট কামিন্সের প্রসঙ্গও। যেখানে ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজে কামিন্স মাত্র ১ টেস্ট খেলেছেন। বাকি চার টেস্টে স্টিভ স্মিথ ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। ঘরের মাঠে অ্যাশেজ অস্ট্রেলিয়া জিতেছে ৪-১ ব্যবধানে। আজ সংবাদ সম্মেলনে সুমন বলেন, ‘দেখুন, সবশেষ অ্যাশেজে কিন্তু প্যাট কামিন্স খেলেনি। তাকে ছাড়া কিন্তু অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে। তারা কিন্তু একবারও বলেনি যে আমাদের আসল বোলার, অধিনায়ক নেই। সেক্ষেত্রে যখন আপনার মূল বোলার না থাকবে, সেটা নিয়ে আক্ষেপ করে তো আসলে আপনি এগোতে পারবেন না।’

রানা না থাকায় অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং আক্রমণের নেতা এখন তাসকিন আহমেদ। পাশাপাশি পেস বোলিং লাইনআপে আছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান। মুশফিকের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আর হাসান মাহমুদ কদিন আগে কাউন্টিতে দুর্দান্ত বোলিং করেছেন।

রানাকে নিয়ে আক্ষেপ না করে সুমন এখন ভবিষ্যতের কথা চিন্তা করছেন। অস্ট্রেলিয়া সিরিজের দল নিয়ে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘আমি মনে করি যে আমাদের যারা আছেন, যেমন তাসকিন দুর্দান্ত বোলার। যদি ফিট থাকে, তাহলে সে অসাধারণ। হাসান মাহমুদকে তো আপনারা সবাই দেখেছেন। যদি এই দুইজন ভালো করে, সঙ্গে খালেদও খারাপ খেলে না। ইবাদতও কিন্তু অতীতে ভালো করেছে। আমাদের এই কয়জনকে নিয়েই আসলে এগোতে হবে। অবশ্যই আক্ষেপ তো থাকবেই। তবে সেটা নিয়ে আসলে আমরা আর পড়ে থাকতে চাই না। সামনের দিকে তাকাতে চাই।’

ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকাইতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

অস্ট্রেলিয়ার সঙ্গে ২৩ বছর আগে কী ঘটেছিল, জানালেন বিসিবির প্রধান নির্বাচক

এবার নেপালের লিগেও খেলবেন সাকিব

সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

সৌম্য-জাকেরের সঙ্গে ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত

সিংহাসন ফিরে পেল ভারত, বাংলাদেশের কী অবস্থা

বাংলাদেশ-ভারত সিরিজের কথা শুনলে এই ম্যাচটাই মনে পড়ে মিরাজের

জিম্বাবুয়েতে বাংলাদেশিদের আতিথেয়তা এখনো ভুলতে পারছেন না আশরাফুল