হোম > খেলা > ক্রিকেট

রানাকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়াও

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টানা দুই ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন নাহিদ রানা। ছবি: বিসিবি

দুই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্ব ক্রিকেটের ‘মেগাস্টার’ বনে গেছেন নাহিদ রানা। গতির ঝড় তো রয়েছেই, বাউন্সারের পাশাপাশি লেংথের পরিবর্তন করে ব্যাটারদের ভড়কে দেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের মুখে মুখে এখন তাঁর নাম। বাংলাদেশের গতিতারকাকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়াও।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজেই সিরিজসেরার পুরস্কার জিতেছেন রানা। দুই সিরিজেই আটটি করে উইকেট নিয়েছেন তিনি। দুই দলের বিপক্ষেই রয়েছে তাঁর ফাইফারের কীর্তি। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিংয়ের পাশাপাশি বাউন্সার, ইয়র্কারে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছেন তিনি।

মিরপুরে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে আজ অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসের কাছে এসেছে রানার প্রসঙ্গ। তাঁকে খেলাটা কঠিন হবে বলে মনে করছেন ইংলিস। অজি অধিনায়ক বলেন, ‘আমি তার (রানা) বোলিং খুব একটা দেখিনি। তবে যতটুকু দেখেছি, তাতে তাকে একজন দারুণ বোলার মনে হয়েছে। সে অনেক লম্বা। অনেক জোরে বোলিং করে। তাকে খেলাটা এই সিরিজে অনেক কঠিন হবে।’

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করে এসেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও নাথান এলিস নিয়েছেন ৭ উইকেট। পাকিস্তানের দুই বোলার শাহিন শাহ আফ্রিদি, আরাফাত মিনহাসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন এলিস। যার মধ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এলিস।

আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ সিরিজে এলিসকে অস্ট্রেলিয়ার তুরুপের তাস মনে করেন ইংলিস। আজ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘নাথান এলিস অনেক দিন ধরে ভালো করছে। বেন ডাওয়ারসুইশও দুর্দান্ত খেলছে। তাদের এই পর্যায়ের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। তারা এই সিরিজে কেমন করে, তা দেখতে উন্মুখ হয়ে আছি।’

ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও সিরিজ শুরুর আগে বদলে গেল অস্ট্রেলিয়ার অধিনায়ক। মিচেল মার্শ না থাকায় অজিদের নেতৃত্ব দেবেন ইংলিস। মার্শের পাশাপাশি ট্রাভিস হেডকেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তাঁদের (মার্শ-হেড) না থাকা দুর্ভাগ্যজনক মনে করেন ইংলিস। অজি অধিনায়ক বলেন, ‘মিচেল মার্শ-ট্রাভিস হেডের না থাকা দুর্ভাগ্যজনক। পাকিস্তান সিরিজের মতোই হলো ব্যাপারটা। সামনে বিশ্বকাপও আছে। ফলে সেই অনুযায়ী কম্বিনেশন তৈরি করে ক্রিকেটারদের ঝালিয়ে দেখাও প্রয়োজন।’

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের আগে আইপিএলে খেলে এসেছেন জশ ইংলিস। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রানের বন্যা বয়ে গেছে। এমনকি ২৫০-এর বেশি রান করেও ম্যাচ হারের ঘটনা রয়েছে। আইপিএলের সঙ্গে অবশ্য মিরপুরের উইকেটের আকাশ-পাতাল তফাৎ দেখছেন ইংলিস। আজ অজি অধিনায়ক বলেন, ‘এখানের (মিরপুর) উইকেট ভারতের চেয়ে একেবারেই আলাদা। আইপিএলে টি-টোয়েন্টি খেলেছি। এখানে খেলব ওয়ানডে। মিরপুরে সাম্প্রতিক সময়ে যেসব ম্যাচ হয়েছে, সেগুলো বিশ্লেষণ করে দেখব আমরা।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১১ ও ১৪ জুন। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি।

ডিপিএলে তাহলে চ্যাম্পিয়ন হচ্ছে কারা

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

নির্বাচনের পরের দিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

‘ফুটবল বিশ্বকাপের সময়ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ খুব রোমাঞ্চ ছড়াবে’

মোসাদ্দেকের সঙ্গে নিজের পার্থক্য দেখালেন মিরাজ

এবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে আফগানিস্তান

ভারতের বিপক্ষে ভুলের মাশুল দিচ্ছে আফগানিস্তান

ইংল্যান্ডের কাছে বাজে হারের পর এখন বাংলাদেশের পাশে নিউজিল্যান্ড