হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়ন হওয়ার পরও সতীর্থদের সঙ্গে কেন উদযাপন করেননি সোহান

ক্রীড়া ডেস্ক    

শিরোপা জেতার পরও সতীর্থদের সঙ্গে উদযাপন করেননি নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো শিরোপা জয় বলে কথা। কলম্বোর প্রেমাদাসায় গতকাল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম শিরোপা জয়ের পর উদযাপনে মত্ত গল গ্যালান্টস। ফাইনালে একাদশে নুরুল হাসান সোহান সুযোগ না পেলেও চ্যাম্পিয়ন দলটির অংশীদার তো তিনিও। তবে শিরোপা জয়ের পর উদযাপন করেননি বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

জাফনা কিংসের বিপক্ষে ২৫ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে গত রাতে এলপিএলে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় গল গ্যালান্টস। লিজাড উইলিয়ামসকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মেরে গল অধিনায়ক দাসুন শানাকা এনে দেন জয়ের স্বাদ। চ্যাম্পিয়ন হওয়ার পর সবাই যখন মঞ্চে উদযাপনে ব্যস্ত, সোহান সেখানে যাননি।

অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কারণেই কি সোহান চ্যাম্পিয়ন হওয়ার পরও সতীর্থদের সঙ্গে উদযাপন করেননি—সাংবাদিকেরা এমন প্রশ্ন করেছেন গত রাতে কলম্বোর প্রেমাদাসায়। উত্তরে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘না না, তেমন কিছু না। এটা যে শ্যাম্পেন নিয়ে উদযাপন করছিল, এই কারণে। আমার সঙ্গে নাওয়াজ ছিল, আকিফ ছিল। নিজেরাই সে জায়গা থেকে সরে এসেছি।’

গল গ্যালান্টস প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সোহান। কৃতিত্ব দিয়েছেন সতীর্থদেরও, ‘অবশ্যই আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে ভালো একটা টুর্নামেন্ট। দল পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছে। আসলে চ্যাম্পিয়ন হতে গেলে আমার কাছে দল হিসেবে খেলাটা অনেক গুরুত্বপূর্ণ।’

গল গ্যালান্টসের হয়ে এবার সোহান খেলেছেন দুই ম্যাচ। ৩১ গড় ও ১৩৭.৭৭ স্ট্রাইকরেটে করেন ৬২ রান। কম সুযোগ পাওয়ায় নিজেকে কি দুর্ভাগা মনে করেন—উত্তর দিতে গিয়ে সোহান অবশ্য আক্ষেপটা লুকাতে পারেননি। ৩২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘পুরো ক্যারিয়ার জুড়ে জিনিসটা এরকম। তবে আমার কাছে মনে হয় এটার চেয়ে সব সময় লক্ষ্য থাকে দল আসলে আমার কাছে কী চাচ্ছে। দলের জন্য কোন কম্বিশন দরকার, সেটা আসলে গুরুত্বপূর্ণ।’

সোহান যেখানে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন, মুদ্রার উল্টো পিঠে অবস্থান করছেন তাঁর জাতীয় দলের দুই সতীর্থ সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। জাফনার জার্সিতে গতকাল ফাইনালে সাকিবের ব্যাট থেকে এসেছে ৯ রান। তবে বোলিংয়ে ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। ১৫ বল ডটও দিয়েছেন। একই দলের হৃদয় শিরোপা নির্ধারণী ফাইনালে করেন ১০ রান। টস জিতে আগে ব্যাটিং নিয়ে সাকিব-হৃদয়ের জাফনা ১৯.৩ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায়। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.৫ ওভারে জয়ের স্বাদ পায় গল।

‘ক্রিকেটের প্রতি বাংলাদেশের প্যাশন অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যাবে না’

যেভাবে তৈরি হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পিচ

মোস্তাফিজকে দলে নিয়ে কী লিখল দুবাই

বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ দেওয়ার ঘটনা ভাইরাল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে কী করতে হবে বাংলাদেশের

হাতে এখনো সময় আছে, ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশ কোচ

তাইজুলের চোটের কী খবর

প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বর্ষসেরার পুরস্কার জিতে হেডের ভাবনায় বাংলাদেশ সিরিজ

দক্ষিণ আফ্রিকায় এবার দাপুটে জয় পেল বাংলাদেশ