শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে গতকাল দুবাইয়ে ইন্দোনেশিয়া বাজেভাবে হেরেছে। আরও স্পষ্ট করে বললে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। হ্যাটট্রিকে ক্যারিয়ারসেরা বোলিং করে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। তবু ব্রাজিল-আর্জেন্টিনার ক্রিকেটারদের চেয়ে একটা দিক থেকে পেছনেই পড়ে রইলেন লঙ্কান অধিনায়ক।
নি আরানি, সাং মায়পিরিয়ানি, দারা পারমিতা—১৯তম ওভারের প্রথম তিন বলে ইন্দোনেশিয়ার তিন ব্যাটারকে ফিরিয়ে ইনিংসে গুটিয়ে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিক পূর্ণ করেন আতাপাত্তু। ৩.৩ ওভারে ৫ রানে ৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যরিয়ারের সেরা বোলিং করলেন লঙ্কান অধিনায়ক। তবে নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সেরা বোলিং নয়। এ বছরের এপ্রিলে ব্রাজিলের লরা কার্দোসো ৪ রানে ৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন। গ্যাবোরোনের বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েন ওভাল টুতে তিনি এই কীর্তি গড়েছেন লেসোথোর বিপক্ষে। ব্রাজিলের নারী ক্রিকেটার এই ম্যাচে পূর্ণ করেন হ্যাটট্রিকও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ উইকেট নেওয়ার কীর্তি শুধু ব্রাজিলের কার্দোসোরই। তবে ৭ উইকেট নেওয়ার কীর্তি কেবল আতাপাত্তুর নয়। লঙ্কান অধিনায়কের সঙ্গে এই তালিকায় আছেন আরও পাঁচ বোলার। যাঁদের মধ্যে ৩ রানে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আর্জেন্টিনার আলিসন স্টকস ও নেদারল্যান্ডসের ফ্রেদেরিক ওভারদিজক। স্টকস ২০২২ সালে পেরুর বিপক্ষে করেছেন এই কীর্তি। আতাপাত্তু ৫ রান খরচ করায় একটু পিছিয়েই আছেন।
দুবাইয়ে গতকাল হ্যাটট্রিকের আগে আতাপাত্তুর শিকার ইন্দোনেশিয়ার আরও চার ব্যাটার। যাঁদের মধ্যে দুই ওপেনার মারিয়া কোরাজন, রহমাওয়াতি পাঙ্গেসতুতি উভয়কেই লঙ্কান অধিনায়ক বোল্ড করেছেন। ইন্দোনেশিয়ান অধিনায়ক নি পুতু আয়া নান্দা সাকারিনির উইকেটটা ছিল ক্যাচের। শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ ধরেছেন চামুদি প্রবোদা। আর নি কাদেক ফিতরিয়া রাধারাণীকে এলবিডব্লু করেন আতাপাত্তু।
আতাপাত্তুর সাত উইকেটের মধ্যে তিনটি করে বোল্ড ও এলবিডব্লু। একমাত্র ক্যাচের উইকেটটি পেয়েছেন শুধু ইন্দোনেশিয়ার অধিনায়ক সাকারিনির। কোন কৌশলে আতাপাত্তু এমন দুর্দান্ত বোলিং করেছেন—ম্যাচসেরা লঙ্কান অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘আমি শুধু উইকেট টু উইকেট বোলিং করেছি। আর কিছুই না।’
দুই ম্যাচের দুটি জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল এক রকম নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লঙ্কানদের নেট রানরেট +৪.১২৯। দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট +৩.৫৫। নিগার সুলতানা জ্যোতির দল ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৭১ রানে। বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ৬ সেপ্টেম্বর দুবাইয়ে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। তিন ও চারে থাকা ইন্দোনেশিয়া, আমিরাত এখনো পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।