হোম > খেলা > ক্রিকেট

মুশফিকের কী হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। ছবি: ফাইল ছবি

মিরপুরে গতকাল অনুশীলনের সময় চোট পেলেও মুশফিকুর রহিম খেলবেন কি খেলবেন না, সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে দেখা গেল না তাঁর নাম। গতকালের চোটই মূলত বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারকে মিরপুর টেস্টের একাদশ থেকে ছিটকে দিয়েছে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, গতকাল অনুশীলনের সময় চোটই মুশফিকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আজ মিরপুর টেস্ট শুরুর কিছুক্ষণ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘মুশফিকুর রহিম গতকাল অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। তারপর থেকে সেঅবজারভেশনে ছিল। আজকে সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট সিলেটে শুরু হবে ৫ নভেম্বর থেকে। সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিককে পাওয়া যাবে বলে আশা বায়েজিদুলের। জাতীয় দলের ফিজিও বলেন, ‘এটা একটা কন্টিউশন ইনজুরি। আমরা আশা করছি আগামী তিন দিনের মধ্যে সে সুস্থ হবে। এবার সে খেলতে পারছে না। আশা করছি পরের টেস্ট।’

মুশফিক না থাকায় মিরপুর টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। এটা হৃদয়ের ক্যারিয়ারের একমাত্র টেস্ট। এর আগে ক্রিকেটের রাজকীয় সংস্করণে একমাত্র ম্যাচ তিনি খেলেছেন জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই টেস্টের দুই ইনিংস মিলে করেন ১২ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করেছে বাংলাদেশ। তানজিদ তামিম করেছেন ৭ রান। সাদমান ইসলাম ১ রানে ব্যাটিং করছেন।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বর্তমানে ৭৫ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৭২.২২ শতাংশ। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে চারে বাংলাদেশ।

৮১ টেস্ট খেলা মুমিনুলের এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং

দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই যেন বেশি

তামিমের যে রেকর্ড ভাঙার অপেক্ষায় এখনো মুশফিক, ছুটছেন শান্তও

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক

অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে দুমড়েমুচড়ে দিল ভারত

‘ভারত-অস্ট্রেলিয়া যেমন, বাংলাদেশ আমাদের কাছে তেমনই’

‘আশরাফুল অনেক কিছু করেছেন, নতুন কোচের সঙ্গেও মানিয়ে নিতে সমস্যা হবে না’

‘বাংলাদেশের ক্রিকেটাররা এখনো খুশি না’

নতুন সাজের বরিশাল স্টেডিয়ামে আছে উচ্ছ্বাস, আছে ক্ষোভও

টাকা ছাড়া এ কেমন নিলাম করল বিসিবি